সময়মতো উড়ছে না বিমান, বন্দরে গড়াগড়ি খায় যাত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড্ডয়নসূচি আবার ভেঙে পড়েছে। দফায় দফায় সময়সূচি পরিবর্তনের কারণে বিমানবন্দরে ৪০ ঘণ্টার ভোগান্তিতে পড়ে জেদ্দাগামী ৩০৬ জন যাত্রী। এসব যাত্রী অবশেষে গতকাল রোববার বেলা দুইটায় সৌদি আরবের উদ্দেশে রওনা হতে পেরেছে। আবুধাবিগামী শনিবারের আরেক ফ্লাইটের ৩০৮ জন যাত্রী গত রাত নয়টা পর্যন্ত রওনাই হতে পারেনি।এদিকে বিমানের ঢাকা-দুবাই-লন্ডন ফ্লাইট গতকাল বিকেলে জর্ডানে জরুরি অবতরণ করেছে। কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে জানা গেছে। ঢাকা-জেদ্দা ফ্লাইট: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বিমানের ঢাকা-জেদ্দা-দাম্মাম ফ্লাইটের (বিজি ০৪৯) যাত্রার নির্ধারিত সময় ছিল শুক্রবার রাত ১২টায়। যথারীতি যাত্রীরা দুই ঘণ্টা আগেই অর্থাৎ রাত ১০টায় বিমানবন্দরে পৌঁছায়। রাত ১২টায় তাদের বলা হয়, উড্ডয়নসূচি ১৮ ঘণ্টা পেছানো হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টায় ফ্লাইট ছাড়া হবে। এরপর দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এসব বিমানযাত্রীর কেউ কেউ বিমানবন্দরের আশপাশের বিভিন্ন হোটেলে, আত্মীয়ের বাসায় গিয়ে ওঠে। কেউ কেউ বিমানবন্দরে ভেতরেই অবস্থান করতে থাকে। পরদিন শনিবার বিকেলের মধ্যে আবার সবাই বিমান কাউন্টারে গিয়ে হাজির হয়। সন্ধ্যা ছয়টায় বলা হয়, বিমান ছাড়বে রাত ১০টায়। এর মধ্যে যাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করা হয়। রাত ১০টায় বলা হয়, উড্ডয়নের সময় আবার পেছানো হয়েছে। এ খবর জানার পর যাত্রীরা হইচই শুরু করে। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ওই ফ্লাইটের যাত্রী শরিফ শনিবার রাতে টেলিফোনে প্রথম আলোকে বলেন, বেশির ভাগ যাত্রীই প্রবাসী শ্রমিক। কেউ ছুটি শেষে ফিরছিলেন, আবার কেউবা চাকরি নিয়ে যাচ্ছিলেন। এঁদের কারও কারও ছুটি, কারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল, তাই যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বলা হয়, ফ্লাইট ছাড়বে রাত দুইটায়। রাত দুইটায় বলা হয়, আবার সময়সূচি পেছানো হয়েছে। ফ্লাইটটি ছাড়বে রোববার সকাল আটটায়। এরপর যাত্রীরা বিমানবন্দরেই রাত কাটায়।বিমানবন্দর সূত্র জানায়, সকাল আটটায় উড্ডয়নসূচি আবার পাল্টানো হয়। এ খবর জানার পর যাত্রীরা আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে। আবার এপিবিএন সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সর্বশেষ গতকাল বেলা দুইটায় ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।ঢাকা-আবুধাবি ফ্লাইট: একই সময় একই রকম পরিস্থিতির শিকার হয় বাংলাদেশ বিমানের ঢাকা-আবুধাবি ফ্লাইটের (বিজি-০২৭) ৩০৮ জন যাত্রী। শনিবার বিকেলে এসব যাত্রীকে চট্টগ্রাম থেকে বিমানে আনা হয়। ওই ফ্লাইটের যাত্রী জহির টেলিফোনে প্রথম আলোকে বলেন, ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের বলা হয়, উড়োজাহাজে জ্বালানি ভরতে হবে, তাই সবাইকে নেমে যেতে হবে। যাত্রীদের সন্দেহ হয়, কেউ নামতে রাজি হয়নি। এ নিয়ে বিমানকর্মীদের সঙ্গে যাত্রীদের বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ এসে যাত্রীদের নামতে বাধ্য করে। কয়েক ঘণ্টা পর বিমানের পক্ষ থেকে বলা হয়, ফ্লাইটটি ওই রাতে আর যাচ্ছে না। সবাইকে উত্তরার একটি হোটেলে নিয়ে রাখা হয়। বলা হয়, রোববার সকাল নয়টায় বিমানটি ছাড়া হবে। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সকালে যাত্রীদের সবাইকে বিমানবন্দরে আনা হয়। সকাল নয়টায় উড্ডয়নের সময় আবার পেছানোর কথা জানায় বিমান কর্তৃপক্ষ। এতে যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিবাদ জানায়। পরে পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বলা হয়, ফ্লাইটটি ছাড়ার পরবর্তী সময় ঠিক করা হয়েছে রাত সাড়ে নয়টা।জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বলেন, দুটি ফ্লাইটই ডিসি-১০ দিয়ে পরিচালনা করা হচ্ছিল। উড়োজাহাজ দুটিতে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইট বিলম্বিত হয়েছে।বিমানবন্দরের এপিবিএনের একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট বিলম্বিত হওয়ার ঘটনা বারবার ঘটছে। ক্ষুব্ধ যাত্রীদের সামাল দিতে এপিবিএন সদস্যদের অনেক সময় বেগ পেতে হয়। জর্ডানে জরুরি অবতরণ: সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ১৯৩ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি এয়ারবাস মধ্যপ্রাচ্যের আকাশে পৌঁছালে সেটাতে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে সেটি জর্ডানে জরুরি অবতরণ করে। বিমান সূত্র জানায়, জর্ডানে আটকা পড়া বিমানযাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার জন্য আম্মানে বাংলাদেশ দূতাবাসকে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমান সূত্র জানায়, বিমানের আন্তর্জাতিক গন্তব্যের প্রধান ভরসা চারটি ডিসি-১০ উড়োজাহাজের দুটিতে ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নসূচি ঠিক রাখা যায়নি।