‘মুখে একটি পতাকা এঁকে দেব?’ বাবাকে নিয়ে থেমে দাঁড়াল পাঁচ বছরের ফাহমিদা নাজিয়া। মা-বাবার সঙ্গে বইমেলায় যাচ্ছিল ও। দোয়েল চত্বর থেকে তাদের পিছু নেয় আঁকিয়েরা। মা-বাবার মন গলল। নাজিয়ার গালে আঁকা হলো লাল-সবুজের জাতীয় পতাকা। মেলায় ঢোকার দুই পাশে নিত্যদিনের এ চিত্র গতকালও ছিল। মেলার বাইরে যেন আরেকটি মেলা। বইয়ের চেয়ে সেখানে অন্য সামগ্রীই বেশি। চুড়ি, ফিতা থেকে হাওয়াই মিঠাই, আরও কত কি!মেলার ভেতর অবশ্য ভিন্ন চিত্র। প্রায় প্রতিটি স্টলের বিক্রেতারা ব্যস্ত। সারা মাস মেলা ঘুরে দেখে শেষ সপ্তাহে এসে ক্রেতারা বই কিনছেন। সংগ্রহ করছেন পুরো বছরের মননশীলতার রসদ। মেলাকেন্দ্রিক আড্ডা অবশ্য একটু কমে এসেছে বলে মনে হলো। নিছক ঘুরতে আসা কিংবা অবসরে মেলায় আড্ডা দিতে আসার দিন শেষ। এখন যাঁরা মেলায় আসছেন, তাঁরা বই কিনতেই আসছেন। গতকাল মেলায় আসা বেশির ভাগ মানুষের হাতে বইয়ের ব্যাগ যেন তারই প্রমাণ। প্রথা মেনে চললে অমর একুশে বইমেলা শেষ হতে আর মাত্র দুই দিন বাকি।আগের দিন ঝড়বৃষ্টিতে মেলা পণ্ড হয়েছিল। ক্ষতির মুখোমুখি হয়েছিল বেশ কিছু স্টল। গতকাল লোকসমাগম কম হওয়ার আশঙ্কা ছিল অনেকের মধ্যে। কিন্তু উত্সবপাগল বাঙালির প্রাণের মেলায় সেই আশঙ্কা সত্যি হলো না। দুপুরের পর থেকেই মেলায় ছিল দারুণ ভিড়। মেলায় কথা হয় সাবেক তথ্যসচিব সমর চন্দ্র পালের সঙ্গে। তিনি বলেন, ‘মেলার শেষ দিনগুলোতে ভিড় হয় কম এবং বইও পাওয়া যায় বেশি। ভিড় কম হওয়ায় ঘুরে ঘুরে পছন্দের বই কেনা যায়।’ পাঠসূত্রের নির্বাহী প্রকাশক রাজীব নূর জানান, এ সময় মেলায় যাঁরা আসেন, তাঁরা কেনাকাটার উদ্দেশ্যেই আসেন। এমনকি শুরু থেকে আড্ডা দিয়ে কাটানো লেখকদেরও শেষবেলায় নিজের পছন্দের বই কিনে নিতে দেখা যায়। গতকাল বেশ কিছু স্টলে খোঁজ নিয়ে জানা গেছে, প্রকাশনা সংস্থাগুলো এরই মধ্যে ৯০ ভাগ বই মেলায় এনেছে।নিত্যদিনের সব আয়োজন ছিল গতকাল। সঙ্গে যোগ হয়েছে প্রতিবাদ প্রদর্শন। আগের দিন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অনেক প্রকাশনীর মধ্যে নিউ শিখা প্রকাশনী গতকাল স্টল বন্ধ রেখেছিল। প্রতিষ্ঠানের সামনে ছিল একটি কালো ব্যানার। প্রতিষ্ঠানটির একজন কর্মী জানান, আয়োজকদের অব্যবস্থাপনার কারণেই পানি জমে বই নষ্ট হয়েছে। এর প্রতিবাদে তাঁরা গতকাল স্টল খোলেননি। এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমীর উপ-পরিচালক মুর্শিদউদ্দিন আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ বলে-কয়ে আসে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।’ তিনি জানান, নিচু জায়গাগুলোতে গতকাল বালু ফেলা হয়েছে। ভবিষ্যতে এ সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।এসেছে আরও কিছু নতুন বই: বাংলা একাডেমীর দেওয়া তথ্য অনুযায়ী, এবারের গ্রন্থমেলায় এ পর্যন্ত দুই হাজার ৯৪৮টি নতুন বই প্রকাশিত হয়েছে। প্রকাশের মিছিলে গতকাল যোগ হয়েছে ৬৯টি বই। নজরুলমঞ্চে সন্ধ্যায় প্রথম আলো বন্ধুসভা পাতায় প্রকাশিত গল্পের সংকলন দিনগুলি, রাতগুলির মোড়ক উন্মোচন করেন আসাদ চৌধুরী ও আনিসুল হক। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। এটি সম্পাদনা করেছেন সাইদুজ্জামান রওশন ও শুভংকর শুভ। এ ছাড়া গতকাল মেলায় প্রথমা প্রকাশন থেকে এসেছে কবি শামসুর রাহমানের হাওয়ায় ভেসে আসা স্বর, অ্যাডর্ন থেকে মাহবুবুল হাসানের সংকলন ও সম্পাদনায় চট্টগ্রামী বাংলার অভিধান, বিভাস থেকে মহাদেব সাহার কবিতা লাজুক লিরিক, পাঠসূত্র থেকে ফারুক শাকিলের ক্লাস এইট, আদর্শ প্রকাশনী থেকে মজিদ মাহমুদের শ্রেষ্ঠ কবিতা, সূচিপত্র থেকে লীসা গাজীর উপন্যাস রৌরব, ঐতিহ্য থেকে রাজু আলাউদ্দিনের সম্পাদিত হোর্হে লুইস বোর্হেস, পারিজাত প্রকাশনী থেকে বেবী মওদুদের নারী নেতৃত্ব, শোভা থেকে আবুল আহসান চৌধুরী সম্পাদিত অবিদ্যার অন্তঃপুরে নিষিদ্ধ পল্লীর অন্তরঙ্গ কথকতা, তরফদার প্রকাশনী থেকে জাহানারা নূরীর পুঁজিবাদে নারীর শোষণ নিপীড়নের সামাজিক ভিত্তি, শুদ্ধস্বর থেকে প্রশান্ত মৃধার গল্পের খোঁজে, জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে মহসিন আলীর হারানো ফুল এবং নদী প্রকাশ থেকে এসেছে মনোরঞ্জন নন্দীর মামার গল্প।ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: বর্ধমান হাউসের পাশে সবুজ চত্বরে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা ঘুরে, বই কিনে যাঁদের হাতে সময় ছিল, তাঁদের অনেকে এখানেও ভিড় করেছিলেন। মূল মঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ‘বাংলাদেশের ভাষা-পরিস্থিতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী। ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মহাম্মদ দানীউল হক, খোন্দকার আশরাফ হোসেন, সৌরভ সিকদার ও গুলশান আরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে পুঁথি পাঠ করেন হেলিম বয়াতি। বাউলসংগীত পরিবেশন করেন কুদ্দুস বয়াতি, কাঙালিনী সুফিয়া, সাঈদুর রহমান বয়াতি, বিমল বাউল, ইদ্রিস আলী বয়াতি, আবদুল আউয়াল, আবদুল লতিফ শাহ, আরজ আলী বয়াতি, বাউল মিলন, আলম দেওয়ান, হাসি সরকার ও রণজিত্ দাস বাউল।আজ সকালে শুরু: আজ মেলা শুরু হবে সকালে। সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোরদের পুরস্কার দেওয়া হবে। এতে স্বাগত ভাষণ দেবেন শামসুজ্জামান খান। অতিথি থাকবেন আবদুল খালেক, লায়লা হাসান ও হালিমা খাতুন। বিকেলে ‘আগামীর বাংলা একাডেমী’ বিষয়ে প্রবন্ধ পাঠ করবেন কাজী মনজুরে মওলা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।