সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনায় পার্বত্য চুক্তি বাস্তবায়িত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকার একটি সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করবে। এ কর্মপরিকল্পনায় চুক্তির কোন বিষয় কখন, কত দিনের মধ্যে বাস্তবায়ন করা হবে এবং এ ব্যাপারে কোন ব্যক্তি বা সংস্থা কী দায়িত্ব পালন করবে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। সে অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তির পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন করা হবে।বর্তমান মহাজোট সরকারের প্রধান দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। অঙ্গীকার বাস্তবায়নে সরকার চুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন, ভূমিবিরোধ নিরসনে ভূমি কমিশন পুনর্গঠনসহ কিছু পদক্ষেপও নিয়েছে।বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) চুক্তির পূর্ণ বাস্তবায়নে একটি সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির দাবি করে। জেএসএসের একটি সুনির্দিষ্ট প্রস্তাবও আছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জেএসএসের মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি ওই অঞ্চলে প্রায় দুই যুগ স্থায়ী একটি রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটায়।নির্ভরযোগ্য সরকারি সূত্রগুলো জানায়, তবে ওই কর্মপরিকল্পনা তৈরির আগে সরকার চাইছে সাম্প্রতিক সময়ে সৃষ্ট কিছু মতবিরোধের নিরসন করতে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমি কমিশনের কার্যক্রম। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে বর্তমান সরকারের পুনর্গঠিত ভূমি কমিশন বিদ্যমান আইন অনুযায়ী ভূমিবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পার্বত্য অঞ্চলের জনগণের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। কমিশনের কাছে এ সংক্রান্ত দরখাস্ত দেওয়ার জন্য মাঠপর্যায়ে নানা সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।কিন্তু বিষয়টি নিয়ে আপত্তি আছে জেএসএসের। তাদের বক্তব্য, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী গঠিত ভূমি কমিশনের কার্যক্রম পরিচালনার জন্য ২০০১ সালে যে আইন করা হয়েছে, তার অন্তত ১৯টি ধারা চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। কাজেই ওই ধারাগুলো সংশোধন না হওয়া পর্যন্ত ভূমি কমিশন কার্যকর হতে পারে না। বিগত চারদলীয় জোট সরকারের আমলেও তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমেদ জেএসএসের সঙ্গে বৈঠক করে এই সংশোধনীর যৌক্তিকতা মেনে নিয়েছিলেন। কিন্তু আইন সংশোধন করা হয়নি। জেএসএস দাবি করছে, বর্তমান সরকার যখন চুক্তি পূর্ণ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, তখন ওই আইনের সংশোধন অপরিহার্য।সরকারও এ ব্যাপারে দ্বিমত করছে না। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, আইন সংশোধন করা দরকার হলে তা অবশ্যই করা হবে। কিন্তু সরকারের গত প্রায় দেড় বছরে এ উদ্যোগ নেওয়া হয়নি।ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, সরকার ভূমি কমিশন গঠন করেছে পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য। এ সংক্রান্ত যে আইনটি বিদ্যমান রয়েছে, কমিশন সে অনুযায়ী কাজ শুরু করেছে। আইন সংশোধন সরকারের ব্যাপার। সরকার যদি আইন সংশোধন করে, তাহলে কমিশন সে অনুযায়ী কাজ করবে। সে জন্য সরকার না বললে কমিশন নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে না।চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপের জন্যও সরকারের কাছে সুপারিশ করেছেন। এ ব্যাপারেও একটি বিরোধ সৃষ্টি হয়েছে। জেএসএস বলছে, ভূমি জরিপ হতে পারে কেবল বিরোধ নিষ্পত্তির পর। বিরোধ নিষ্পত্তির আগে ভূমি জরিপ করা হলে আগে যেখানে যাদের ভূমির মালিকানা ছিল, তা বদলে যেতে পারে।এসব জটিলতা নিরসনে সরকার কী করবে জানতে চাইলে দীপংকর তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা এসব বিষয় নিয়ে একটি বৈঠক করার প্রস্তুতি নিচ্ছি। সেখানে সব পক্ষকে বসে একটি সমঝোতায় আসতে হবে। সে অনুযায়ী কাজ হবে। ভূমি কমিশন কার্যকর করার জন্য আইন সংশোধন করতে হলে সরকার অবশ্যই তা করবে।’চুক্তির পূর্ণ বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে দীপংকর তালুকদার বলেন, ‘আমরা সময়সূচিভিত্তিক একটি কর্মপরিকল্পনা তৈরি করে সে অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ নেব। তবে তার আগে বিদ্যমান জটিলতাগুলোর নিরসন করতে হবে।’