সময় নামঞ্জুর, ২৭ আসামির সবাই কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলার ২৭ আসামির সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার তাঁরা আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এত দিন আসামিরা হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিনে ছিলেন।নাটোর আদালত পুলিশ সূত্রে জানা যায়, সানাউল্লাহ নূর হত্যা মামলার প্রধান আসামি বনপাড়া পৌরসভার মেয়র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জাকির হোসেনসহ ২৭ আসামি গতকাল দুপুরে বড়াইগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের আদালতে হাজির হন। আসামিদের মধ্যে মেয়র কে এম জাকির হোসেন, মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লা, বনপাড়া ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, ছাত্রলীগের নেতা মোয়াজ্জেম হোসেন, রেজাউল করিম, হাশেম, গৌতম, মালেক, হাবিব, বাবু, সৈকত ওরফে তরিকুল, বাবলু, আশরাফুল, হাশেম আলী, মাহবুব ও সেলিম হোসেনের পক্ষে নিযুক্ত আইনজীবী সময়ের আবেদন করেন।আইনজীবী আরিফুর রহমান আদালতে বলেন, এই আসামিরা হাইকোর্টে আত্মসমর্পণ করে বিভিন্ন মেয়াদে আগাম জামিন নিয়েছিলেন। তাঁদের জামিনের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই পুনরায় হাইকোর্ট থেকে জামিনের মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে। এ জন্য সময় প্রয়োজন।আইনজীবী অপর এক আবেদনে বাকি ১১ আসামির জন্য সময় চেয়ে আদালতকে জানান, তাঁরা নিম্ন আদালতে হাজির ও গ্রেপ্তার হয়ে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে রয়েছেন। হাইকোর্টে তাঁদের স্থায়ী জামিনের চেষ্টা চলছে।শুনানির একপর্যায়ে দুপুর সাড়ে ১২টায় আদালত সব আসামিকে আদালতের হেফাজতে রাখার নির্দেশ দেন এবং নথি পর্যালোচনা করে পরে আদেশ দেওয়া হবে বলে জানান। এ সময় তিনজন বাদে বাকি সব আসামিকে হাতকড়া পরিয়ে আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেল সাড়ে পাঁচটায় আদালত আসামিপক্ষের দুটি আবেদন নামঞ্জুর করেন এবং ২৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পরপরই আসামিদের অতিরিক্ত পুলিশ পাহারায় নাটোর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী আরিফুর রহমান বলেন, ‘আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।’গত বছরের ৮ অক্টোবর সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরে সানাউল্লাহ নূরকে দুর্বৃত্তরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জাকির হোসেনসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটির তদন্ত গতকাল পর্যন্ত শেষ হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আহম্মদ আলী মামলাটির তদন্ত করছেন।বাদীপক্ষের নীরবতা: চাঞ্চল্যকর এই মামলায় গতকাল দুপুরে যখন আসামিপক্ষ থেকে সময় নেওয়ার জন্য তাদের আইনজীবীরা চেষ্টা করছিলেন, তখন বাদীপক্ষে সরকারের নিযুক্ত পুলিশের উপপরিদর্শক এস এম জামান নীরব ছিলেন। এমনকি মামলার এজাহারকারী নিহত সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর বা তাঁর কোনো আইনজীবীকেও আদালতে দেখা যায়নি। এ প্রসঙ্গে মহুয়া নূর বলেন, ‘আমি ও আমার সন্তানেরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। এ ছাড়া ব্যক্তিগত আইনজীবী নিয়োগ দেওয়ার মতো আর্থিক সচ্ছলতাও নেই। তবে সরকারের নিযুক্ত ব্যক্তিদের ওপর ভরসা করে ছিলাম। কিন্তু তাঁদের নীরবতা আমাকে হতাশ করেছে।’এ প্রসঙ্গে আদালত পুলিশের উপপরিদর্শক এস এম জামান বলেন, ‘আদালত আমার কাছে শুনতে চাননি, তাই কিছু বলা হয়নি।’