সময়মতো ছাড়ছে না একটি ট্রেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর হতেই ঈদে ঘরমুখো মানুষের ঢল ছিল কমলাপুর রেলস্টেশনে। ছাদে, ইঞ্জিন রুমে, ট্রেনের দরজায় মানুষের ভিড় প্রতিবারের চেয়ে এবার অনেক বেশি। কিন্তু ট্রেনের নির্ধারিত সময়সূচি হেরফেরের কারণে যাত্রীদের ভোগান্তির শেষ নেই।উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশির ভাগ ট্রেনের সময়সূচি ছিল ভোরবেলায়। ফলে গতকাল শনিবার সকালে কমলাপুর স্টেশনে গিয়ে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশের সঙ্গে সঙ্গে ট্রেনে উঠতে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ট্রেনের ছাদে ওঠা নিয়ে রেল কর্তৃপক্ষ বারবার মাইকে ঘোষণা দিলেও কাজ হয়নি। বরং ট্রেনের ছাদে লোকজনকে উঠতে রেলকর্মীদেরও সাহায্য করতে দেখা গেছে।সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতে হয় উত্তরবঙ্গগামী যাত্রীদের। চার থেকে সাড়ে চার ঘণ্টা দেরিতে স্টেশনে পৌঁছেছে একেকটি ট্রেন।স্টেশনমাস্টার সীতাংশু চক্রবর্তী প্রথম আলোকে জানান, ‘নরসিংদীতে ট্রেনে আগুন লাগানোর কারণে নয়টি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে এবার বেশি বগি সংযোজন করা সম্ভব হয়নি। পাশাপাশি স্টেশনগুলোতে ট্রেন থামার সময়সীমা দুই মিনিট নির্ধারিত ছিল। কিন্তু অতিরিক্ত যাত্রীর ভিড় থাকায় স্টেশনগুলোয় ট্রেনগুলো কমপক্ষে ১৫ মিনিট করে অপেক্ষা করতে বাধ্য হচ্ছে। ফলে ট্রেন যেমন গন্তব্যে পৌঁছাতে দেরি করছে, তেমনি ঢাকায় ফিরতেও দেরি করছে।’ট্রেনের দেরি: সরেজমিন গিয়ে দেখা যায়, সকাল আটটা পর্যন্ত তিনটি ট্রেনের একটিও স্টেশনে এসে পৌঁছায়নি। কিন্তু কমলাপুর থেকে ট্রেনগুলোর ছেড়ে যাওয়ার কথা ছিল ভোর ছয়টা থেকে সাড়ে ছয়টায়। ট্রেনগুলো হলো রাজশাহীগামী ধূমকেতু, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস। পরে ধূমকেতু কমলাপুরে প্রবেশ করে সকাল সোয়া সাতটায়, রংপুর এক্সপ্রেস দুপুর ১২টা পর্যন্ত স্টেশনে পৌঁছাতে পারেনি। সুন্দরবন এক্সপ্রেস স্টেশনে প্রবেশ করে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে। এ ছাড়া ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত ছয়টি ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। এগুলোর কোনোটাই নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। প্রতিটি ট্রেন কমপক্ষে ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা দেরি করে স্টেশন ছেড়েছে।টিকিটবিহীন যাত্রী: টিকিট নেই, কিন্তু সমস্যা কী? নিরাপত্তাকর্মীকে ঘুষ দিয়েই স্টেশনে ঢুকছেন টিকিটবিহীন যাত্রীরা। টিকিট চেকাররা দাঁড়িয়ে রয়েছেন নির্লিপ্ত ভঙ্গিতে। আর টিকিট কাটা যাত্রীদের স্টেশনে ঢুকতে ‘চেকিং’য়ের নামে দীর্ঘ সময় লাইনে দাঁড় করে রাখা হচ্ছে।শনিবার কমলাপুর রেলস্টেশনে প্রকাশ্যেই নিরাপত্তাকর্মীদের ঘুষ দিয়ে অনেককেই স্টেশনে ঢুকতে দেখা গেছে। ২০০ টাকা ঘুষ দিয়ে ভেতরে ভারী মালপত্র নিয়ে প্রবেশ করেন রাশেদ ও সোলেমান। জনপ্রতি ৮০ টাকায় স্টেশনে ঢুকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারেক ও সাথী। অন্যদিকে এসব টিকিটবিহীন যাত্রীর চাপে টিকিট কাটা যাত্রীদের ভোগান্তি চরমে। বিষয়টি নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মজিবুর রহমানকে জানালে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান। তিনি বলেন, ‘আমাদের কাজ স্টেশনের নিরাপত্তা দেখা, আর স্টেশনে কে প্রবেশ করবে বা করবে না, সেটা দেখবেন টিকিট চেকাররা।’ কিন্তু উপস্থিত তিন টিকিট চেকারের মধ্যে একজনও কথা বলতে রাজি হননি। স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান, দাঁড়ানো টিকিট বিক্রি হয়েছে সিটের অতিরিক্ত ২০ শতাংশ। আর ট্রেনের ছাদে না চড়ার জন্য লিফলেট, মাইকিং করা হলেও লোকজন শুনছেন না।