সময় এসেছে মেডিকেলে ভর্তির, কোচিং সেন্টারগুলো তৎপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজে ভর্তি করানোর প্রতিশ্রুতি দিয়ে দেশের বহু জায়গায় ব্যবসা করছে একাধিক কোচিং সেন্টার। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস ও ভুয়া প্রশ্নপত্র কেনাবেচার অভিযোগ আছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কোচিং সেন্টার নিয়ন্ত্রণের সুযোগ সীমিত।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত চারবার প্রশ্নপত্র ফাঁস ও ভুয়া প্রশ্নপত্র কেনাবেচার অভিযোগ ওঠে। গত সেপ্টেম্বরে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কোচিং সেন্টার ‘শুভেচ্ছা’র জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। অন্য তিনটি ঘটনায় ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নের মিল পায়নি কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অপেক্ষাকৃত খারাপ ফল করেছে, এমন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা ভর্তি পরীক্ষার আগেই প্রশ্নপত্র পেতে চায়। কোচিং সেন্টারগুলোও এই ছাত্রছাত্রীদের ভর্তির নিশ্চয়তা দিয়ে টাকা নেয়। দেখা গেছে, গড়ে ৫০ হাজার ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে জিপিএ-৫ পান। তবে দুই পরীক্ষায় জিপিএ-৮ পেলেই এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যায়। একটি পরীক্ষায় জিপিএ-৩ দশমিক ৫ পেয়েও পরীক্ষায় অংশ নেওয়া যায়। গত বছর সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোয় সাত হাজার ৫৬টি আসনের বিপরীতে পরীক্ষা দেন প্রায় ৪০ হাজার ছাত্রছাত্রী।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের কোনো মিল কখনোই পাওয়া যায়নি। প্রতারণার ভাষা: স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগ সূত্র বলছে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিবছর একটি মহল ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়। ‘কমন সাজেশন’, ‘টপ সিক্রেট সাজেশন’ অথবা যেকোনো উপায়ে ভর্তি করিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেয়।অধিদপ্তরের একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রাইমেট, রেটিনা, থ্রি ডক্টরস একাডেমি সন্দেহজনক প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে। শুভেচ্ছা কোচিং সেন্টারের সম্পৃক্ততা গত বছরই পাওয়া গেছে।ঢাকার ছয়টিসহ দেশের বিভিন্ন স্থানে রেটিনার ১৮টি শাখা। রেটিনার দাবি, ‘প্রতিটি ছাত্র/ছাত্রী, তার এসএসসি/এইচএসসি স্কোর যত কমই হোক না কেন, রেটিনার পরিচর্যায় হয়ে ওঠে ক্ষুরধার মস্তিষ্ক, অতি অল্প সময়ে সঠিক উত্তর বাছাইয়ে সর্বোচ্চ দক্ষ আর পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখার ব্যাপারে সবচেয়ে কুশলী ও ধৈর্যশীল।’ থ্রি ডক্টরস একাডেমির ছাত্রছাত্রীদের ‘ম্যাজিক নোট’ সরবরাহ করে। এসএসসি, এইচএসসিতে ফলাফল যা-ই হোক না কেন, তাতে কিছুই যায়-আসে না। ম্যাজিক নোট পেয়ে তারা ভালো ফল করবেই। ঢাকায় ছয়টিসহ ৩৯টি শাখা চালাচ্ছে প্রাইমেট কোচিং সেন্টার। এরা দাবি করেছে, ‘প্রতিবারের মতো এবারও যারা আমাদের কাছে পড়বে, তারা সবাই মেডিকেলে চান্স পাবে।’তবে তিনটি প্রতিষ্ঠানেরই দাবি, তারা ভুয়া প্রশ্নপত্র বেচাকেনা ও প্রশ্ন ফাঁসের সঙ্গে সম্পৃক্ত নয়।এই প্রতিষ্ঠানগুলো মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নিয়ে টানাহেঁচড়া করে। গত বছর জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকারী রাফসান হোসেনকে নিজেদের ছাত্র বলে দাবি করেছে রেটিনা ও প্রাইমেট। ষষ্ঠ স্থান অধিকারী মো. শরীফুল ইসলাম ও দশম স্থান অধিকারী পাপড়ি দাসকে রেটিনা, প্রাইমেট ও থ্রি ডক্টরস একাডেমি নিজেদের শিক্ষার্থীদের বলে দাবি করেছে। কীভাবে প্রতারণা চলে: গত বছরের ১৩ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের প্রেসে দেহ তল্লাশির সময় মো. শাহেনশাহ ঠাকুর নামের এক শ্রমিকের কাছ থেকে একটি প্রশ্নপত্রের কপি উদ্ধার করা হয়। পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বলেন, শাহেনশাহ ঠাকুর জবানবন্দিতে উল্লেখ করেন, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জন্য শুভেচ্ছা কোচিং সেন্টারের মালিক আবদুল মান্নানের কাছে ১৫ লাখ টাকা চেয়েছিলেন তিনি। গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিবছরই পরীক্ষার কয়েক দিন আগে আবদুল মান্নান বিদেশে যান।গত বছর ভর্তি পরীক্ষার আগে ভুয়া প্রশ্নপত্র কেনাবেচার সময় রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে র‌্যাব ৬৫ জনকে আটক করে। পরে র‌্যাব শেরেবাংলা নগর থানায় মামলা করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নূর আলম প্রথম আলোকে বলেন, কোচিং সেন্টারের কিছু শিক্ষকের সহযোগিতায় একদল প্রতারক কিছু ছাত্রছাত্রীকে খুঁজে বের করে এবং মোটা টাকার বিনিময়ে তাদের মেডিকেলে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।নূর আলম গত ২ ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটভুক্ত আসামিদের তালিকায় আছেন ছাত্রলীগের সাবেক নেতা মো. তারিকুল ইসলাম, এনবিআরের কর্মচারী মানস দেব, অগ্রণী ব্যাংকের কর্মচারী জুয়েল আহমেদ, গ্রামীণ ব্যাংকের কর্মচারী আশরাফুল আলম, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শহীদুজ্জামান শহীদ, দন্ত চিকিৎসক মঞ্জুর আলম ও ব্যবসায়ী জসীমউদ্দীন।ভুক্তভোগী একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মেডিকেল কলেজের কয়েকজন ছাত্রের সঙ্গে তাঁর পাঁচ লাখ টাকার চুক্তি হয়েছিল। পরীক্ষার আগের রাতে ছাত্ররা তাঁকে প্রশ্ন সরবরাহ করলেও মূল প্রশ্নের সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। ২০০৬ সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচ ছাত্র আদালতে মামলা করেন। ঠিক এক বছর পর আবারও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। স্বাস্থ্য মন্ত্রণালয় কোচিং সেন্টারগুলো বন্ধ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য চায়। ওই সময়ে বেশ কটি কোচিং সেন্টারের মালিক গা ঢাকা দেন। গত বছর প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার পাশাপাশি, ভুয়া প্রশ্নপত্র কেনাবেচার ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তর কোচিং সেন্টারগুলোয় গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধির অনুরোধ জানিয়ে র‌্যাবের মহাপরিচালক বরাবর চিঠি দেয়।