সরকারকে সময় থাকতে সরে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় খালেদা জিয়া এ আহ্বান জানান। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আর ব্যর্থতার পাল্লা ভারী করবেন না। সময় থাকতে সরে পড়ুন। তাহলে কিছুটা রক্ষা পাবেন। ব্যর্থতার পাল্লা আরও ভারী হলে জণগণ আপনাদের ছাড়বে না। আপনাদের প্রভুরাও রক্ষা করতে পারবেন না। কেননা, প্রভুরা ঘুরে সেদিকেই যান, জনগণ যাঁদের পক্ষে থাকেন।’বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, সরকার দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। সীমান্ত খুলে দিয়েছে, ওপার থেকে অবাধে ফেনসিডিল দেশে আসছে। বিদেশি পণ্য ও ফেনসিডিল বিক্রি করতে সীমান্তে বাজার বসাচ্ছে। বিডিআর ও সেনাবাহিনীকে দুর্বল করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।খালেদা জিয়া বলেন, এই সরকার ব্যর্থ ও অযোগ্য। এদের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। তিনি বলেন, সরকার বিরোধী দলকে ভয় পায়। এ জন্য মামলা দিয়ে আটকে রাখার চেষ্টা করছে। এখন যাঁরা বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা করছেন; তাঁদের অপকর্মের তালিকা বিএনপি রাখছে। এ দেশে বিএনপি আবারও সরকার গঠন করবে। তখন এঁদের কেউ ছাড়া পাবেন না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন। আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ।ফখরুলের বাসায় সভা করতে পুলিশের নিষেধ: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় কোনো ধরনের সভা করতে নিষেধ করেছে পুলিশ। গতকাল দুপুরে সাদা পোশাকধারী পুলিশ তাঁর বাসায় গিয়ে এ কথা বলে আসে।মির্জা ফখরুল প্রথম আলোকে জানান, দুপুরে সাদা পোশাকধারী পুলিশের দুজন সদস্য উত্তরার ৪ নম্বর সেক্টরে তাঁর বাসায় যান। এ সময় পুলিশের আরও কয়েকজন সদস্য তাঁর বাসার নিচে অবস্থান করছিলেন। তিনি বাসায় না থাকায় পুলিশের সদস্যরা তাঁর মেয়ের কাছে জানতে চান বাসায় কোনো সভা হয়েছিল কি না। কোনো সভা যেন না হয়, তাও বলে এসেছেন তাঁরা।মির্জা ফখরুল বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার পরও কেন পুলিশ এল তা বুঝতে পারছি না।’এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিসারুল আরিফ জানান, গতকাল উত্তরা থানায় খবর আসে যে মির্জা ফখরুল ইসলাম তাঁর বাসায় জামায়াত ও জঙ্গিদের নিয়ে সভা করছেন। তাই উত্তরা থানার পুলিশ সেখানে যায় এবং জানতে পারে যে ওই বাসায় তিনি কিছু কর্মী নিয়ে সকালে নাশতা করে বের হয়ে গেছেন। এরপর পুলিশ ফিরে আসে।