সময় ও ব্যয় বৃদ্ধির চক্রে রেলের ৩৬ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে নেওয়া পাঁচটি প্রকল্পের মেয়াদ আগামী ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তিন থেকে চার বছর আগে নেওয়া এসব প্রকল্পের কাজই শুরু হয়নি। ২০১২ সালের মধ্যে বাস্তবায়নের সময় নির্ধারণ করা আছে—এমন আরও তিনটি প্রকল্পেরও একই অবস্থা। রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং গাজীপুরের ধীরাশ্রমে নতুন একটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণ প্রকল্পের কাজ শুরু না করতেই মেয়াদ শেষ হয়ে গেছে। এখন প্রকল্পের সময় বাড়ানোর প্রক্রিয়া চলছে। সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে প্রকল্প-ব্যয়। এই বাড়তি অর্থ জোগাড় করতে করতে আবার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে প্রকল্পের। সময় আর ব্যয় বৃদ্ধির এই চক্রে ঘুরপাক খাচ্ছে রেলের প্রায় ৩৬টি প্রকল্প। বর্তমান সরকারের দুই বছরে নেওয়া হয়েছে ২০টি প্রকল্প। এর মধ্যে ১২টিরই কাজ শুরু হয়নি। আটটির কাজ শুরু হলেও একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে এগুলো। কাগজে-কলমে রেলওয়েতে চলমান প্রকল্প আছে ৩৬টি। এর মধ্যে বর্তমান সরকারের আমলে নেওয়া হয়েছে ২০টি। ১৬টি পুরোনো প্রকল্প। পুরোনো প্রকল্পের মধ্যে রেলওয়ের ইঞ্জিন-সংকট মেটানোর জন্য নেওয়া ৪৬টি ইঞ্জিন কেনার প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি। এক দশক আগে নেওয়া যমুনা সেতু-তারাকান্দি রেল-সংযোগ প্রকল্পেরও অনেক কাজ বাকি। অথচ এই দুটি প্রকল্প তিন বছরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল। বাস্তবায়নের এই দীর্ঘসূত্রতার কারণে রেলওয়ের প্রকল্পগুলোর ব্যয় বাড়ছে। ইঞ্জিন-বগি ও লাইন নির্মাণের মতো জরুরি প্রকল্প সময়মতো না হওয়ায় স্থবির হয়ে যাচ্ছে রেলওয়ে।নথিপত্রে দেখা যায়, ৩৬টি প্রকল্পের বাস্তবায়ন-ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। ব্যয়ের একটা বড় অংশ বৈদেশিক ঋণ থেকে পাওয়ার কথা। রেলওয়ে কর্মকর্তাদের দাবি, বিদেশি ঋণ ও উন্নয়ন-বাজেট দুটোই সময়মতো পাওয়া যায় না বলে প্রকল্প বাস্তবায়নে দেরি হয়। আবার কেনাকাটায় মন্ত্রণালয়সহ বিভিন্ন পক্ষের অযাচিত হস্তক্ষেপও যথাসময়ে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বড় বাধা। এর সঙ্গে আছে রেলওয়ে কর্মকর্তাদের অদক্ষতা ও দুর্নীতি। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রতিবছরই সরকারের নিরীক্ষায় কেনাকাটার ক্ষেত্রে নানা অনিয়মের বিষয় আসে। রেলওয়ের তদন্তেও অনেকের দুর্নীতি এসেছে কিন্তু শাস্তি হয় না। রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী প্রথম আলোকে বলেন, তারাকান্দি প্রকল্পে জমি অধিগ্রহণসংক্রান্ত সমস্যার কারণে দেরি হয়েছে। অন্য প্রকল্পগুলো দেরি হচ্ছে তহবিল সময়মতো না পাওয়ায়। অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়ে তিনি বলেন, তদন্তে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হয়। তিন বছরের প্রকল্প ১৪ বছরে আংশিক বাস্তবায়ন: সংকট নিরসনে ৫৫৬ কোটি টাকায় ৪৯টি ইঞ্জিন কেনার প্রকল্প নেওয়া হয় ১৯৯৬ সালে। তিন বছরের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ১৪ বছরে ৩৭টি ইঞ্জিন কেনা হয়েছে। সময়মতো শেষ করতে না পারায় দুইবার সংশোধন করে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ৯৩৫ কোটি টাকা করতে হয়েছে। ব্যয় বেড়েছে ৩৭৯ কোটি টাকা। ব্যয় বাড়লে সে টাকা জোগাড় করতে গিয়ে আবার সময় বাড়াতে হয় প্রকল্পের। ফলে আবার ব্যয় বাড়ে। বস্তুত এই চক্রেই এখন পড়ে গেছে রেলওয়ে। যেমন এখন এই প্রকল্পটির বাকি অংশ বাস্তবায়নের সময় ধরা হয়েছে ২০১২ সালের জুন। রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে রেলওয়েতে ইঞ্জিন রয়েছে ২৮৬টি। অধিকাংশ ইঞ্জিনের বয়স ৩১ থেকে ৪১ বছর। ২০ বছরের নিচে ইঞ্জিন আছে মাত্র ৬৩টি। সব ইঞ্জিনের মধ্যে ৪০টি স্থায়ীভাবে অকেজো।চলাচলের উপযোগী ২৪৬টি ইঞ্জিনের মধ্যে গড়ে অন্তত ৭৫টি মেরামতের জন্য কারখানায় থাকে। অর্থাৎ সব সময় ব্যবহারের জন্য পাওয়া যায় গড়ে ১৭০টি। এর মধ্যে অন্তত ৩০-৩৫টি ইঞ্জিন ব্যবহার হয় দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার ও উন্নয়নকাজে। ইঞ্জিনের সংকটের কারণে অর্ধেক ট্রেনই সময়মতো স্টেশন ছাড়তে পারে না। আর এর কুফল ভোগ করতে হয় জনগণকে। নতুন রেললাইন: তারাকান্দি থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শুরু হয়েছিল ১৯৯৯ সালে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানার সার সহজে উত্তরবঙ্গে পৌঁছে দেওয়া ও বৃহত্তর ময়মনসিংহের সঙ্গে উত্তরবঙ্গের রেল-যোগাযোগ সহজ করার লক্ষ্যে এ প্রকল্প নিয়েছিল তৎকালীলন আওয়ামী লীগ সরকার। দুই বছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু এক দশকেও প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। দুই দফায় সময় ও ব্যয় বাড়ানোর পর চলতি ডিসেম্বরে লাইনটি চালু করার কথা ছিল। কিন্তু তাও এখন সম্ভব হচ্ছে না। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৫২ কোটি টাকা। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ না হওয়ায় ব্যয় দাঁড়িয়েছে ২১৬ কোটি টাকায়। এই প্রকল্পে পাথর ও স্লিপার কেনায় দুর্নীতির প্রমাণ পায় যোগাযোগ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলেও জোরালো কোনো ব্যবস্থা নেয়নি রেলওয়ে। টঙ্গী-ভৈরববাজার: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত নতুন আরেকটি রেললাইন নির্মাণের প্রকল্প নেওয়া হয় ২০০৬ সালের জুলাই মাসে। ২০১১ সালের জুনে নির্মাণ শেষ হওয়ার কথা। কিন্তু এখনো প্রকল্প বাস্তবায়নের জন্য ঠিকাদারই নিয়োগ করতে পারেনি রেলওয়ে। একবার দরপত্র আহ্বান করে তিনটি চীনা প্রতিষ্ঠান নির্বাচনও করেছিল রেলওয়ে। কিন্তু এডিবি তদন্ত করে জানতে পারে, চীনা কোম্পানিগুলো পরস্পর যোগসাজশে দরপত্র জমা দিয়েছে এবং অন্য দেশের কোনো প্রতিষ্ঠান এতে অংশ নেয়নি। এরপর দরপত্র বাতিল করার পরামর্শ দেয় এডিবি। রেলওয়ে সূত্র জানায়, কাজ শেষ তো দূরের কথা নতুন দরপত্র হলে ২০১১ সালের মাঝামাঝিতে প্রকল্পের কাজ শুরু হতে পারে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭২৪ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প-সহায়তা রয়েছে ৫২৪ কোটি টাকা। বাকিটা সরকারের রাজস্ব খাত থেকে ব্যয় করার কথা। সময়মতো কাজ শুরু না হওয়ায় এখন প্রকল্পের ব্যয় ২০০ থেকে ৩০০ কোটি টাকা বেড়ে যাবে বলে সূত্র জানায়।জানা গেছে, টঙ্গী-ভৈরবাজার পথে বর্তমানে একটি রেললাইন আছে। এই পথে দৈনিক গড়ে ৫০টিরও বেশি ট্রেন চলাচল করে। লাইন একটি থাকায় নিকটবর্তী স্টেশনে পথে একটি ট্রেনকে দাঁড় করিয়ে অন্য ট্রেনকে চলার ব্যবস্থা করে দিতে হয়। ফলে ট্রেন সময়মতো পৌঁছাতে পারে না। নতুন লাইনটি হলে এই সমস্যা কমত। লাকসাম-চিনকিআস্তানা: এই রুটে নতুন একটি রেললাইন তৈরির লক্ষ্যে ২০০৭ সালে এক হাজার ১৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। ২০১৩ সালে প্রকল্প শেষ হওয়ার কথা। তিন বছর শেষে এখন নকশা প্রণয়নের পর দরপত্র মূল্যায়ন-প্রক্রিয়া চলছে। কিন্তু অর্থ পাওয়া যায়নি। জাপানি সংস্থা জাইকা বলছে, রেলওয়ের সংস্কার প্রকল্প বাস্তবায়ন না হলে এই অর্থ ছাড় করা হবে না। রেলওয়ে সূত্র জানায়, প্রকল্প শুরু হতে দেরি হওয়ার কারণে ব্যয়ও বেড়ে যাবে। এই প্রকল্পের অধীনে কিছু ইঞ্জিন কেনা, পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের উন্নয়নেরও কথা রয়েছে।রেলওয়ের সংস্কার প্রকল্প: এই প্রকল্পটি নেওয়া হয়েছিল ২০০৬ সালে, শেষ হওয়ার কথা ২০১১ সালের জুনে। যোগাযোগ মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের টানা-হেঁচড়ায় পড়ে প্রকল্পটির অর্ধেকও শেষ হয়নি। ফলে এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক ও জাইকা রেলওয়ের উন্নয়নে প্রতিশ্রুতি দেওয়া প্রায় পাঁচ হাজার কোটি টাকা ছাড় করেনি। জয়দেবপুর-ময়মনসিংহের মধ্যে ১৩টি রেলস্টেশনের সিগনাল-ব্যবস্থা আধুনিক করার প্রকল্প নেওয়া হয়েছিল ২০০৪ সালে। কাজ শুরু না হওয়ায় গত বছর প্রকল্পের মেয়াদ ২০১৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমান সরকারের প্রকল্প: বর্তমান সরকারের আমলে নেওয়া ২০টি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো রেলওয়ের উন্নয়নে ইঞ্জিন-কোচ সংগ্রহ, নতুন রেললাইন নির্মাণ, পুরোনো রেললাইন মেরামত, সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ আধুনিকীকরণ, সিগনাল ব্যবস্থার উন্নয়ন রয়েছে। তবে এর মধ্যে মাত্র ছয়টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ে মালামাল বহনকারী ওয়াগনের ওজন পরিমাপ যন্ত্র স্থাপন প্রকল্পটি শেষ পর্যায়ে। ময়মনসিংহ-জামালপুর-দেওয়ানবাজার পথে রেললাইন মেরামতেরও কাজ শুরু হয়েছে। সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ আধুনিকীকরণের কাজ প্রাথমিক পর্যায়ে। সৈয়দপুর-চিলাহাটি রেললাইনের পুনর্বাসন কাজও কেবল শুরু হয়েছে। কিন্তু ২৬০টি যাত্রীবাহী বগির সংস্কার ও ১৫০ বগির ক্রয়ের যে প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো এখনো কাগজে-কলমেই পড়ে আছে। বেশ কিছু ফ্লাট ওয়াগন ও ১০টি ইঞ্জিন কেনার প্রকল্পও দরপত্র তৈরির মধ্যেই সীমাবদ্ধ আছে। তবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন দাবি করেছেন, এ সরকারের আমলে প্রকল্প দ্রুতগতিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সময়মতো অর্থ ছাড় না করায় বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া অনেক প্রকল্প দেরি হয়েছে বলে তিনি দাবি করেন।