সম্রাট আকিহিতোর সফল অস্ত্রোপচার
জাপানের সম্রাট আকিহিতোর হার্টের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। টোকিওর একটি হাসপাতালে আজ শনিবার এই অস্ত্রোপচার করতে পাঁচ ঘণ্টা সময় লেগেছে। রাজপরিবার সূত্রে এ খবর জানা গেছে।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ৭৮ বছর বয়সী জাপানের রাষ্ট্রপ্রধান আকিহিতো সম্রাজ্ঞী মিচিকোকে সঙ্গে নিয়ে গতকাল শুক্রবার অস্ত্রোপচারের জন্য টোকিও বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি হন।রাজপরিবারে বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় সম্রাটের অস্ত্রোপচার শুরু হয় এবং কোনো রকম সমস্যা ছাড়াই বিকেল সাড়ে তিনটার দিকে তা সফলভাবে শেষ হয়। আগামী দুই সপ্তাহ পর্যন্ত সম্রাটকে হাসপাতালে থাকতে হবে। তাঁর অনুপস্থিতিতে দাপ্তরিক কাজ করবেন সম্রাটের প্রথম ছেলে প্রিন্স নারুহিতো।রাজপরিবারের এক মুখপাত্র জানান, চলতি মাসের শুরুর দিকে চিকিত্সকেরা সম্রাটের দেহে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এর আগে ২০০৩ সালে মূত্রথলির ক্যানসারের (প্রোস্টেট ক্যানসার) জন্য সম্রাটের দেহে অস্ত্রোপচার করা হয়। তাঁর মানসিক চাপ কমাতে ২০০৯ সালে তাঁর দাপ্তরিক কাজও কমিয়ে আনা হয়।