সময় ধরে চলছে ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়সূচি মেনে ট্রেন চলার ক্ষেত্রে লক্ষণীয় উন্নতি হয়েছে। চলতি মার্চ মাসে ৭২ দশমিক ৬৭ শতাংশ ট্রেন সময় মেনে চলেছে। গত ফেব্রুয়ারিতে এর হার ছিল ৬৯ শতাংশ। অর্থাৎ, সময় মেনে ট্রেন চলার ক্ষেত্রে এক মাসে উন্নতি হয়েছে পৌনে ৪ শতাংশ।এই হিসাব আন্তনগর, মেইল ও লোকাল—সব ট্রেন মিলিয়ে। সময় মেনে চলাচলে বেশি উন্নতি হয়েছে আন্তনগর ট্রেনগুলোর। রেলওয়ের দৈনন্দিন ট্রেন পরিচালনাসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে রেলের পূর্বাঞ্চলে ৭৫ শতাংশ এবং পশ্চিমাঞ্চলে ৯১ শতাংশ আন্তনগর ট্রেন সময় মেনে চলেছে। ফেব্রুয়ারিতে পূর্বাঞ্চলে ৬৭ শতাংশ এবং পশ্চিমাঞ্চলে ৮৪ শতাংশ আন্তনগর ট্রেন সময় মেনে চলে।ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এলাকা রেলের পূর্বাঞ্চলের অন্তর্ভুক্ত। পশ্চিমাঞ্চলে পড়েছে রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, পাকশী, রংপুর ও খুলনা। এই দুই অঞ্চলে আন্তনগর, মেইল ও লোকাল মিলিয়ে ২৯৬টি ট্রেন চলে।রেলওয়ের কর্মকর্তারা বলেছেন, আগে ঢাকা-দিনাজপুর পথের দ্রুতযান ও একতা, ঢাকা-লালমনিরহাট পথের লালমনিরহাট এক্সপ্রেস এবং ঢাকা-নীলফামারী পথের নীলসাগর এক্সপ্রেস ট্রেন সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ সাত ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়ত বা গন্তব্যে পৌঁছাত। বর্তমানে এই বিলম্ব কমেছে।প্রাপ্ত হিসাবে দেখা গেছে, গত বুধবার বেলা তিনটা থেকে বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যাওয়া ২৩টি ট্রেনের মধ্যে লালমনিরহাট এক্সপ্রেস ছাড়া ২২টিই মোটামুটি সময় মেনে চলেছে।আন্তনগর ট্রেন ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জে ২৬টি, চট্টগ্রামে ১৪টি লোকাল ট্রেন এবং ঢাকা-জয়দেবপুরে আটটি কমিউটার ট্রেন বর্তমানে সূচি মেনে চলছে। সূচি মেনে চলছে চট্টগ্রাম-চাঁদপুরের মেঘনা ট্রেন।‘ট্রেনের সময়সূচি ঠিক থাকছে না’ শিরোনামে ৭ মার্চ প্রথম আলোয় একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। রেলের কর্মকর্তারা জানান, এর পর থেকে সময় মেনে ট্রেন চালানোর লক্ষ্যে একাধিক সভা, ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন এবং সব সময় বিলম্ব করা ট্রেনগুলোর জন্য বিকল্প ইঞ্জিন-কোচের ব্যবস্থা করা হয়। ১ এপ্রিল থেকে নতুন সময়সূচিতে ট্রেন চলবে।