সময় শেষ, তবু রাজধানীতে খোঁড়াখুঁড়ি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের আন্তসংস্থা সভার ধারাবাহিকতায় এবার ৩১ মের মধ্যে রাস্তা খোঁড়াখুঁড়ি শেষ করতে সেবা সংস্থাগুলোকে তাগিদ দিয়েছিল ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। কিন্তু এ নির্দেশনার পরও রাজধানীর বেশ কয়েকটি স্থানে অসময়ে রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভার সিদ্ধান্ত পালিত হচ্ছে না। বৃষ্টি হলে অনেক রাস্তায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। যানজটে নষ্ট হচ্ছে সময়, যাতায়াতে বাড়ছে ব্যয়। পুরোনো ঢাকায় কাজ চলছে বেশ কয়েকটি সেবা সংস্থার। নির্মাণাধীন গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতুর প্রয়োজনে নির্ধারিত সময়ের অনেক পরে খোঁড়ার কাজে হাত দিয়েছে এরা। উড়ালসেতুর পশ্চিম পাশে কাপ্তানবাজার-জয়কালী মন্দির রোড ধরে সালাউদ্দিন হাসপাতাল পর্যন্ত রাস্তা কাটা। সেখানে কাজ করছে তিতাস গ্যাস। ওয়ারীর নবাব স্ট্রিট, হেয়ার স্ট্রিট, র‌্যাঙ্কিন স্ট্রিট, বলধা গার্ডেন এবং হাটখোলা ও অভয় দাস লেন এলাকায় রাস্তা খুঁড়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। কয়েক দিনের মধ্যে এখানে কাজ ধরবে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতু বিষয়ে গত ১৫ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়েছিল, তিন মাসের মধ্যে (১৫ জুন) বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুঁড়ি ও পাইপলাইনের কাজ শেষ করতে হবে। কিন্তু তিতাস ও ডিপিডিসি ওই এলাকায় কাজ শুরুই করে সময় শেষের মাত্র এক দিন আগে গত ১৪ জুন। নির্মাণাধীন উড়ালসেতুর কারণে গুলিস্তান-শনির আখড়া সড়ক প্রায় দুই বছর ধরেই পাথরে ভরা ও বিধ্বস্ত। গত কয়েক দিন বৃষ্টি হওয়ায় তা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। গত বছরের মার্চে আন্তসংস্থা সভায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সভায় ডিসিসি, ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতিনিধিরা ছিলেন। এর জের ধরে এবারও ডিসিসি সেবা সংস্থাগুলোকে বিষয়টি মনে করিয়ে চিঠি দেয়। কিন্তু তা মান্য করা হচ্ছে না। মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছন থেকে বালুর মাঠ এলাকায় পুরো রাস্তা খুঁড়ে ফেলেছে ডিপিডিসি। এর আগে স্বামীবাগ, গোপীবাগ, কমলাপুর, জসীমউদ্দীন রোড এলাকায় রাস্তা খুঁড়েছে ঢাকা ওয়াসা। সেগুলো এখনো বিধ্বস্ত অবস্থায়। চারদিকে খোঁড়াখুঁড়ি ও বিধ্বস্ত রাস্তার কারণে হাটখোলা ইত্তেফাক মোড় থেকে রাজধানী মার্কেট পর্যন্ত রাস্তাটি ঘণ্টার পর ঘণ্টা যানজটে প্রায় অবরুদ্ধ থাকছে। গত বুধবার সন্ধ্যা থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত সায়েদাবাদ থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত যানজট ছিল বলে এলাকাবাসী জানান। মোহাম্মদপুর-সায়েদাবাদ রুটের মিনিবাসচালক আবদুল কুদ্দুস বলেন, মোহাম্মদপুর থেকে হাটখোলা আসতে যে সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগছে হাটখোলা থেকে সায়েদাবাদ যেতে।রাজধানী মার্কেটের বিপরীত দিকে বলধা গার্ডেনের কাছে পশ্চিম দিক বরাবর টানা বিশাল গর্ত। এখানে কাজ করছে ডিপিডিসি। গর্তের পাশে তারের বিশাল চাকা। সন্ধ্যার পর কিছু খালি চাকা প্রবেশমুখে এনে রাস্তা একেবারেই বন্ধ করে দেওয়া হয়। তাতে যানজট পরিস্থিতি হয়ে পড়ে আরও জটিল।খোঁড়াখুঁড়ির সঙ্গে যুক্ত সুপারভাইজার পরিচয়দানকারী আতিকুলকে ব্যবহূত তারের চাকা সরানো হচ্ছে না কেন—প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একসঙ্গে সবগুলো সরানো হবে। আলাদাভাবে নিলে খরচ বেশি।’তিতাস গ্যাস কোম্পানি ও ডিপিডিসির সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, উড়ালসেতুর প্রয়োজনে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) রিকুইজিশনে এখন রাস্তা খুঁড়তে হচ্ছে। তিতাসের পরিচালক (উৎপাদন) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিতাস নিয়মিত কাজের অংশ হিসেবে এটা করছে না। করা হচ্ছে উড়ালসেতুর প্রয়োজনে ডিসিসির রিকুইজিশনে।’ গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতু প্রকল্পের পরিচালক আশিকুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক আগেই সংস্থাগুলোর কাজ শেষ করার কথা ছিল। তাদের বলা হয়েছিল, খনন করে কাজ শেষে বালু ভরাট ও রাস্তা চলাচলের উপযোগী করতে হবে। কিন্তু তারা এটা না করায় আমরা প্রশ্নের মুখে পড়ছি।’ শর্ত লঙ্ঘন করায় সংস্থাগুলোকে ডিসিসি থেকে গত রোববার চিঠিও দেওয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক।এদিকে রাজধানীর আরও অনেক স্থানে নতুন করে রাস্তা খোঁড়ায় বা আগে খোঁড়া রাস্তা মেরামত না করায় চরম জনদুর্ভোগ হচ্ছে। সায়েদাবাদ শোধনাগারের পানির পাইপ বসাতে কল্যাণপুর ঢাকা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে শ্যামলী হয়ে ধানমন্ডি রাসেল স্কয়ার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক খুঁড়েছে ওয়াসা। চলতি বছরের প্রথমে শুরু হওয়া এ কাজের জন্য গাবতলী থেকে আসাদগেট যেতে দেড়-দুই ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। ওই সড়ক ভালোভাবে মেরামত না করে শুধু বালু ও ইটের টুকরা দেওয়া হয়েছে। ওয়াসার একই কাজের জন্য এখন গুলশান লিংক রোডের প্রবেশপথ এবং তেজগাঁও এলাকায় রাস্তা খোঁড়া হচ্ছে।জানতে চাইলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সম্প্রতি প্রথম আলোকে বলেন, শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরে শেষ হবে। তার অংশ হিসেবে পাইপলাইন বসাতে হচ্ছে। তিনি বলেন, রাস্তা মেরামতের জন্য কাজ শুরুর আগেই সিটি করপোরেশনকে টাকা দেওয়া হয়েছে।ডিসিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যা সময় মেনে করা যায় না। দাতাদের তাগিদে নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্যও অসময়ে রাস্তা খুঁড়তে হয়।’ রাস্তা খোঁড়ার কারণে একই রকম দুর্দশা মিরপুর ১০ থেকে ১৩, শেওড়াপাড়া, কাজীপাড়া, শ্যামলী রিং রোড, এলিফ্যান্ট রোড ইত্যাদি এলাকায়ও।