সময়সীমা শেষ, মুক্তি পাননি অপহূতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান বি টেকনো-লজির প্রকৌশলীসহ অপহূত পাঁচজনের মুক্তির ব্যাপারে পুলিশ প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা গতকাল শুক্রবার শেষ হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত অপহূত ব্যক্তিরা মুক্তি পাননি। পুলিশ প্রশাসন জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতিবাচক খবর পাওয়া গেছে। পাশাপাশি সেনাবাহিনীও অপহরণকারীদের কাছাকাছি পৌঁছার কথা জানিয়েছে। সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের জি-২ ইন্টেলিজেন্স মেজর মুহাম্মদ রুবায়াত জামিল গতকাল বলেন, ‘অপহূত ব্যক্তিদের খুব দূরে নিয়ে যেতে পারেনি অপহরণকারীরা। আমরা অপহরণকারীদের আস্তানার কাছাকাছি পৌঁছেছি। সেটা তারা জানতে পেরেছে।’মেজর জামিল আরও বলেন, ‘আশা করছি, শিগগিরই অপহূত ব্যক্তিদের মুক্ত করা যাবে। তবে জনগণের ক্ষতি হওয়ার আশঙ্কায় আমাদের ধীরে-সুস্থে এগোতে হচ্ছে।’ রাঙামাটি পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ রাখছি। ইতিবাচক খবরও পাচ্ছি। অপহূত ব্যক্তিদের মুক্তি দেওয়ার সম্ভাবনা স্পষ্ট হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী উদ্ধার অভিযানও অব্যাহত রেখেছে।’ বি টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইউসুফ জানান, ১২ জুলাই অপহরণকারীদের সঙ্গে মুঠোফোনে সর্বশেষ যোগাযোগ হয়েছিল। এর পর থেকে অপহরণকারী বা মধ্যস্থতাকারী কারও সঙ্গে যোগাযোগ হয়নি। তবে তাঁরা সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ৮ জুলাই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিন্দিঘাট এলাকায় টেলিটকের একটি টাওয়ারে কারিগরি ত্রুটি মেরামতের কাজ করছিলেন বি টেকনোলজির প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. ইমরুল হোসেন ও মো. হেমায়েত হোসেন এবং সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমান। এ সময় তাঁদের অপরহণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। পরে মুক্তিপণ হিসেবে ৪০ লাখ টাকা দাবি করা হয়।একপর্যায়ে খাগড়াছড়ির গোপন জায়গায় বি টেকনোলজির প্রতিনিধির সঙ্গে অপহরণকারীদের বৈঠক হয়। তবে মুক্তিপণ ৪০ লাখ টাকা থেকে বাড়িয়ে তিন কোটি টাকা দাবি করায় বৈঠক ভেস্তে যায়। অবরোধের ঘোষণা: অপহূত ব্যক্তিদের আজ শনিবারের মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বাঙালিদের সংগঠন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ। গতকাল সংগঠন দুটির পাঠানো যৌথ বিবৃতিতে বলা হয়, শনিবারের মধ্যে অপহূত ব্যক্তিদের মুক্তি দেওয়া না হলে পরদিন রোববার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।যোগাযোগ করা হলে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মো. ইব্রাহীম বলেন, অবরোধে অভ্যন্তরীণ যান চলাচল করতে পারবে। তবে সড়ক ও নৌপথের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।