সড়ক দুর্ঘটনা: মহাসড়কের পাশে ট্রমা সেন্টার হবে
সময়মতো চিকিৎসা না পাওয়া মৃত্যু ও পঙ্গুত্ব বাড়ার কারণ
গত ৩ এপ্রিল রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলিতে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। একটি ট্রাকের কেবিন দুমড়ে-মুচড়ে যায়। ভেতরে আটকা পড়েন চালক ও তাঁর সহকারীসহ তিনজন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আপ্রাণ চেষ্টার পরও তাঁদের বের করতে পারছিলেন না। অসহায় মানুষগুলো ভেতরে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। শেষ পর্যন্ত ঢাকা ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে হাইড্রলিক স্প্রেডার দিয়ে কেবিন প্রশস্ত করে আহত ব্যক্তিদের বের করে। ততক্ষণে তাঁরা আধমরা।আরেকটি ঘটনা। গত বছরের ১ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম ও বিসিকের চেয়ারম্যান অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান। দুর্ঘটনার পর এক ঘণ্টা পর্যন্ত বেঁচে ছিলেন তাঁরা। কিন্তু এই সময়ের মধ্যে কার্যত কোনো চিকিৎসা পাননি। দেশে সড়ক দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার-তৎপরতার কোনো সুষ্ঠু ব্যবস্থা না থাকায় উঁচু হারে মৃত্যু এবং স্থায়ী পঙ্গুত্ব বা অন্য শারীরিক ক্ষতির ঘটনা ঘটছে। চিকিৎসকদের মতে, সড়ক দুর্ঘটনার পরের এক থেকে দেড় ঘণ্টা সময় আহত ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে অন্তত যথাযথ প্রাথমিক চিকিৎসা না পেলে নিহত ও স্থায়ী পঙ্গুত্বের সংখ্যা বাড়তে বাধ্য। বিপজ্জনক সড়ক ও প্রস্তুতির অভাব: আঞ্চলিক দেশগুলোর মধ্যে গাড়ির সংখ্যার অনুপাতে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির হার তুলনামূলকভাবে বেশি। সড়কের অপ্রতুলতা, যানবাহনের ত্রুটি এবং যাত্রীসংখ্যাসহ বিভিন্ন নিয়ম না মানার কারণে মহাসড়কগুলোতে দুর্ঘটনার হার উঁচু। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রতি এক হাজার লোকের জন্য মাত্র দুটি গাড়ি রয়েছে। নেপালে এ সংখ্যা নয়টি, ভারতে ১২টি আর পাকিস্তানে ১৩ দশমিক ৪টি। যুক্তরাষ্ট্রে প্রতি হাজার মানুষের জন্য রয়েছে ৭৬৫টি গাড়ি। কিন্তু এদের মধ্যে বাংলাদেশে দুর্ঘটনার হার সবচেয়ে বেশি। বাংলাদেশে প্রতি ১০ হাজার গাড়িতে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৬০, ভারতে ২৫ ও পাকিস্তানে ১৯ জন। যুক্তরাষ্ট্রে এ সংখ্যা মাত্র দুই।দুর্ঘটনা ও হতাহতের হার এত উঁচু হলেও দেশে উদ্ধার-ব্যবস্থাপনা সামান্যই। উদ্ধারে মূলত অংশ নেন ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা। আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা পেতে চলে যায় অনেক সময়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশে মোট মৃত্যুর ১৪ শতাংশেরই কারণ সড়ক দুর্ঘটনা। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ২৫ শতাংশ শয্যা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দিয়ে পূর্ণ থাকে। সড়ক দুর্ঘটনা রোধে চলতি মাস থেকে দশকব্যাপী এক জাতিসংঘ কর্মসূচির স্থানীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন সম্প্রতি বলেন, প্রতিবছর দেশে ১২ থেকে ১৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয়।সেই দুর্ঘটনার পরের ছবি: মানিকগঞ্জের সড়ক দুর্ঘটনায় দুই সচিবের মৃত্যুর পর বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায় বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট। তাদের প্রতিবেদনে বলা হয়, একরকম বিনা চিকিৎসাতেই ওই দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁদের পাজেরোর সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়েছিল। চ্যাপ্টা হয়ে যাওয়া গাড়ির দরজা ভেঙে তাঁদের বের করেন স্থানীয় মানুষ। রিকশাভ্যান ও হিউম্যান হলারে করে দুজনকে উথুলি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু খুব সকাল হওয়ায় সেখানে কোনো চিকিৎসক ছিলেন না বলে সেবিকারা দায়িত্ব নেননি। এমনকি অ্যাম্বুলেন্সটিও ব্যবহার করতে দিতে চাচ্ছিলেন না। পরে উদ্ধারকারীরা ক্ষুব্ধ হয়ে উঠলে প্রায় পৌনে এক ঘণ্টা পর পাওয়া যায় একটি অ্যাম্বুলেন্স। দুই সচিবকে সেটিতে করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।বিশেষজ্ঞের পরামর্শ: সড়ক দুর্ঘটনা গবেষক ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক উল্লিখিত দুটি দুর্ঘটনার বিষয়েই অনুসন্ধান চালান। তাঁর মতে, বাথুলির দুই ট্রাকের সংঘর্ষের ক্ষেত্রে তথ্যের ঘাটতি ছিল। আগেই যদি হাইড্রলিক স্প্রেডার আনার জন্য পরামর্শ ও তথ্য দেওয়া হতো তবে অনেক আগেই আহত ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হতো। আর অন্য দুর্ঘটনাটিতে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করতে পারলেও সময়মতো চিকিৎসা দিতে পারেননি। উভয়ক্ষেত্রেই যোগাযোগ ও যথাযথ যানবাহনসহ অন্যান্য উপকরণ এবং প্রশিক্ষিত উদ্ধারকর্মীর অভাব ছিল। শামসুল হক প্রথম আলোকে বলেন, উন্নত দেশগুলোতে এ ধরনের জরুরি অবস্থায় লোকে একটি বিশেষ নম্বরে ফোন করে। সাধারণত সেই নম্বরটি সংশ্লিষ্ট কোনো কোম্পানির একটি কলসেন্টারের। কলসেন্টারের কর্মীরা তখন সংশ্লিষ্ট এলাকার পুলিশ বা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। শামসুল হক বলেন, এ দেশে বেশির ভাগ দুর্ঘটনাই মহাসড়কে ঘটে, যা একটি বড় সমস্যা। বেশির ভাগ আহত যাত্রীই জানেন না যে তিনি কোন এলাকায় অবস্থান করছেন। দুর্ঘটনার খবর কাকে জানাতে হবে বা কাকে জানালে সবচেয়ে ভালোভাবে সাহায্য পাবেন সে বিষয়েও যাত্রীরা বিভ্রান্তিতে থাকেন। ফলে স্থানীয় উদ্ধারকারীরা এলেও চিকিৎসা ও অনেক ক্ষেত্রে উন্নত উদ্ধার উপকরণ এসে পৌঁছাতে অনেক দেরি হয়। এর ফলে লোকজন দুর্ঘটনাকবলিত যান থেকে আটকে পড়া যাত্রীদের টেনে-হিঁচড়ে বের করার চেষ্টা করেন। এতে তাঁদের শরীরের স্পর্শকাতর নালি ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় যা স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।গবেষক অধ্যাপক শামসুল হক মনে করেন, বর্তমানে মোবাইল ফোনের ব্যাপক প্রসার এ ক্ষেত্রে সফলভাবে কাজে লাগানো সম্ভব। তিনি বলেন, মোবাইল ফোন অপারেটররা একটি জরুরি নম্বর ব্যবস্থা চালু করলে দুর্ঘটনা-পরবর্তী ব্যবস্থাপনা অনেক সহজ হতো। আহত ব্যক্তি দুর্ঘটনাস্থল থেকে ওই বিশেষ নম্বরে ফোন করলে তিনি না জানলেও প্রযুক্তির মাধ্যমে উদ্ধারকারীরা তাঁর অবস্থান চিহ্নিত করতে পারবেন। তখন নিকটতম হাসপাতাল ও থানায় দুর্ঘটনার খবর জানিয়ে দেওয়া যাবে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) কেন্দ্রের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মনিরুল ইসলাম জানান, রোগীর আঘাতের ধরনের ওপর চিকিৎসা নির্ভর করে। সেটা দ্রুত নির্ণয় করা জরুরি। আহত রোগীর ক্ষেত্রে যত সময় গড়াবে জটিলতা তত বাড়বে।জরুরি হাসপাতালের উদ্যোগ: জাতিসংঘের দশকব্যাপী সড়ক দুর্ঘটনা রোধ কর্মসূচির উদ্বোধনী উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ সাংবাদিকদের জানান, সরকার ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের হার ৫০ শতাংশ কমিয়ে আনতে কাজ করবে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও যোগাযোগসহ আটটি মন্ত্রণালয় পৃথক কর্মসূচি নেবে। মহাসড়কের পাশে অত্যাবশ্যক চিকিৎসা সুবিধাসহ বেশ কিছু ট্রমা সেন্টার গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলো কাছের বড় হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করবে।