সময়মতো বাস পৌঁছানো অনিশ্চিত বলে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে না
সড়কের দুরবস্থার কারণে গাড়ি চলাচলে এমনিতে দুর্ভোগ লেগে আছে। গন্তব্যে পৌঁছাতে সময়ও লাগছে অনেক বেশি। বৃষ্টি হলে সড়কের অবস্থা আরও খারাপ হবে, গাড়ি ছাড়ার সময় ঠিক রাখা সম্ভব হবে না। এই আশঙ্কায় ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা থেকে বিরত রয়েছে অনেক বাস কোম্পানি। সায়েদাবাদ বাস টার্মিনাল মালিক সমিতি ঘোষণা দিয়েছে, রাস্তার অবস্থা ভালো না হলে, ঈদ উপলক্ষে তারা অগ্রিম টিকিট বিক্রি করবে না। গতকাল সোমবার সায়েদাবাদ এলাকায় বিভিন্ন বাসের কাউন্টার ঘুরে দেখা যায়, টিকিট বিক্রেতারা বলছেন, ‘বুকিং দিতে চান, দিয়া যান, তবে গাড়ি না আইলে আমাগোর কিচ্ছু করার নেই।’অবশ্য হানিফ, শ্যামলী, এস আলম, ইউনিকসহ অল্প কিছু পরিবহন কোম্পানি অগ্রিম টিকিট বিক্রি করছে। তবে সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে শ্যামলী পরিবহন কাউন্টারে গিয়ে দেখা যায়, ব্যবস্থাপক হেলাল উদ্দিন যাত্রীদের অগ্রিম টিকিট নেই বলে ফিরিয়ে দিচ্ছেন। কারণ জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, দিনের বেলা বাস ছাড়া যাচ্ছে না। রাতে অল্প কিছু বাস চালু করায় টিকিট কম বেচা হচ্ছে।এ সময় একজন বাসচালক বলেন, রাতের বেলায় বাস ছেড়ে গেলেও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রাবাড়ী অতিক্রম করতে দুই থেকে চার ঘণ্টা সময় লাগছে। কুমিল্লার গৌরীপুর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড পর্যন্ত ভাঙাচোরা রাস্তা পার হতে লাগে আরও তিন-চার ঘণ্টা। সব মিলিয়ে ছয় ঘণ্টার চট্টগ্রামের যাত্রায় এখন সময় লাগছে ১২ থেকে ১৪ ঘণ্টা। সায়েদাবাদ থেকে দেশের ২০টি গন্তব্যে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ বাস ছাড়ে। দুই সপ্তাহ ধরে বাসের সংখ্যা এক হাজারে নেমে এসেছে। ভালো মানের বাস চালায় এমন কোম্পানিগুলো দিনের বেলা গাড়ি ছাড়ছে না।প্রায় একই অবস্থা মহাখালী বাস টার্মিনালেও। এই টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, সিরাজগঞ্জ, বগুড়াসহ উত্তরবঙ্গের কয়েকটি পথের বাস চলাচল করে। মাত্র তিনটি কোম্পানি অগ্রিম টিকিট বিক্রি করছে।বগুড়া-রংপুর গন্তব্যে এসআর ট্রাভেলস ও টিআর পরিবহন এবং সিলেট গন্তব্যে এনা পরিহন অগ্রিম টিকিট বিক্রি করছে। এর মধ্যে এসআর ট্রাভেলস ২৭, ২৮ ও ২৯ আগস্টের অগ্রিম টিকিট বিক্রি করছে না।ঢাকা থেকে বগুড়া, রংপুর, গাইবান্ধা, বুড়িমারী গন্তব্যে চলাচলকারী এসআর পরিবহনের কাউন্টার-ব্যবস্থাপক সেলিম উদ্দিন বলেন, ২৩, ২৪, ২৫ ও ২৬ আগস্টের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। তবে এর পরের তিন দিনের টিকিট গাড়ি আসার পর তা ৎ ক্ষণিকভাবে বিক্রি হবে।সেলিম বলেন, ‘রাস্তার যে অবস্থা, টিকিটের টাইম ধরে গাড়ি ছাড়া খুব কষ্ট হয়ে যাবে ঈদের আগে। দেখা গেল, টিকিট বিক্রি শেষ গাড়ি আইল না। তখন পাবলিকের মাইর খাওয়া লাগবে। এই জন্যে ঈদের আগের তিন দিন আমরা গাড়ি আসার পর টিকিট বিক্রি করব।’এনা পরিবহনের কাউন্টার-ব্যবস্থাপক আব্রাহাম পিউরিফিকেশন বলেন, এখন ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সময় লাগছে পাঁচ থেকে সাত ঘণ্টা। আর যদি বৃষ্টি হয় তাহলে রাস্তায় গাড়ি চলবে কি না, সেটি নিয়েই সংশয় রয়েছে। তাই বেশির ভাগ বাস কোম্পানি অগ্রিম টিকিট বিক্রি করছে না। তিনি বলেন, গাড়ি ঢাকা শহরের ভেতর ঢুকেছে, মুঠোফোনে খবর পাওয়ার পরই তাঁরা টিকিট বিক্রি করছেন। তবে এনা পরিবহনের সিলেট পথের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। টঙ্গী-ঘোড়াশাল হয়ে সিলেট পর্যন্ত নতুন সার্ভিস চালু হয়েছে। ঈদ সামনে রেখে এই পরিবহনের টিকিটের দাম বাড়ানো হচ্ছে না বলেও দাবি করেন তিনি। ঢাকা-নেত্রকোনা পথের শাহজালাল পরিবহনের কাউন্টার-ব্যবস্থাপক ইমাম হাসান বলেন, তাঁদের পরিবহনেরও অগ্রিম টিকিট বিক্রি হবে না। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলাচলকারী টিআর পরিবহনের কাউন্টার-ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, তাঁদের সব পথের অগ্রিম টিকিট বিক্রি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।এ ছাড়া মহাখালী থেকে বৃহত্তর ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলাচলকারী বাসগুলোর অগ্রিম টিকিট দেওয়া হবে না। তা ৎ ক্ষণিকভাবেই এগুলোর টিকিট বিক্রি হবে।সিরাজগঞ্জগামী এসআই, অভি পরিবহন, বগুড়াগামী একতা পরিবহনের কাউন্টার থেকে এসব তথ্য জানা গেছে।গাবতলীতে কালোবাজারে টিকিট: গাবতলী টার্মিনালে বেশির ভাগ বাস কাউন্টারে অগ্রিম টিকিট নেই। কিন্তু কাছে-পিছেই টিকিট নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা। যাত্রী চিনলেই কানের কাছে ফিসফিস করে বলছে, ‘কোন্ দিনের কোন্ বাসের টিকিট? সবই দেওন যাইব।’ এমন একজনের কাছে আবদুর রশীদ নামের একজন যাত্রী ২৫ আগস্টের হানিফ পরিবহনের ঝিনাইদহের টিকিট চান। তখন তাঁকে বলা হয়, প্রতি টিকিটে ১৫০ টাকা করে বেশি দিতে হবে। যাঁরা ২৯ আগস্টের টিকিট চাচ্ছেন, দূরত্ব বুঝে তাঁদের কাছে ২০০ টাকা পর্যন্ত বাড়তি দাম চাওয়া হচ্ছে বলে রশীদসহ কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন। গতকাল দুপুরে গাবতলী বাস টার্মিনালে গিয়ে বিভিন্ন কাউন্টারে এ ধরনের কিছু ত ৎ পরতা চোখে পড়েছে। গাবতলী এলাকার কয়েকজন দোকানি বলেন, গত রোববার ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু করার পর কালোবাজারিরা পালিয়েছিল। গতকাল ফাঁকা পেয়ে তাদের ত ৎ পরতা আরও বেড়ে গেছে। মিরপুর আন্তজেলা বাস টার্মিনাল তথা গাবতলী টার্মিনালে প্রকাশ্যে কালোবাজারিদের ত ৎ পরতা দেখা যায় সোহাগ, ইগল, এস এ পরিবহন, রোজিনা, বাবলু, কল্যাণপুরে নিউ এলিগেন্স ট্রাভেলস, মর্ডান এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, আগমনী এক্সপ্রেস, এসআর ট্রাভেলস, টিআর ট্রাভেলস প্রভৃতি পরিবহন কার্যালয় বা কাউন্টারের সামনে। গতকালও গাবতলীতে ও মাজার রোডে নাবিল পরিবহনের সামনে ‘অগ্রিম টিকিট পাওয়া যায়’ মর্মে ঘোষণা ছিল, কিন্তু বাস্তবে পাওয়া যায়নি। কাউন্টার থেকে বলা হয়, ছিল, শেষ হয়ে গেছে। গাবতলীর বাস কাউন্টারগুলোতে ২৫ ও ২৯ আগস্টের টিকিট ছিল প্রায় দুর্লভ। ২৫ তারিখের টিকিটের বাড়তি চাহিদার কারণ ২৮ আগস্ট শবে কদরের এবং আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি; এই ছুটির সঙ্গে শুধু ২৯ আগস্ট এক দিনের ছুটি নেওয়া হলে ঈদের ছুটির সঙ্গে যোগ হবে। যাঁরা এ ধরনের ছুটি নেবেন না, তাঁদের বেশির ভাগ যাত্রী ঢাকা ছাড়তে চান ২৯ আগস্ট। তাই ওই দিনের টিকিটেরও চাহিদা বেশি বলে জানালেন বাসের কর্মীরা।