সময় থাকতে সরে পড়ুন : খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আর ব্যর্থতার পাল্লা ভারী করবেন না। সময় থাকতে সরে পড়ুন। তাহলে কিছুটা রক্ষা পাবেন। ব্যর্থতার পাল্লা আরও ভারী হলে জণগণ আপনাদের ছাড়বে না। আপনাদের প্রভুরা আপনাদের রক্ষা করতে পারবে না। কেননা প্রভুরা ঘুরে সেদিকেই যান, জনগণ যাদের পক্ষে থাকেন।’ যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়া এসব কথা বলেন।ঢাকা মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান প্রমুখ বক্তব্য দেন। বিরোধী দলের নেতা অভিযোগ করে বলেন, ‘সরকার দেশকে তাঁবেদার রাষ্ট্রে এবং অন্য রাষ্ট্রের প্রদেশে পরিণত করার ষড়যন্ত্র করছে। এখন আপনারা যাঁরা বিরোধী দলের ওপর অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা করছেন তাঁদের অপকর্মের তালিকা আমরা রাখছি। এ দেশে বিএনপিই আবারও সরকার গঠন করবে। তখন এঁদের কেউ ছাড়া পাবেন না।’