সময় স্বল্পতার কারণেই দলগুলোকে চিঠি দেওয়া যায়নি: অনুসন্ধান কমিটি
সময় স্বল্পতার কারণেই নির্বাচন কমিশন গঠনের জন্য নাম চেয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিতে পারেনি অনুসন্ধান কমিটি। এর বদলে গণমাধ্যমে সংবাদবিজ্ঞপ্তি পাঠিয়ে নাম আহ্বান করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।গতকাল বুধবার সুপ্রিম কোর্ট ভবনের সম্মেলন কক্ষে অনুসন্ধান কমিটির প্রথম বৈঠক শেষে সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচটি করে নাম চাওয়া হয়। এতে বলা হয়, কেবল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোই নাম দিতে পারবে। ২৯ জানুয়ারি বিকেল তিনটার মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের কাছে নাম জমা দিতে হবে।সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনুসন্ধান কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশ করার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণেই সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম সংগ্রহের জন্য চিঠি দেওয়া সম্ভব হয়নি। এর বদলে গণমাধ্যমে সংবাদবিজ্ঞপ্তি দিয়ে নাম চাওয়া হয়েছে। কমিটি আশা করে, গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে প্রতিটি রাজনৈতিক দল ২৯ জানুয়ারি বিকেল তিনটার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার মনোনয়নের জন্য মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে অনধিক পাঁচটি করে নাম পাঠাবে।নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে রাষ্ট্রপতি এ অনুসন্ধান কমিটি গঠন করেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে অনুসন্ধান কমিটি গঠন করা হয়। গত মঙ্গলবার এ ব্যাপারে গেজেট প্রকাশ করা হয়। গতকাল বুধবার কমিটি প্রথম বৈঠক করে।এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী মাসেই শেষ হচ্ছে। আর নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে এবারই প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি। সংলাপে অংশ নেওয়া বেশির ভাগ রাজনৈতিক দলই অনুসন্ধান কমিটি গঠনের পরামর্শ দেয়। এর পরই অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি।