সময়সীমা বেঁধে দিল ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মপরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন ঘটাতে তিনটি বিষয়ে অগ্রগতির সময়সীমা বেঁধে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। এর মাধ্যমে বাংলাদেশকে আগামী ডিসেম্বরের মধ্যে কারখানা পরিদর্শকের সংখ্যা ২০০তে উন্নীত করতে হবে এবং আগামী বছরের জুনের মধ্যে সব কারখানার কাঠামো ও নিরাপত্তাব্যবস্থার পরিদর্শন সমাপ্ত করতে হবে। পাশাপাশি জাতীয় সংসদের চলতি অধিবেশনেই শ্রম আইন সংশোধন করতে হবে। এ আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের সংগঠিত হওয়ার পূর্ণ অধিকার ও দর-কষাকষির ক্ষমতা দিতে হবে। ইইউ বলেছে, এ তিন বিষয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হবে। কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে কঠোর ব্যবস্থা নেবে তারা।গতকাল সোমবার জেনেভায় ইইউ আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ইইউ ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং যুক্তরাষ্ট্র এ বৈঠকে অংশ নেয়। বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বৈঠকে ইউরোপের বৃহৎ ক্রেতারা এবং শ্রমিক অধিকার-সংক্রান্ত বিভিন্ন সংগঠনও অংশ নেয়। বাংলাদেশের বেসরকারি খাতের প্রতিনিধিরাও বৈঠকে বক্তব্য দেন। বৈঠকে সভাপতিত্ব করেন ইইউ ট্রেড কমিশনার ক্যারল ডি গুশ। এ সময় আইএলওর মহাপরিচালক গাই রাইডারও উপস্থিত ছিলেন। ইইউ ডেলিগেশন কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘স্টেইং এনগেজড আ সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট উইথ বাংলাদেশ’। বৈঠকে মূল বিষয় ছিল শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, কারখানার নিরাপত্তা বাড়ানো এবং দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ। এ নিয়ে কার কী করণীয়, তা নির্ধারণ করতেই এ বৈঠক। এর নামকরণ করা হয়েছে ‘কমপ্যাক্ট’। এটাকে তারা চুক্তি না বলে বলছে বাংলাদেশ সরকার ও ইইউর মধ্যে রাজনৈতিক সমঝোতা। এটি ত্রিপক্ষীয় হওয়ার কথা ছিল। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে, তারা বৈঠকেই সিদ্ধান্ত দিতে পারছে না। ওয়াশিংটন থেকে সিদ্ধান্ত আসতে হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং ওয়াশিংটনে বাংলাদেশ ডেস্কের প্রতিনিধিরা। কমপ্যাক্টের সঙ্গে আইএলও সব সময় সংশ্লিষ্ট থাকবে। জেনেভা বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন সূত্র এবং প্রাপ্ত লিখিত বক্তৃতা থেকে এসব তথ্য জানা গেছে। বৈঠকে ক্যারল ডি গুশ বলেন, জাতীয় সংসদের চলতি অধিবেশনে অর্থাৎ এ সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে সংশোধিত শ্রম আইন পাস করা হবে বাংলাদেশের জন্য প্রথম বড় পরীক্ষা। এ আইনে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার থাকতে হবে। আর সংগঠিত হওয়ার অধিকার দিতে হবে বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) কারখানাগুলোকেও। ক্যারল ডি গুশ এ সময় অস্ত্র ছাড়া সব ধরনের পণ্যে (এভরিথিং বাট আর্মস-ইবিএ) বিশেষ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমি বাংলাদেশ বা অন্য যেকোনো স্বল্পোন্নত দেশকে বলতে চাই, যে বাজার সুবিধা তারা ভোগ করছে তা যেন তারা সহজপ্রাপ্য বলে মনে না করে। বাংলাদেশ যদি বাংলাদেশি শ্রমিকদের জন্য অপর্যাপ্ত পদক্ষেপ নেয়, তাহলে ইইউ অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ এ বিষয়ে বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যারল ডি গুশ বলেন, বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করা হলে বড় ধরনের বিপর্যয় হবে। অনেক শ্রমিক চাকরি হারাবেন। তিনি আরও জানান, অগ্রগতি নিয়ে আলোচনার জন্য ২০১৪ সালে বাংলাদেশ নিয়ে আবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ক্যারল ডি গুশ আরও বলেন, ‘গত দুই মাসে বাংলাদেশে যা ঘটেছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। এখন আমাদের কর্তব্য হচ্ছে পরিস্থিতি বদলে ফেলা। ইউরোপের আইনপ্রণেতারা ও ভোক্তারা চান বাংলাদেশ সঠিক পথে আগাবে। আমি বুঝতে পারি, এটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কাজ। এ ক্ষেত্রে বাংলাদেশের সহায়তা প্রয়োজন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ইইউ সহায়তার জন্য প্রস্তুত।’ সবশেষে তিনি জানান, কমপ্যাক্ট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আছে। বৈঠকে বাংলাদেশের বেসরকারি খাতের পক্ষ থেকে দাবি ছিল, ক্রেতারা যেন ন্যায্য দাম দিয়ে পোশাক কেনে। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক এ দাবি তুললেও তা কমপ্যাক্টে অন্তর্ভুক্ত হয়নি। এ বিষয়ে বলা হয়েছে, মুক্তবাজারে এভাবে দর নির্দিষ্ট বা নির্ধারিত করে দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে ফজলুল হক গতকাল ফোনে প্রথম আলোকে বলেন, তিনি বলেছেন, দর নির্ধারিত না করা গেলেও যাতে ক্রেতারা আগের বছরের তুলনায় পোশাকের মূল্য বেশি ধরে, কম নয়। কারণ, ক্রেতারা মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে মজুরি সমন্বয়ের কথা বলে, এ নীতি তাদেরও থাকা উচিত।বৈঠকে আরও বক্তব্য দেন বাংলাদেশ তৈরি পোশাক মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সাবেক সভাপতি শফিউল ইসলাম, নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক রায় রমেশ, ফজলুল হক, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের সাধারণ সম্পাদক জিরকি রায়না, বিক্রেতা প্রতিষ্ঠান সি অ্যান্ড এ-এর ফিলিপ চেম্বারলিন, পিভিএইচের মারিশা পিএজি এবং বিজনেস সোশ্যাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক লরেঞ্জ বেরজউ। সংবাদ সম্মেলন: মূল বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ইইউ ট্রেড কমিশনার ক্যারল ডি গুশ এবং আইএলওর মহাপরিচালক গাই রাইডার। এ সময় বাংলাদেশের কারখানা ভবনের মান নিয়ে একাধিক প্রশ্ন করা হলে ক্যারল ডি গুশ বলেন, পৃথিবীর বহু দেশ তিনি ঘুরেছেন। বহু দেশে অনেক বিপজ্জনক ভবন আছে। সুতরাং বাংলাদেশকে আলাদা করে চিহ্নিত করা সঠিক হবে না। দুর্ঘটনা ঘটতেই পারে। তবে সবারই প্রত্যাশা ‘কমপ্যাক্ট’-এর ফলে পরিবেশের উন্নতি হবে এবং দুর্ঘটনা এড়ানো যাবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এ নিয়ে সাংবাদিকেরা একাধিক প্রশ্ন করেন। এর জবাবে ইইউর ট্রেড কমিশনার বলেন, উন্নতি করতে হলে বাণিজ্য বাঁচিয়ে রেখেই তা করতে হবে। বাণিজ্য বন্ধ করে সম্ভব নয়। তিনি এ সময় আরও বলেন, বাংলাদেশের কর্মপরিবেশ উন্নয়নে ইইউ সাধ্যমতো সবকিছুই করবে।এএফপি জানায়, সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কর্মপরিবেশের উন্নতি, শ্রমিকদের অধিকার রক্ষা ও ন্যায্য মজুরি দেওয়ার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। কারখানা পরিদর্শনে আসছে ক্রতারা: এদিকে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর নিরাপত্তার মানোন্নয়নে সহায়তা করবে বিদেশি ক্রেতারা। এ বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয়েছে শীর্ষস্থানীয় ৭৩টি পশ্চিমা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। চুক্তিটিও গতকাল প্রকাশ করা হয়। এর অংশ হিসেবে চলতি মাসের শেষের দিকে কারখানা পরিদর্শনে আসছে তারা। এ পরিদর্শনকাজ আগামী নয় মাসের মধ্যে শেষ হবে।গতকালের বৈঠকে এ নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে জানানো হয়, স্বাক্ষর করা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নিয়েও বাংলাদেশের বেসরকারি খাত প্রশ্ন তুলেছে। কেননা, বিজিএমইএ এ কমিটির পর্যবেক্ষক থাকবে। দেশের বেসরকারি খাত বলেছে, স্টিয়ারিং কমিটিতেই বাংলাদেশের থাকা উচিত।এএফপি ও বিবিসি জানায়, ‘অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’ নামে এ চুক্তি বাধ্যতামূলক একটি চুক্তি। এতে বিদেশি কোম্পানিগুলোর জন্য বাংলাদেশি যেসব কারখানা পোশাক প্রস্তুত করে, সেগুলোতে আগামী নয় মাসের মধ্যে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার ত্রুটি থাকলে সেখানে সাহায্য করা হবে।রানা প্লাজা ধসের পর থেকেই সুইজারল্যান্ডভিত্তিক ইন্ডাস্ট্রিয়াল ও ইউনি গ্লোবাল ইউনিয়নসহ বিশ্বের শ্রমিক সংগঠন পশ্চিমা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোকে ওই চুক্তিতে সই করতে চাপ দিয়ে আসছিল। এইচ অ্যান্ড এম ও প্রাইমার্কসহ বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো গত মে মাস থেকে বাংলাদেশের কারখানাগুলোয় অগ্নিকাণ্ড ও ভবন নিরাপত্তার বিষয়ে চুক্তির বিষয়ে সম্মত হতে শুরু করে। প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা।চুক্তির পরিচালন কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো ১৫ জুলাইয়ের মধ্যে তাদের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তথ্য প্রদান করবে। এরপর সেগুলো প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করা হবে। পাঁচ বছর মেয়াদের এ চুক্তির বাস্তবায়ন দেখভাল করতে সুইজারল্যান্ডের আমস্টারডামে একটি সদর দপ্তর প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া বাংলাদেশে আরেকটি দপ্তর খোলা হবে।এদিকে ইউরোপের শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো চুক্তিতে সই করলেও ওয়াল-মার্ট ও গ্যাপসহ আমেরিকার নামীদামি ব্র্যান্ডগুলো এটাকে অবজ্ঞা করে আসছে। তারা নিজস্ব প্রবিধান চালুর কথা বলছে। চুক্তিতে সই করা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের গ্রুপটি আর্থিক সহায়তার জন্য এরই মধ্যে বিশ্বব্যাংকের কাছে ধরনা দিয়েছে বলে জানিয়েছে তাদের একজন প্রতিনিধি। ব্রিটিশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এন ব্রাউন গ্রুপের কর্মকর্তা অ্যান্ডি ইয়র্ক বলেন, ‘আমরা বিশ্বব্যাংক, নেদারল্যান্ডস ও ডেনমার্কের সরকারের সঙ্গে এরই মধ্যে প্রাথমিক আলোচনা শেষ করেছি। এ সংস্কারকাজে অর্থায়নের জন্য আমরা তাদের কাছে সহজ শর্তে ঋণ (সফট লোন) চেয়েছি।’