এসআইসি, টিভিআই, ক্যানাল ‘প্লাস’, আরএআই, কোয়াত্রো, লা সেক্সটা—কত কত টিভি চ্যানেল! কোনোটা পর্তুগালের, কোনোটা ইতালির কিংবা স্পেনের। বৈচিত্র্যের মধ্যেও ওগুলোর মিলের জায়গা হলো, সবই ইউরোপের টিভি চ্যানেল। কোরিয়া কিংবা জাপানের ভেন্যু থেকে ভেন্যুতে গেলে অনেক সময়ই টিভি ক্যামেরার সামনে পড়তে হতো। সাংবাদিকের অবধারিত প্রশ্ন, কোরিয়া-জাপান বিশ্বকাপ নিয়ে আপনার মত কী?প্রশ্নের ধরনেই সম্ভাব্য উত্তরের পূর্বাভাস ছড়িয়ে থাকত। আপনার উত্তর হবে, কোরিয়া-জাপান বিশ্বকাপটা হচ্ছে নিকৃষ্ট মানের! আদতে কোরিয়া-জাপানের আয়োজন নিয়ে সমালোচনার জায়গা তেমন ছিল না। তবু বিশ্বকাপের আভিজাত্যবাদী ইউরোপীয়রা খড়ের গাদায় সুঁই খোঁজার মতো করেই খুঁত ধরতে চাইত। নিরাপত্তা, আতিথেয়তা, ব্যবস্থাপনা—এসব বিষয়ে এ+ নম্বর পেত কোরিয়া-জাপান। সাগর সেচে টিভি সাংবাদিকেরা তুলে আনতে পারতেন কেবল একটাই নেতিবাচক উত্তর—স্টেডিয়ামের গ্যালারিগুলো ভরছে না। এশিয়ার প্রথম বিশ্বকাপ আয়োজনকে বাঁকা চোখে দেখেছে ইউরোপ-আমেরিকা। দেখেছে রঙিন চশমা পরে। এ যেন তাদের আভিজাত্যবাদের ট্রেডমার্ক, বিশ্বকাপে অধিকারবোধের অহংকার।সে যা-ই হোক, ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপ এখন অতীত এবং ইতিহাস। মহাদেশীয় নীতি নিয়ে, কিংবা বলা যায়, বিশ্বায়নের স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ফিফা প্রথম যে বিশ্বকাপটা আয়োজনের ভার দিয়েছিল এশিয়াকে, এই এতদিন পরও দেখা যাচ্ছে, সেটি ছিল দারুণ সফল আয়োজন। কিন্তু এবার ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, মানে আফ্রিকার প্রথম বিশ্বকাপ কেমন হবে?ফিফা সব সময়ই সমর্থন জুগিয়ে যাচ্ছে। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার এবং মহাসচিব জেরোম ভালক বারবার বলে যাচ্ছেন, কোনো সংশয় নেই, দক্ষিণ আফ্রিকার আয়োজন গোটা ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দেবে। কিন্তু বিশ্বকাপের বাঁশি বেজে ওঠার মাত্র ২৫ দিন আগেও সংশয় এবং সন্দেহ পিছু ছাড়ছে না। স্টেডিয়াম সবচেয়ে প্রয়োজনীয় অবকাঠামো। সংশয়বাদীদের সব সংশয় উড়িয়ে দিয়ে মোট ১০টি স্টেডিয়াম—জোহানেসবার্গ (২টি) এবং কেপটাউন, ডারবান, প্রিটোরিয়া, রাস্টেনবার্গ, পোলকওয়েন, ব্লুমফন্টেইন, পোর্ট এলিজাবেথ ও নেলসপ্রুইট প্রস্তুত। কিন্তু অবকাঠামোই তো সব নয়। মানব ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব বিশ্বকাপ ফুটবল আয়োজনে পরিকাঠামো অর্থাৎ অন্যান্য সুবিধাগুলো বেশি জরুরি। বাসস্থান, যোগাযোগব্যবস্থা, মিডিয়ার জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং নিরাপত্তাব্যবস্থা সর্বোত্তম হওয়া চাই।এই নিরাপত্তা নিয়েই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় সমস্যা। যে দেশের দিনে ৫০ জন মানুষ খুনের রেকর্ড আছে, যে দেশে সূর্য ডুবলে গা ছমছম করে, যে দেশে দিনের বেলাতেও একা বেরোতে আপনি ভয় পাবেন, সে দেশে ফুটবলপিপাসুরা যেতে ভয় তো পাবেই।জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার, দেশের সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের সভাপতি উলি হোয়েনেস মাস দুয়েক আগে জানিয়ে দিয়েছেন, পিতৃদত্ত প্রাণটা বেঘোরে বিলিয়ে দিতে দক্ষিণ আফ্রিকা তিনি যাবেন না। একটা বিশ্বকাপ মাঠে বসে না দেখলে কী আর এমন আসবে-যাবে! টিভিতে বসেই খেলা দেখবেন।বাংলাদেশের ফুটবল নিয়ে আগ্রহ থাকলে ডিয়েগো আন্দ্রেজ ক্রুসিয়ানি নামটা আপনার জানা। আর্জেন্টিনার ম্যারাডোনা-ভক্ত মানুষটি কিছুদিন বাংলাদেশ ফুটবল দলের কোচ ছিলেন। তো প্রযুক্তির কল্যাণে ভদ্রলোকের সঙ্গে সম্পর্কটা এখনো টিকে আছে। ফেসবুকে তাঁর সঙ্গে কথা চালাচালি হয়। সেদিন জিজ্ঞেস করলাম, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যাচ্ছেন নাকি? পরিষ্কার জানিয়ে দিলেন, কোনো অবস্থাতেই নয়। আর্জেন্টিনায় বসেই ম্যারাডোনার জন্য, মেসির জন্য প্রার্থনা করবেন। ফুটবলই জীবন, আর্জেন্টিনার সাফল্যের জন্য সেই কবে থেকে প্রার্থনায় বসে গেছেন। এবার যখন আর্জেন্টিনার ভালো একটা সুযোগ আছে, সম্ভাব্য সাফল্যের ছবিগুলো মাঠে বসে দেখার সুযোগ কেন হাতছাড়া করবেন? ক্রুসিয়ানি উত্তর দিলেন, দক্ষিণ আফ্রিকার নিরাপত্তাব্যবস্থা ভালো নয়। মানুষের জীবন কোথাও কি নিরাপদ, কেউ কি জোর দিয়ে বলতে পারে এক মিনিট পর জীবনে কী ঘটবে! ক্রুসিয়ানি এই দর্শনেও টলছেন না। উলি হোয়েনেসের মতোই জানিয়ে দিলেন, জীবনটাকে উনি বড় ভালোবাসেন, অকালেই সেটি বিসর্জন দিতে চান না। দক্ষিণ আফ্রিকা কতটা ঝামেলাবোঝাই একটা দেশ, সেটির সমর্থনে নিজের অভিজ্ঞতাই তুলে ধরেছেন পরের ই-মেলে, ‘দুমাস আগে আমি ক্যামেরুনে গিয়েছিলাম ফুটবল নিয়ে কাজ করতে। ফেরার পথে ভাবলাম, দক্ষিণ আফ্রিকা ঘুরে যাই। কদিন বাদেই এখানে বিশ্বকাপ। গিয়ে দেখি, ট্যাক্সি ড্রাইভার আর বাসচালকদের মধ্যে মারামারি-রক্তারক্তি কাণ্ড। কোথাও বেরোব, উপায় নেই। হোটেল থেকে বারবার বলা হলো, আপনার নিরাপত্তা আপনার নিজের কাছেই। এর পরও বলবেন বিশ্বকাপ দেখতে দক্ষিণ আফ্রিকায় যাওয়া উচিত?’নিরাপত্তাই সবচেয়ে বড় ইস্যু। এ জন্যই যেখানে ৫ লাখ ফুটবল-পর্যটকের আশা করেছিল দক্ষিণ আফ্রিকা, সেখানে শেষমেশ পৌনে ৪ লাখ পর্যটক আসতে পারে বলে ধারণা। স্থানীয় বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডানের নৈমিত্তিক কাজ হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বকে আশার বাণী শুনিয়ে যাওয়া, ‘সব ঠিক হয়ে যাবে। সন্ত্রাসকে আমরা কিছুতেই জয়ী হতে দেব না। আমাদের ৪৪ হাজার সদস্যের বিশেষ পুলিশ বাহিনী প্রস্তুত। সন্ত্রাসের সব ছিদ্রপথ বন্ধ করে দেব।’ কিন্তু এই জর্ডানই আবার দুহাত তুলে প্রার্থনা করছেন, বারাক ওবামা যেন আগেভাগেই বিশ্বকাপ দেখতে চলে না আসেন। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশটির প্রেসিডেন্টকে সুরক্ষা দিতে গিয়ে তো তখন টান পড়বে সাধারণ নিরাপত্তাব্যবস্থায়।নিরাপত্তা নিয়ে লিখতে গেলে অন্য বিষয়গুলো অনালোচিত থেকে যাবে। সেগুলোও একটু ছুঁয়ে যাওয়া দরকার। যেমন, পরিবহন। সরকার চালু করেছে বিশেষ বাস পরিবহন, যাকে বলা হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি)। আর এতেই খেপেছে দক্ষিণ আফ্রিকার ট্যাক্সি ড্রাইভাররা, যারা এতটা কাল গোটা সড়ক পরিবহনকে নিজেদের মুঠোয় পুরে রেখেছিল। নিজেদের স্বার্থের ওপর আঘাত তারা সইবে কেন? তাই ধর্মঘটে যাচ্ছে তারা, মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে অনুপ্রাণিত রংধনু গণতন্ত্রের দেশে সহিংসতাও ঘটছে। শোনা যাচ্ছে, বিশ্বকাপের সময় এই ট্যাক্সি ড্রাইভারদের সংগঠন চোরাগুপ্তা হামলা চালাতে পারে, যদি না সরকার সমস্যার সমাধান করে। আমার মনে পড়ছে মিরকোর মুখখানা, যে ট্যাক্সি ড্রাইভার টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রতিবেদককে একজন নিকটাত্মীয়ের মতো করে হোটেল থেকে মাঠে নিয়ে গেছে, নিয়ে গেছে হোটেল থেকে অনুশীলন ভেন্যুতে। এই মিরকোর ওপরও তাহলে আস্থা রাখা যাবে না! এমনিতেই আল-কায়েদা হুমকি দিয়ে রেখেছে। তার ওপর পরিবহনব্যবস্থা থেকেও যদি জীবনের ওপর হুমকি আসে, মানুষ যাবে কোথায়?অথচ এই বিশ্বকাপ তো গোটা আফ্রিকার গর্ব। কত প্রতীক্ষার প্রহর পেরিয়ে মহাদেশের সবচেয়ে উন্নত দেশটি এটি পেয়েছে আয়োজনের অধিকার। ২০০৪ সালের ১৫ মে যখন সেপ ব্ল্যাটার ২০১০ বিশ্বকাপ আয়োজক দেশের নাম ঘোষণা করলেন, দক্ষিণ আফ্রিকার মানুষকে ভাসাল আনন্দের জলোচ্ছ্বাস। প্রার্থিতায় শেষ পর্যন্ত টিকেছিল তিনটি মাত্র দেশ—দক্ষিণ আফ্রিকা, মরেক্কো ও মিসর। ফিফা নির্বাহী কমিটির এক রাউন্ড ভোটাভুটিতে দক্ষিণ আফ্রিকা পেয়েছিল ১৪ ভোট, মরক্কো ১০। মিসর কোনো ভোট পায়নি। ঘোষণা শোনার পর প্রাথমিক আনন্দ ছিল দক্ষিণ আফ্রিকার। তারপর তা হয়ে গেল সারা আফ্রিকার। সে মরক্কোই হোক, হোক মিসর, ক্যামেরুন, আইভরিকোস্ট, নাইজেরিয়া, ঘানা, সেনেগাল, সোমালিয়া, মোজাম্বিক, জিম্বাবুয়ে, কেনিয়া, ইথিওপিয়া—সবার। বর্ণবাদের অভিশাপ থেকে মুক্ত দক্ষিণ আফ্রিকার, উপনিবেশবাদের অন্ধকার ফুঁড়ে আলো ফুটে ওঠা আফ্রিকার। মুক্তিকামী মানুষের চির অনুপ্রেরণার উৎস নেলসন ম্যান্ডেলা যখন জুরিখে ফিফার সদর দফতরে হাত রেখেছিলেন ৫ কেজি ওজনের সোনার ট্রফিটায়, তাঁর হাসি দেখেই বোঝা গিয়েছিল, বিশ্বকাপ ফুটবল দিয়ে তিনি যেন নতুন আলো ছড়িয়ে দিতে চান গোটা মহাদেশে। বিশ্বকাপ ফুটবল তো শুধু একটা ক্রীড়া উৎসব নয়। এটি জীবনের জয়গাথা, সভ্যতারও আলোকবর্তিকা।তাই বিশ্বাস, এখনো ২ লাখ টিকিট অবিক্রীত থেকে গেলেও বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ফুটবলানন্দে মেতে উঠতে মাঠমুখো জনস্রোত বইয়ে দেবে মানুষ। সেখানে শুধু দক্ষিণ আফ্রিকানরা থাকবে না, থাকবে গোটা আফ্রিকার কালো মানুষেরা। এতদিনের ছায়াবৃতা আফ্রিকার কালো ঘোমটার নিচে ঢাকা পড়ে থাকা মানবরূপটাকে দেখাতে হবে না পুরো বিশ্বের কাছে!কোরিয়া-জাপানে যেমন হয়েছিল, এখানেও সংশয়-সন্দেহের বীজ বাস্তবে উড়ে যাবে হাওয়ায়। আফ্রিকার প্রথম বিশ্বকাপ হবে একটা মাইলফলক। ১১ জুন শাকিরা যখন গাইবেন, ওয়াকা, ওয়াকা—সেই গানে ঐকতান তুলবে গোটা আফ্রিকা। সারা পৃথিবী গাইবে ওয়াকা, ওয়াকা অর্থাৎ এবার সময় আফ্রিকার। আমরা গাইব ওয়াকা, ওয়াকা। সারা পৃথিবী গাইবে ওয়াকা, ওয়াকা। একটা দেশ বিশ্বকাপ জেতে, কিন্তু বিশ্বকাপের ভাষাটা যে সর্বজনীন!