সময় নষ্ট না করে আসুন ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করি: মুহাম্মদ ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশে অনেক সমস্যা আছে। লড়াই করে সময় নষ্ট না করে আসুন ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করি। দেশকে এগিয়ে নিয়ে যাই।’আজ রোববার গ্রামীণ ব্যাংক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুহাম্মদ ইউনূস এ মন্তব্য করেন। নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রের ভিত্তিতে তাঁকে নিয়ে দেশের গণমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সে ব্যাপারে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।কয়েক দিন ধরে দেশের প্রচারমাধ্যমের একটি উল্লেখযোগ্য অংশে ইউনূসকে নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে মুহাম্মদ ইউনূস অত্যন্ত দুঃখ পেয়েছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যে বিষয়টি ওইসব সংবাদে এসেছে, তার নিষ্পত্তি হয়েছে ১৯৯৮ সালেই। নোরাডের দেওয়া তহবিল গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে হস্তান্তরে আর্থিক শৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের কাজটি সুন্দরভাবে বাস্তবায়ন করতে তহবিল হস্তান্তর করা হয়েছিল। এটি গ্রামীণ ব্যাংকের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছিল, যা বাংলাদেশ ব্যাংকও জানে। তহবিল হস্তান্তরের ফলে সর্বোচ্চ সদ্ব্যবহারের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে কি না, এমন এক সম্পূরক প্রশ্নের উত্তরে ইউনূস বলেন, ‘সাহায্যের টাকা কীভাবে সদ্ব্যবহার করা যায়, তা করতে ওই ব্যবস্থা নেওয়া হয়েছিল। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমার কাজ হচ্ছে প্রতিষ্ঠানের লাভের স্বার্থে খরচ কমিয়ে আয় বাড়ানো। সেই সঙ্গে সরকারের কাছ থেকে যে সুবিধা পাওয়ার কথা, তার সদ্ব্যবহারের বিষয়টিও দেখতে হয়। বিষয়টি নিয়ে যখন নোরাড আপত্তি তোলে, তখন তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কোনো ধরনের বিতর্কে না গিয়ে বিষয়টির নিষ্পত্তি করা হয়।’ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মনে করেন, দেশের গণমাধ্যমে যেভাবে সংবাদটি এসেছে, তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, যা কারও কাঙ্ক্ষিত ছিল না। এ ব্যাপারে কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন কি না, জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমি তো শুরুতেই (সংবাদ সম্মেলনের) বলেছি, আপনাদের সহযোগিতা চাইছি। লড়াই নয়। দেশে কত সমস্যা আছে। লড়াই করে আমরা কত সময় নষ্ট করে ফেলছি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’