বিশ্বকাপের আগে সময়মতো সব প্রস্তুতি সম্পন্ন করে চট্টগ্রামকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। পাশাপাশি ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। ‘বিশ্বকাপ ক্রিকেট-২০১১, চট্টগ্রামের প্রস্তুতি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এমনই অভিমত দেন। গতকাল শুক্রবার প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। প্রথম আলোর উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আবাসিক সম্পাদক আবুল মোমেন। এতে আলোচকেরা স্টেডিয়াম ও রাস্তাঘাটের প্রস্তুতি, চিকিৎসা, নিরাপত্তা, টিকিটসহ বিশ্বকাপ প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।আলোচনায় অংশ নেন অতিরিক্ত সচিব ও ক্রীড়ালেখক রণজিৎ বিশ্বাস, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা, নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বিশেষ শাখা) শামসুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিসি) পরিচালক ও চট্টগ্রামে বিশ্বকাপ ভেন্যুর চেয়ারম্যান সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর, মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়ালেখক অধ্যাপক শায়েস্তা খান, সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক ক্রিকেটার ও চট্টগ্রাম ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান ও পেনিনসুলা হোটেলের বিপণন ইনচার্জ শাহেদুন্নবী।রণজিৎ বিশ্বাস বলেন, ‘দেশের মাটিতে বিশ্বকাপ হচ্ছে, সেটা আমাদের জন্য গর্বের। যেকোনো বড় দলকে হারানোর সামর্থ্য আমাদের ক্রিকেটারদের আছে। দেশের মাটিতে খেলা বলে তাঁদের কাছে আমাদের প্রত্যাশাও অনেক বেড়ে গেছে।’বিসিবির পরিচালক সিরাজুদ্দীন বলেন, ‘সময়ের তুলনায় আমাদের কাজ অনেক বেশি। বিশ্বকাপের আগে আমরা সব কাজ সুচারুভাবে সম্পন্ন করতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।’ সিটি করপোরেশনের সচিব সামসুদ্দোহা বলেন, সিটি করপোরেশন বিশ্বকাপ ঘিরে নগরকে সুন্দর করার পরিকল্পনা হাতে নিয়েছে। ৬৫-৭০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।পুলিশ কর্মকর্তা শামসুল হক বলেন, ‘বিশ্বকাপের সময় নগরের যানজট নিরসনে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ। কিছু ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শায়েস্তা খান বলেন, চট্টগ্রামের ঘরোয়া ক্রিকেটের দুর্বলতার কারণে জাতীয় দলে চট্টগ্রামের প্রতিনিধি কমে গেছে।