সময়সূচি বলে কিছু নেই, খাদ্য পরিবহনে সংকট
ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস গত বছরের এপ্রিল মাসে ২৬ দিন এই পথে চলাচল করেছে। ট্রেনটি সময়মতো যাত্রা করে ২৬ দিনই ঢাকায় পৌঁছে নির্ধারিত সময়ের মধ্যে। রেলের বিশ্লেষণে এই ট্রেনের নিয়মানুবর্তিতার হার ১০০ শতাংশ।ঠিক এক বছর পর এ বছরের এপ্রিলে একই ট্রেন একই পথে চলাচল করেছে ২৫ দিন। সময়মতো ট্রেনটি চট্টগ্রাম ছাড়লেও ঢাকায় পৌঁছাতে দেরি করেছে ১৭ দিন। এই দেরির মাত্রা ছিল সর্বনিম্ন আধাঘণ্টা থেকে সর্বোচ্চ তিন ঘণ্টা। রেলের বিশ্লেষণে এক বছরে একই ট্রেনের নিয়মানুবর্তিতার হার নেমে হয় ৬৮ শতাংশ।আর গতকাল রোববার পর্যন্ত চলতি মে মাসের ৩০ দিনে এই সুবর্ণ এক্সপ্রেসের নিয়মানুবর্তিতার হার নেমে আসে ৬০ শতাংশে।রেলের পরিসংখ্যান, বিশ্লেষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু একটি আন্তনগর ট্রেনই নয় বরং সারা দেশে চলাচলকারী ২৮৭টি ট্রেনের কোনোটিরই সময়সূচি এখন আর ঠিক নেই। ফলে রেলের যাত্রী ও মালামাল পরিবহনে ভয়াবহ সংকট দেখা দিয়েছে।এ অবস্থায় রেল কর্তৃপক্ষ খাদ্য বিভাগকে চিঠি দিয়ে জানিয়েছে যে, তাদের পক্ষে আগের মতো আর খাদ্যশস্য পরিবহন করা সম্ভব নয়। খাদ্য বিভাগের হিসাবে দেখা যায়, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা বিপুল পরিমাণ গম সারা দেশে পরিবহন এবং দিনাজপুর, রংপুর অঞ্চল থেকে চাল এনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে জোগান দেওয়ার কাজটি মূলত রেলের মাধ্যমেই হতো। কিন্তু পর্যাপ্ত রেল-ইঞ্জিন না থাকায় রেল কর্তৃপক্ষ গত মাসে সরকারি খাদ্যশস্য পরিবহনে তাদের সমস্যার কথা জানায়।কর্মকর্তারা জানান, সারা দেশে বিস্তৃত দুই হাজার ৭৬৮ কিলোমিটার দীর্ঘ রেললাইন ব্যবহার করে রেল কর্তৃপক্ষ যাত্রী ও মালামাল পরিবহনের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নীরবে। এর মধ্যে আছে খাদ্যশস্য, সার, জ্বালানি তেল, আমদানি করা মুদ্রা ও টাঁকশালের টাকা পরিবহন, সেনাবাহিনীর সেনা, রসদ ও যুদ্ধ সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় আনা ইত্যাদি। তুলনামূলক কম খরচে রেল কর্তৃপক্ষ এসব কাজ করে থাকে। ট্রেন চলাচলে দুরবস্থার কারণে এসব পরিবহনের ক্ষেত্রে নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানা যায়।খাদ্য বিভাগের চট্টগ্রাম অঞ্চলের নিয়ন্ত্রক (চলাচল ও সংরক্ষণ) মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সরকারি খাদ্য পরিবহনে আমরা এখন আর রেলের ওপর নির্ভর করতে পারছি না। রেল এখন কোনো অবস্থাতেই ৮-১০ শতাংশের বেশি খাদ্যশস্য পরিবহন করতে পারছে না। আগে অন্তত ৪০ শতাংশ রেলের মাধ্যমে পরিবহন হতো।’খাদ্য বিভাগের হিসাবমতে, রেলের মাধ্যমে প্রতি মাসে গড়ে ২২ থেকে ২৫ হাজার মেট্রিক টন চাল-গম পরিবহন করার জন্য রেল কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র দেওয়া হয়। কিন্তু ইঞ্জিন ও ওয়াগন সংকটের কারণে এখন কোনো মাসেই ছয়-সাত হাজার টনের বেশি পরিবহন করতে পারছে না রেল।চলতি মে মাসে রেলের মাধ্যমে পরিবহনের জন্য খাদ্য বিভাগ মোট ২৪ হাজার ৫০০ টনের চাহিদাপত্র দিয়েছে। এর মধ্যে যমুনার এপার থেকে ১২ হাজার টন গম ওপারে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নেওয়া সম্ভব হয়েছে মাত্র দুই হাজার মেট্রিক টন গম।একইভাবে ওপার থেকে যমুনার এপারে সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল আনার কথা থাকলেও সম্ভব হয়েছে পাঁচ হাজার ২০০ মেট্রিক টন।রেলের নিজস্ব প্রতিবেদনে বলা হয়, একটি মালবাহী ট্রেন ১০ টন পণ্য পরিবহন ধারণক্ষমতার ১১০টি ট্রাকের সমপরিমাণ পণ্য পরিবহনে সক্ষম। একইভাবে ৮০টি বাসের সমানসংখ্যক যাত্রী পরিবহন করতে পারে একটি ট্রেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, রেলের লোকবলসংকট, ইঞ্জিন ও ওয়াগনের স্বল্পতা এবং রেললাইনের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ সময়মতো না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।সময় ঠিক নেই: রেলের বিশ্লেষণে দেখা যায়, আন্তনগর ট্রেনগুলোর কোনো কোনোটির সময়ানুবর্তিতার হার ২৭ শতাংশে নেমে এসেছে। এর মধ্যে আছে ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী তূর্ণা এক্সপ্রেস ও মহানগর গোধূলী, চট্টগ্রাম-সিলেটের মধ্যে চলাচলকারী উদয়ন এক্সপ্রেস, ঢাকা ও তারাকান্দির মধ্যে চলাচলকারী অগ্নিবীণা এক্সপ্রেস ইত্যাদি। মেইল ও এক্সপ্রেস ট্রেন ও স্থানীয় শাখা লাইনে চলাচলকারী ট্রেনগুলোর অবস্থা আরও খারাপ। এর মধ্যে ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী ঢাকা এক্সপ্রেস (সময়ানুবর্তিতা ৭ শতাংশ), কর্ণফুলী এক্সপ্রেস (সময়ানুবর্তিতা ৩ শতাংশ), ঢাকা ও মোহনগঞ্জের মধ্যে চলাচলকারী মহুয়া এক্সপ্রেস (সময়ানুবর্তিতা ৪ শতাংশ)। স্থানীয় শাখা লাইনে চলাচলকারী ট্রেনগুলোর নিয়মানুবর্তিতা বলতে এখন আর কিছু নেই।রেলের অতিরিক্ত মহাপরিচালক মো. আখতারুজ্জমান প্রথম আলোকে বলেন, ‘এত দিন আমরা টেনেটুনে চালিয়েছিলাম। এখন আর পারা যাচ্ছে না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে পাওয়ার (ইঞ্জিন) পাওয়া যায় তো চালানোর লোক (লোকোমাস্টার) নেই। আবার কোনোমতে লোকোমাস্টার পাওয়া গেলে পাওয়ার নেই। ফলে যাত্রীবাহী ট্রেন চলাচলে মাত্রাতিরিক্ত বিলম্ব ও পণ্য পরিবহন বিঘ্নিত হচ্ছে।’