সময় বাড়ল কামরুলের চিত্র প্রদর্শনীর
এই প্রদর্শনীতে গেলে শিল্পী কামরুল হাসানকে চেনা যায় খুব কাছে থেকে। বরেণ্য এই শিল্পীর বিভিন্ন সময়ে আঁকা তিন শতাধিক চিত্রকর্ম, রং-তুলিসহ বিভিন্ন অনুষঙ্গ, তাঁর হাতে লেখা পাণ্ডুলিপির পাতা, খেরো খাতার পাতা থেকে বিভিন্ন লেখা, শিল্পীর উল্লেখযোগ্য আলোকচিত্র—এসব নিয়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনীটি।জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ প্রদর্শনীর সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত এটি চলবে।শিল্পীর আঁকা গ্রামীণ নারীদের বিভিন্ন চিত্র, বরেণ্য ব্যক্তিদের মুখাবয়ব, উট, ঘোড়া, প্যাঁচা, মোরগ, হাতিসহ বিভিন্ন পশুপাখির ছবি প্রদর্শনীতে দেখা যাবে। এ ছাড়া এখানে দেখা যাবে এক প্রতিবাদী কামরুলকে। স্বাধীনতাবিরোধীদের ও স্বৈরাচারের বিরুদ্ধে যিনি অকপটে অবস্থান নিয়েছিলেন। প্রদর্শনী দেখতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজ ইফতেখার বলেন, ‘এ প্রদর্শনীতে এসে কামরুল হাসান সম্পর্কে অনেক কিছু জেনে গেলাম। এ ছাড়া তাঁর আঁকা দুর্লভ চিত্রকর্মগুলো খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হলো।’শতাব্দীর কামরুল উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর সমাপনী দিনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে।