মহাসড়কের যানজটের ধকল নিতে পারছে না ট্রেন
সময়সূচিতে আবার বিপর্যয়, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা
মহাসড়কে যানজটের ধকল পড়েছে রেলপথে। ঘরমুখী মানুষের স্রোত এখন কমলাপুর রেলস্টেশনের দিকে। অগ্রিম টিকিট কাটতে না পেরে বিপুলসংখ্যক মানুষ আসনবিহীন টিকিট কেটে দূরদূরান্তের গন্তব্যের দিকে ছুটছে। ঝুঁকি নিয়ে ছাদেও চড়তে দেখা গেছে অনেককে।নরসিংদীর পৌর মেয়র খুন হওয়ার ঘটনায় গত মঙ্গল ও বুধবার ১৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল শুক্রবার কুমিল্লার শশীদলে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচলের সময়সূচিতে আবারও বিপর্যয় সৃষ্টি হয়।গতকাল সকাল থেকেই উত্তরবঙ্গ ও চট্টগ্রামমুখী ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। যমুনা এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও ঈদ উপলক্ষে চালু করা বিশেষ ট্রেনগুলোর ছাদেও বসার জায়গা ছিল না।যমুনা ট্রেনটি বিকেল সাড়ে চারটায় ছাড়ার কথা ছিল। কিন্তু সাড়ে পাঁচটায়ও ট্রেনটি কমলাপুর স্টেশনে ছিল। চলা শুরুর আগেই ট্রেনের ভেতরে যাত্রী ভরে যায়। একপর্যায়ে মানুষ ছাদে আসন পেতে বসা শুরু করেন।কথা হয় ছাদে বসা ময়মনসিংহের গফরগাঁওয়ের যাত্রী আলমাস মিয়া, মহিউদ্দিন ও মজিবুর রহমানের সঙ্গে। রামপুরা থেকে এসেছেন। বিমানবন্দর স্টেশন কাছাকাছি হলেও এসেছেন কমলাপুর। কারণ, বিমানবন্দর স্টেশনে ট্রেনের ভেতরে এবং ছাদে কোথাও জায়গা পাওয়া যায় না।গতকাল সন্ধ্যার দিকে অবশ্য কমলাপুর স্টেশনে মহানগর গোধূলী ট্রেনের ছাদ থেকে যাত্রীদের উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় শ খানেক ঘরমুখী মানুষকে ছাদ থেকে নামিয়ে দেওয়া হয়।এত কষ্ট, তবু যেতে হবে: গতকাল বিকেল তিনটার দিকে কমলাপুর স্টেশনে কথা হয় চুয়াডাঙ্গার মো. শাহজালালের সঙ্গে। দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য। কোন ট্রেনের টিকিট নিতে চান জানতে চাইলে শাহজালাল বলেন, ‘কোন ট্রেন জানি না। যেকোনো ট্রেনের টিকিট পেলেই হবে।’ সব ট্রেনের টিকিটই অগ্রিম বিক্রি হয়ে গেছে, এখন দাঁড়িয়ে যাওয়ার টিকিট দেওয়া হচ্ছে। এ কথা শুনে শাহজালাল বলেন, ‘সড়কপথে যেভাবে যানজটের কথা শুনা যাচ্ছে, তাতে ট্রেনে দাঁড়িয়ে হলেও যেতে পারব।’দাঁড়িয়ে যাওয়ার টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা গেছে শত শত ঘরমুখী মানুষকে। পার্বতীপুরের রেজাউল ইসলাম বলেন, ‘বাসে পার্বতীপুরের ভাড়া ৭০০ টাকা, ট্রেনের ভাড়া ২০০ টাকা। এ ছাড়া মহাসড়কে যানজটের ভোগান্তির কথা সবারই জানা। তাই কষ্ট করে দাঁড়িয়ে হলেও ট্রেনে যেতে চেয়েছি।’রেলওয়ের কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে ঢাকা থেকে প্রতিদিন ২০ হাজার যাত্রী আসনে বসে যাওয়ার মতো ব্যবস্থা আছে। ধরে নেওয়া হয়, এর সঙ্গে আরও ২০ হাজার যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন। কিন্তু গত বৃহস্পতি ও শুক্রবার ধারণারও বেশি লোক দাঁড়িয়ে যান।সময়সূচিতে আবারও বিপর্যয়: মহানগর গোধূলী ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা বিকেল তিনটা ৫০ মিনিটে। কিন্তু বিকেল পাঁচটার সময় ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে গাজীপুরের পুবাইল পর্যন্ত আসে। এই ট্রেন ঢাকায় আসার পর ইঞ্জিন ঘোরানো ও আনুষঙ্গিক যান্ত্রিক পরীক্ষা শেষে আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।গোধূলী ট্রেনের জন্য অপেক্ষায় থাকা চট্টগ্রামের যাত্রী সোহানা পারভীন বলেন, মালামাল ও বাচ্চাদের নিয়ে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে স্টেশনে পৌঁছান তিনি। তিন ঘণ্টা বসে থেকেও ট্রেনের দেখা নেই।লালমনিরহাট এক্সপ্রেসের অবস্থা আরও শোচনীয়। ট্রেনটি রাত নয়টা ৫০ মিনিটে ছাড়ার কথা কমলাপুর থেকে। কিন্তু সন্ধ্যা ছয়টায় কমলাপুর স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেনটি তখনো লালমনিরহাট পৌঁছায়নি। সেখান থেকে এসে আবার যাত্রী নিয়ে লালমনিরহাট যাবে। রেলওয়ের একজন কর্মকর্তা বলেন, লালমনিরহাট এক্সপ্রেসের গতকালের যাত্রা আজ হতে পারে। রংপুর এক্সপ্রেসেও গতকাল প্রায় পৌনে পাঁচ ঘণ্টা দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল নয়টা। কিন্তু কমলাপুর ত্যাগ করে বেলা একটা ৪০ মিনিটে।রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক নিজাম উদ্দিন বলেন, অন্য সময় বিভিন্ন স্টেশনে ট্রেন এক থেকে দুই মিনিট যাত্রাবিরতি দেয়। যাত্রী বেশি হওয়ার কারণে এখন পাঁচ থেকে ১০ মিনিট যাত্রাবিরতি দিতে হচ্ছে। এ ছাড়া নরসিংদীর ঘটনা এবং গতকাল শশীদলে দুর্ঘটনার কারণে কিছুটা সমস্যা তৈরি হয়েছে।