সময় বাড়াতে সৌদি আরবকে অনুরোধ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশের শ্রমিকদের আকামা পরিবর্তনের সময় বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এ ব্যাপারে সেদেশের সরকার আগামী ৩ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। আরব নিউজে প্রকাশিত এক খবরে জানা যায়, গতকাল বুধবার জেদ্দায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজার মাদানিকে এ অনুরোধ জানান দীপু মনি। মাদানি জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সময় বাড়ানো হলে প্রবাসী বাংলাদেশিরা আকামার ব্যাপারে আনুষ্ঠানিকতা শেষ করতে পারবেন। দীপু মনি গত কয়েক বছরে বাংলাদেশকে সাহায্য করার জন্য বাদশাহ আবদুল্লাহকে ধন্যবাদ জানান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা ও কৃষিখাতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে বাংলাদেশ থেকে সৌদি আরবে ফার্মাসিউটিক্যাল দ্রব্য, তৈরি পোশাক ও সিরামিক পণ্য রপ্তানির ব্যাপারে আলোচনা করেন তাঁরা। পররাষ্ট্রমন্ত্রী আজ দাম্মামে থাকবেন ও আগামীকাল রিয়াদে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানটি রিয়াদের প্যালেস হোটেলে হবে। সফরে দীপু মনির সঙ্গে সাত সদস্যের প্রতিনিধিদল রয়েছে।সম্প্রতি সৌদি আরবের সরকার সেদেশে বসবাসরত বাংলাদেশের অবৈধ শ্রমিকদের বৈধ করে নেওয়ার জন্য ৩ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয়।