সময় বেঁধে দিয়ে পিএসসির কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহার
অবশেষে সরকারি কর্মকমিশন (পিএসসি) কর্তৃপক্ষকে দুই দিনের সময় বেঁধে দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছেন।পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইনের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেন। ফলে ওই সময় সব কর্মকাণ্ড বন্ধ হয়ে অচল হয়ে পড়ে পিএসসি।পিএসসির কর্মকর্তা-কর্মচারী পরিষদের সদস্যসচিব আবদুর রউফ প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে পিএসসির সচিব চৌধুরী বাবুল হাসান তাঁদের সঙ্গে বৈঠক করলে তাঁরা তাঁদের দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে দুই দিন সময় বেঁধে দেন। আর তা না হলে তাঁরা মঙ্গলবার থেকে আবারও বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন। কর্তৃপক্ষ রোববার ও সোমবার এই দুই কার্যদিবসের মধ্যে দাবিগুলো মেনে নেবে বলে তাঁদের আশ্বাস দিয়েছে।আবদুর রউফ আরও বলেন, পিএসসিতে প্রেষণে নিয়োগ বন্ধ, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভিত্তিহীন বিভাগীয় মামলা প্রত্যাহারসহ ১৪ দফা দাবি অনেক দিন ধরেই পিএসসির চেয়ারম্যানকে জানিয়ে আসা হচ্ছিল। কিন্তু তিনি কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ তাঁরা বিক্ষোভ করেন।আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, সা’দত হুসাইন বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রেষণে লোক নিয়োগ দিয়ে পিএসসিকে একটি স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে রূপ দিচ্ছেন।