সময়মতো সুনামির সতর্ক বার্তা ঘোষণা না করায় চিলির কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলিতে ২৭ ফেব্রুয়ারির ভূমিকম্পের পর দেশব্যাপী সুনামির সতর্ক বার্তা ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় চিলির নৌবাহিনীর জলবিদ্যা ও সমুদ্রবিদ্যা বিভাগের (শোয়া) প্রধান কমান্ডার মারিয়ানো রোজাসকে বরখাস্ত করা হয়েছে। তাঁর জায়গায় ‘শোয়া’র প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কমান্ডার প্যাট্রিসিও কারাসকো।এক সরকারি বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, ভূমিকম্পের ওই দুর্যোগ কীভাবে মোকাবিলা করা হয় সে বিষয়ে তদন্ত চালাচ্ছে দেশটির নৌবাহিনী। ভূমিকম্পের পরে বিভিন্ন উপকূলীয় শহরের বন্দর কর্তৃপক্ষ সুনামির সতর্ক বার্তা ঘোষণা করে। কিন্তু জাতীয় পর্যায়ে কোনো সতর্কবাণী ঘোষণা করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন আগাম সতর্কতা জারি না করায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েছে। সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাও স্বীকার করেন যে চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেটকে অনেক দেরিতে সুনামির সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। এদিকে সরকারি হিসাবে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৮০২ থেকে ৪৫২-এ কমানো হয়েছে। অবশ্য সেখানে অনেক লোক এখনো নিখোঁজ রয়েছে। প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট বলেছেন, দেশের পুনর্গঠনের জন্য তিন থেকে চার বছর সময় লাগবে।এদিকে গত শুক্রবার আরও তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর ফলে দেশটির দ্বিতীয় বৃহত্তম নগর কনসেপসিওনে আগের ভূকম্পনে অর্ধভগ্ন বেশ কিছু ভবন পুরোপুরি ধসে পড়ে।