সময়সীমার আগেই আফগানিস্তান ছাড়বেন অস্ট্রেলিয়ার সেনারা
পূর্বনির্ধারিত সময়সীমার আগেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। রাজধানী ক্যানবেরায় অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটে আজ মঙ্গলবার দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।২০১৪ সালের মধ্যে বেশির ভাগ বিদেশি সেনা আফগানিস্তান ছাড়ার কথা।আগামী মাসে শিকাগোয় আফগানিস্তান-বিষয়ক ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে গিলার্ড তাঁর দেওয়া এই ভাষণে বলেন, এ বছরই সেনাদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হবে। আগামী বছর দেশটিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগেই বেশির ভাগ সেনাসদস্য দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ন্যাটো বাহিনী আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু এলাকার নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর কাছে হস্তান্তর করেছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।আন্তর্জাতিক নিরাপত্তা ও সহায়তা বাহিনীর (ইসাফ) তথ্য অনুযায়ী আফগানিস্তানে ন্যাটোর সহযোগী ৫০টি দেশের প্রায় এক লাখ ৩০ হাজার সেনা রয়েছেন। তাঁদের মধ্যে অস্ট্রেলিয়ার এক হাজার ৫৫০ জন। তাঁরা মূলত আফগানিস্তানের উরুজগান প্রদেশে অবস্থান করছেন।অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ২০০১ সাল থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে ৩২ জন অস্ট্রেলীয় সেনা নিহত হয়েছেন। কাবুলে গত রোববার ১৮ ঘণ্টা ধরে চলা জঙ্গি হামলায় অন্তত ৫০ জন নিহত হন। এ হামলার জন্য প্রেসিডেন্ট হামিদ কারজাই গোয়েন্দাদের ব্যর্থতা বিশেষ করে ন্যাটোর সমালোচনা করেন। অবশ্য এ হামলা প্রতিরোধে আফগান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।তবে নিরাপত্তার স্বার্থে বিশেষ বাহিনীর কিছু সদস্যকে আফগানিস্তানে রাখার চিন্তা করছে অস্ট্রেলিয়া।