সময় মতো ট্রেন ছাড়া ও পৌঁছানোই চ্যালেঞ্জ: সুরঞ্জিত
নতুন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তাঁর প্রথম চ্যালেঞ্জ হবে সময় মতো ট্রেন ছাড়া এবং সময় মতো ট্রেন পৌঁছানো। তিনি নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে আজ বুধবার এ কথা বলেন। সুরঞ্জিত বলেন, ‘সময় কম। তবে আত্মবিশ্বাস আছে। লোকসান কেউ ভালোবাসে না। তাই রেলকে লাভজনক করতে হবে। তবে সেবার মান বাড়াতে হলে জনগণেরও সহযোগিতা করা দরকার।’ রেল নিয়ে পরিকল্পনার বিষয়ে সুরঞ্জিত জানান, তিনি জরুরি, মধ্যবর্তী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চান। তিনি বলেন, ‘ট্রেন যেটুকু আছে, আমরা তা প্রথমে গতিশীল করতে চাই।’সুরঞ্জিত বলেন, রেল একটি ঐতিহ্যবাহী ও নিরাপদ যোগাযোগব্যবস্থা। তাই রেলের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করতে হবে।উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শপথের ছয় দিন পর সরকারের নবগঠিত রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি ।