সময়মতো শুরু না হওয়ায় ব্যয় বাড়ছে ৪০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়মতো শুরু না করায় ঢাকা ওয়াসার দুই প্রকল্পের ব্যয় বেড়ে যাচ্ছে ৪০০ কোটি টাকার বেশি। এর মধ্যে সায়েদাবাদ পানি শোধনাগার দ্বিতীয় পর্বের নির্মাণ ব্যয় বাড়ছে প্রায় ৩১১ কোটি টাকা। আর ঢাকার নদী দূষণমুক্ত করার জন্য দাসেরকান্দিতে নড়াই খালে পরিশোধন প্লান্ট তৈরিতে ব্যয় বাড়ছে ১০০ কোটি টাকারও বেশি। ২০০৭ সালে সায়েদাবাদ শোধনাগার দ্বিতীয় পর্বের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৮২৯ কোটি টাকা। এখন এর ব্যয় হচ্ছে এক হাজার ১৩৯ কোটি ৯১ লাখ টাকা। ২০০৮ সালে অপর প্রকল্পটির নির্মাণ খরচ ধরা হয়েছিল ৪৯৯ কোটি টাকা। এখনই এর কাজ শুরু করলে ব্যয় ১০০ কোটি টাকার বেশি বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সায়েদাবাদ শোধনাগারের দ্বিতীয় প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। আগামী মাসে এ প্রকল্পের কাজ শুরু হতে পারে। অন্যদিকে দাসেরকান্দি প্লান্ট প্রাক-একনেক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ছয় মাস চলে গেছে। সায়েদাবাদ পানি শোধনাগারের কাজ ২০১৩ সালের জুনের আগে শেষ হবে না বলে জানা গেছে। প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার পানির সঙ্গে আরও সাড়ে ২২ কোটি লিটার যোগ হবে। এতে ঢাকার পানির চাহিদা অনেকটা পূরণ হবে বলে ওয়াসার দাবি। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক রায়হানুল আবেদীন প্রথম আলোকে বলেছিলেন, ‘শীতলক্ষ্যা নদীর পানি শোধন করা কষ্টসাধ্য হয়ে গেছে। সায়েদাবাদ শোধনাগার থেকে পানি সরবরাহ করার আগ পর্যন্ত এ পানি আগাম শোধনের জন্য প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে প্রাক-শোধন যন্ত্র (প্রি-ট্রিটমেন্ট) বসানো হবে। তাই আর একটা বছর নগরবাসীকে কষ্ট করতে হবে।’ কিন্তু এক বছরেও প্রাক-শোধন যন্ত্র বসানোর কোনো ব্যবস্থা করা হয়নি। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান বলেন, সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্ব প্রকল্পের সঙ্গে প্রাক-শোধন যন্ত্র স্থাপন প্রকল্প যুক্ত করা হয়েছে। দাসেরকান্দি পরিশোধন প্রকল্প: ঢাকার চার নদীর দূষণের জন্য দায়ী বারোয়ারি বর্জ্য শোধনে নগরের পূর্বাঞ্চলীয় দাসেরকান্দি এলাকার নড়াই খালে একটি প্লান্ট বাস্তবায়নের জন্য ২০০৮ সালের জুলাইয়ে সমীক্ষাপত্র তৈরি করেছিল বুয়েটের একটি বিশেষজ্ঞ দল। সুপারিশ ছিল, বুয়েটের নকশার ভিত্তিতে ঢাকা ওয়াসার প্রকৌশলীদের প্রশিক্ষণ দিয়ে দেশীয় প্রযুক্তিতে প্লান্টের কাজ হবে। ছয় মাস আগে এটি প্রাক্-একনেকে অনুমোদিত হলেও এখনো একনেকে অনুমোদনের জন্য যায়নি। এ কাজের সমীক্ষক বুয়েটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, নড়াই খালে পরিশোধন প্লান্টটি হলে সায়েদাবাদ পানি শোধনাগার অবশ্যই উপকৃত হবে। অন্তত প্রতিবছর এ মৌসুমে পানিতে যে দুর্গন্ধ দেখা দেয়, তা থাকবে না। বুয়েট ও ওয়াসা সূত্রে জানা যায়, প্রকল্পটি একনেকে নেওয়ার বিষয়ে কোনো প্রক্রিয়াই শুরু করা হয়নি। ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান বলেন, দাসেরকান্দি প্রকল্পের জন্য নতুন করে হিসাব করা হচ্ছে। প্রকল্পটি আবার প্রাক্-একনেকে যাওয়ার সম্ভাবনার কথাও তিনি জেনেছেন বলে জানান।