সময় বদলালে রায়ও বদলে যায়: রফিক-উল হক
প্রবীণ আইনজীবী রফিক-উল হক উচ্চ আদালতের বিচারপতিদের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘সময় বদলানোর সঙ্গে সঙ্গে রায়ও বদলে যায়। একই আদালতের একই বিচারপতি ভিন্ন সরকার ক্ষমতায় থাকলে ভিন্ন রায় দেন।’আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন’ বিষয়ে আলোচনা অনুষ্ঠানে রফিক-উল হক এ কথা বলেন। সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট নামের একটি প্রতিষ্ঠান অনুষ্ঠানটির আয়োজন করে।আইনজীবী রফিক-উল হক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে মানবাধিকার প্রতিষ্ঠা করা যাবে না। আর গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে না। তিনি বিচারকদের খামখেয়ালি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সময় ও হাওয়া বদলের সঙ্গে রায় বদলের সংস্কৃতি বন্ধ করতে হবে।’ তিনি অভিযোগ করেন, মামলা দেখে নয়, মামলাটি কোন কোর্টে গেল, কোন বিচারকের কাছে গেল—সেটা দেখেই রায় হয়। বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের প্রশংসা করে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘তিনি (প্রধান বিচারপতি) অনেক ভালো। আগামী সাত মাস প্রধান বিচারপতি থাকবেন। সাত মাসে হয়তো পরিস্থিতির পরিবর্তন হবে।’ বিচার বিভাগ নিয়ে এসব মন্তব্য করায় আদালত অবমাননা হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘হাঁচি দিলেও আদালত অবমাননা হয়—বলার পর আদালতে দুই ঘণ্টা বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’রফিক-উল হকের অভিযোগ, ১/১১-এর সময় আপিল বিভাগ সবচেয়ে বিতর্কিত ভূমিকা পালন করেছে। তিনি বলেন, আদালত সত্যিকার অর্থে স্বাধীন ও নিরাপদ না হলে আইনের শাসন ও মানবাধিকার—কোনোটিই প্রতিষ্ঠিত হবে না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ এজের সম্পাদক নুরুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক বোরহান উদ্দিন, ব্র্যাকের শিক্ষক পিয়াস করিম প্রমুখ।