সময় শেষের ৩৬ ঘণ্টা পর মতৈক্য
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার দীর্ঘ প্রায় ৩৬ ঘণ্টা পর সমঝোতা হয়েছে ডারবান জলবায়ু সম্মেলনে। গতকাল রোববার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী মইতে এনকোয়ানা মাসহাবানে সমঝোতা চুক্তির কথা ঘোষণা করেন।চুক্তির আওতায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কমাতে আগামী বছর থেকে নতুন একটি চুক্তির জন্য কাজ শুরু করা হবে। এতে ২০১৫ সালের মধ্যে নতুন চুক্তিতে পৌঁছানো ও ২০২০ সালের মধ্যে তা কার্যকর করার কথা বলা হয়েছে। বিশ্বের সব দেশ নতুন ওই চুক্তির আওতায় থাকবে। এ ছাড়া দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য জলবায়ু তহবিল ও কিয়োটো চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর ব্যাপারে মতৈক্য হয়েছে সম্মেলনে।দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী মেইতে এনকোয়ানা মাসহাবানে গতকাল সমঝোতা চুক্তির ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা প্ল্যান “এ” নিয়ে এখানে এসেছিলাম এবং প্ল্যান “এ” নিয়েই সম্মেলন শেষ করলাম। এই প্ল্যান আমাদের সন্তান ও তাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী রক্ষার।... আমরা ইতিহাস সৃষ্টি করেছি।’জাতিসংঘের মহাসচিব বান কি মুন ডারবানে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানোকে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলে মূল্যায়ন করেন।তবে পরিবেশবাদীসহ অনেকেই সম্মেলনের প্রাপ্তিতে খুশি নয়। শীর্ষ পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের এক কর্মকর্তা বলেন, করপোরেট প্রতিষ্ঠান ও অনেক প্রভাবশালী দেশ যেমন চেয়েছে সম্মেলনের তেমনই ফল হয়েছে।যুক্তরাষ্ট্রের জলবায়ুবিষয়ক দূত টড স্টার্ন বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ এক প্যাকেজ। কেউই এ প্যাকেজের সবকিছু পছন্দ করবে না। এখানে অনেক কিছুই আছে, যাতে যুক্তরাষ্ট্রও খুশি নয়।’ যুক্তরাষ্ট্র উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস সবচেয়ে বেশি উদিগরণ করে। পর্যবেক্ষকেরা বলছেন, সমঝোতা চুক্তিতে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সে অনুযায়ী কাজ করা সহজ হবে না। কারণ, এখানে আইনি বাধ্যবাধকতার বিষয়টির যেমন ব্যাখ্যা দেওয়া হয়নি, তেমনি ধনী ও দরিদ্র দেশ কে কতটা কার্বন নিঃসরণ কমাবে তা স্পষ্টভাবে তা উল্লেখ করা হয়নি।১৯৯৭ সালে স্বাক্ষরিত কিয়োটো চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা। ডারবান সমঝোতায় কিয়োটো চুক্তির মেয়াদ বাড়ানোর কথা বলা হলেও ওই চুক্তির আওতায় শুধু শিল্পোন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর কথা বলা হয়েছে।ডারবান সমঝোতায় গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) তহবিল গঠনের কথা বলা হয়েছে। দরিদ্র দেশগুলোকে সহায়তায় এ তহবিলে বছরে ১০০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা হবে। ২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনেই অবশ্য এ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়।এবারই প্রথম চীন, ভারত, ব্রাজিলসহ বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী উঠতি অর্থনৈতিক শক্তিগুলোকে একই চুক্তির আওতায় আনা হচ্ছে।ডারবান প্যাকেজের উল্লেখযোগ্য অন্য বিষয়গুলো হলো: বিভিন্ন দেশের কার্বন নিঃসরণ কমানোর বিষয়টি পর্যবেক্ষণ করা, বিশ্বজুড়ে বনভূমি রক্ষা করা ও পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নশীল দেশগুলোতে সরবরাহ করা।এর আগে ১২ দিনের ডারবান সম্মেলনের নির্ধারিত শেষ দিন গত শুক্রবার গভীর রাত পর্যন্ত সমঝোতা হয়নি। এর পর অনেক দেশের প্রতিনিধিই ডারবান ছেড়ে যান। অতিরিক্ত সময়ে থেকে যাওয়া প্রতিনিধিরা উত্তপ্ত আলোচনার পর এ সমঝোতায় পৌঁছাতে সক্ষম হন। এএফপি, বিবিসি, আল-জাজিরা।