দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে বিশিষ্ট ব্যক্তি কিংবা তারকার অবসরের আড্ডার অনুষ্ঠান হঠাৎ একদিন। এটি পরিকল্পনা করেছেন শ্রিয়া সর্বজয়া এবং পরিচালনা করেছেন যুবরাজ খান। অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি অভিনেত্রী শমী কায়সার। আজ তাঁর সঙ্গে কথোপকথন। ‘হঠাৎ একদিন’ অনুষ্ঠানটিতে আজ কী থাকছে?অনুষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা যখন আমাকে প্রস্তাব করেন, তখন তাঁরা বলেছিলেন, আমার ভাবনার জায়গা থেকে যেখানে ফিরে যেতে চাই, সেখানেই নেওয়া হবে আমাকে। আঙ্গিকটি পছন্দ হওয়ায় রাজি হলাম। কারণ, মাঝে মাঝে কয়েকজন প্রিয় মানুষকে দেখার খুব ইচ্ছে হতো। এ রকম দুজনের কথা তখন আমার মনে হয়েছিল। একজন আমার গানের শিক্ষক গোপাল চন্দ্র দে—যাঁর কাছে আমার মা, আমি, আমার খালাতো বোন সুমনা হকসহ অনেকেই গান শিখেছিলাম। অন্যজন আমার ছবি আঁকার শিক্ষক বাবুল ভাই। দেশ টিভি থেকে দুজনকেই খোঁজ করা হয়। প্রথমজন মারা গেছেন। আর দ্বিতীয়জনকে খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমার মার্কেটিং বিভাগের শিক্ষক, পুরোনো সহপাঠীদের নিয়েই হঠাৎ একদিন পর্বটি ধারণ করা হয়। অনেক দিন ছোট পর্দা থেকে দূরে সরে আছেন। কোনো কারণ আছে?‘দূরে’ ঠিক বলা যায় না। বলতে পারেন, ছোট পর্দায় অভিনয় করছি না। ব্যস, এটুকুই। কারণ, আমার প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি থেকে ধারাবাহিকভাবে নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মিত হচ্ছে। অভিনয় করার ইচ্ছে আছে। কিন্তু অফিসের কাজে এত ব্যস্ত থাকি যে সময় করতে পারছি না। সময় পেলেই অভিনয় করব। আমার মায়েরও দুঃখ—আমি কেন অভিনয় করছি না। অভিনেত্রী শমীকে ইদানীং উপস্থাপনা করতে দেখা যাচ্ছে। উপস্থাপনার বিষয়টি আমি বেশ উপভোগ করি। অনুরোধে দু-একটা অনুষ্ঠান উপস্থাপনা করছি বটে, তবে অনুরোধে আর উপস্থাপনা করব না। অবশ্য বিটিভিতে এখন প্রতি সপ্তাহে প্রচারিত অহংকারের বাংলাদেশ অনুষ্ঠানটি উপস্থাপনা করছি, অনেকটা দায়িত্বের জায়গা থেকেই; অনুরোধে বা উপরোধে নয়। আপনার সতীর্থদের প্রায় সবাই নিয়মিত নাটক পরিচালনা করছেন। আপনি কিছু ভেবেছেন?আমিও পরিচালনা করেছি। তবে কম। ২০০৩ সালে এনটিভিতে প্রচারিত হয়েছিল আমার নির্দেশনায় টেলিছবি তোমায় দিলাম পৃথিবী। নাটকে হুমায়ুন ফরীদির বিপরীতে অভিনয়ও করেছিলাম আমি। এরপর আরটিভিতে প্রচারিত হয় ২৬ পর্বের ধারাবাহিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এতে অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, অপি করিম। এনটিভিতে প্রচারিত একটি টক শোর নির্দেশনাও দিয়েছিলাম আমি। নাম ছিল জয়িতার জয়যাত্রা। তবে আপাতত নাটকে নির্দেশনা দেওয়ার ইচ্ছে নেই। তবে চলচ্চিত্র নির্মাণের ইচ্ছে আছে।