‘মজার একটা নাটকে কাজ করছি। সংলাপগুলো দারুণ। পুরো গল্প নারীদের নিয়ে। কিন্তু ঘটনাগুলো ঘটাচ্ছে পুরুষেরা। সমাজে নারীদের অবস্থান চমৎকার করে তুলে ধরা হয়েছে। একটি গল্পের মধ্য দিয়ে পুরো দেশের চিত্র তুলে ধরা হয়েছে।’ বললেন স্বাগতা। তিনি অভিনয় করছেন ছায়া নারী কায়া নারী ধারাবাহিক নাটকে। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করছেন রুলীন রহমান। কথা হলো স্বাগতার সঙ্গে।‘ছায়া নারী কায়া নারী’তে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।দুঃখের কোনো গল্প হলে শুটিংয়েও প্রায় পুরোটা সময়ই দুঃখী-দুঃখী ভাব করে থাকতে হয়। কিন্তু এখানে পুরো উল্টো। পুরো সময়টা কেটে যায় আনন্দে। একটা মজার ঘটনা বলি, এ ধারাবাহিকে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ। তাঁর আবার একটা চোখ ছোট। প্রতিদিন তা নিয়ে মেকআপ রুমে যা ঘটে, তা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার উপক্রম হয়।আজ দেশ টিভিতে ‘সাতকাহন’ ধারাবাহিকটিও দেখানো হবে।এ নাটকে আমি ছেলেদের দেখলেই তাদের নানাভাবে বিরক্ত করি। অন্য রকম একটি মেয়ে। এ জন্য আমাকে মায়ের হাতে অনেক মার খেতে হয়েছে। আর পিটুনির দৃশ্যগুলো বাস্তব করার জন্য সত্যি সত্যি আমার ওপর দিয়ে অনেক ধকল গেছে। এখনো গায়ে সেই পিটুনির দাগগুলো লেগে আছে।আপনাদের ব্যান্ডের কী খবর?আমাদের ব্যান্ডের নাম মহাকাল। ব্যান্ডটির বয়স আট বছর। গত কোরবানির ঈদে আমাদের প্রথম অ্যালবাম বাজারে আসে। নাম মহাকাল। এ ছাড়া দুটি মিশ্র অ্যালবামেও গান গেয়েছি। এ ব্যান্ডের সদস্যরা হলো: সন্ধি, রিয়াদ, রাতুল, তূর্য এবং আমি। মহাকালে আমি কণ্ঠশিল্পী। এখন বিভিন্ন স্টেজ শো নিয়মিত করছি। এনটিভিতে তো ‘দক্ষিণায়নে দিন’ ধারাবাহিকটি শুরু হলো।এ ধারাবাহিকে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরীদি। তাঁর সঙ্গে আমার কোনো দৃশ্য ছিল না। কিন্তু শুটিংয়ের সময় কাছ থেকে তাঁর অভিনয় দেখেছি। এটা আমার জন্য বড় অভিজ্ঞতা হয়ে রইল।