সময় চাইলেন মন্ত্রী, আন্দোলন স্থগিত করলেন শিক্ষকেরা
তিন মাসের জন্য আন্দোলন ও আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। শিক্ষকদের দাবি পূরণের ব্যাপারে সিদ্ধান্ত জানানোর জন্য তিন মাস সময় চেয়েছেন মন্ত্রী। এ সময় পর্যন্ত শিক্ষকেরা আন্দোলন স্থগিত করেছেন।আজ শুক্রবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকের পর শিক্ষকেরা আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। রাজধানীর মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।ঐক্যজোটের সভাপতি এশারত আলী প্রথম আলো ডটকমকে বলেন, শিক্ষামন্ত্রী তাঁদের সরকারের অর্থসংকট রয়েছে বলে জানিয়েছেন। কীভাবে এই অর্থসংকট কাটিয়ে শিক্ষকদের দাবি পূরণ করা যায়, সে জন্য চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন মন্ত্রী। এ সময় পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করার জন্য মন্ত্রী শিক্ষকদের প্রতি আহ্বান জানান। মন্ত্রীর আহ্বানে শিক্ষকেরা সাড়া দিয়েছেন বলে জানান ঐক্যজোটের সভাপতি এশারত আলী। তিনি আরও জানান, তিন মাস পরে শিক্ষামন্ত্রী আবার শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন। ঐক্যজোটের সভাপতি এশারত আলী বলেন, ‘আমরা আশা করব, শিক্ষামন্ত্রী তিন মাসের মধ্যে দাবি পূরণে সফল হবেন। মন্ত্রীর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কর্মসূচি স্থগিত করেছি।’স্বীকৃতপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (বেতনবাবদ মাসিক সরকারি টাকা) করাসহ চার দফা দাবিতে গত ৭ জানুয়ারি থেকে রাজধানীতে লাগাতার আন্দোলন ও আমরণ অনশন কর্মসূচি চালিয়ে আসছেন নন-এমপিও শিক্ষকেরা। প্রথম দিন থেকেই তাঁদের কর্মসূচিতে পুলিশ বারবার বাধা দিয়েছে। কর্মসূচি চলাকালে প্রায় প্রতিদিনই পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ হয়। শিক্ষকদের ওপর কাঁদানে গ্যাস ও পেপার স্প্রেও ছোড়ে পুলিশ। গত মঙ্গলবার আন্দোলন শেষে বাড়ি ফেরার পরে মারা যান একজন শিক্ষক।