সময়ে ছাড়ছে না কোনো ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে যাওয়ার লালমনি এক্সপ্রেস ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে। সে অনুযায়ী যাত্রীরা স্টেশনে হাজিরও হয়েছিল। কিন্তু ট্রেন ছাড়ার সময় হলে স্টেশনে ঘোষণা দেওয়া হয়, ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকায় পৌঁছাবে শুক্রবার ভোরে। আর বৃহস্পতিবারের ট্রেনটি কমলাপুর থেকে যাত্রা শুরু করবে শুক্রবার সকাল সাতটায়। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী অবশ্য ট্রেনটি শুক্রবার সকাল সাতটায়ও ছাড়তে পারেনি, কমলাপুর থেকে যাত্রা শুরু করে নয়টা ২০ মিনিটে। অর্থাৎ নির্ধারিত সময়ের পাক্কা ১১ ঘণ্টা ১০ মিনিট পর।টিকিট কেটে লালমনি এক্সপ্রেসে যাওয়ার জন্য যথাসময়ে স্টেশনে পৌঁছেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তফা আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, ‘যানজট ঠেলে সময়মতো স্টেশনে গিয়ে শুনি ট্রেন পরদিন ছাড়বে। পরদিন সকাল সাতটার আগে স্টেশনে এসে আবারও ভোগান্তি। রেলওয়ের কর্মকর্তারাও জানান, লালমনি এক্সপ্রেসের অনেক যাত্রী কমলাপুর স্টেশনেই রাত কাটান।’ ঈদযাত্রা শুরু হতে না হতেই ট্রেনের সময়সূচি ভেঙে পড়েছে। রেলওয়ের কর্মকর্তা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, যাত্রীদের বিড়ম্বনা আরও বাড়বে। ঈদের জন্য অগ্রিম টিকিট কাটা যাত্রীদের বাড়ি ফেরা শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। প্রায় সব ট্রেনই গতকাল নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে স্টেশন ছাড়ে।‘কোনোরকমে বসা যায়—এমন একটি সাধারণ কামরার টিকিট কেনার জন্য ১০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। এত কষ্টে কেনা টিকিট দিয়ে ভ্রমণ করতে এসে আবার ভোগান্তি পোহাতে হচ্ছে। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও ট্রেন ছাড়ে না। পদে পদে ভোগান্তি আর ভালো লাগে না।’ গতকাল বিকেলে কমলাপুর স্টেশনে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী আতাউর রহমান। তিনি জানান, পথে যানজট হতে পারে, এই ভয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ট্রেন ছাড়ার সময়ের দুই ঘণ্টা আগে আজিমপুরের বাসা থেকে বের হন। এ ছাড়া গতকাল চট্টগ্রামগামী মহানগর গোধূলি প্রায় এক ঘণ্টা এবং জামালপুরগামী অগ্নিবীণা নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা দেরিতে কমলাপুর স্টেশন ছাড়ে। অগ্নিবীণা ট্রেনের যাত্রী হেলাল উদ্দিন বলেন, ১০ থেকে ১৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাওয়া যায় না। আবার টিকিট পেলে ট্রেন আসে দেরিতে। মহানগর গোধূলির যাত্রী জামালউদ্দিন জানান, ২১ আগস্ট অগ্রিম টিকিট কেনার জন্য আগের দিন রাতে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু কাউন্টারে শীতাতপ নিয়ন্ত্রিত কামরা ও কেবিনের টিকিট পাওয়া যায়নি। কষ্ট করে একটি শোভন শ্রেণীর টিকিট সংগ্রহ করেও সময়মতো যেতে পারছেন না। রেলওয়ে সূত্র জানায়, আন্তনগর ও বিশেষ ট্রেন মিলিয়ে ঈদে ১৫ হাজারের কিছু বেশি আসন আছে। আসনের দ্বিগুণ থেকে তিনগুণ যাত্রী আসনবিহীন টিকিট নিয়ে ভ্রমণ করে থাকে। ঈদের আগের দুই দিন ছাদেও যাত্রী ভ্রমণ করে। গতকাল দুপুর আড়াইটার দিকে কমলাপুর স্টেশনে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনে আসনের অতিরিক্ত প্রচুর যাত্রী দাঁড়িয়ে যেতে দেখা গেছে। রেলওয়ের কর্মকর্তারা বলেন, কমলাপুর থেকে যত যাত্রী ওঠে, তার প্রায় সমপরিমাণ যাত্রী ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ওঠে। জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক আবু তাহের বলেন, একটি ট্রেন কমলাপুর আসার পর ওই ইঞ্জিন দিয়ে অন্য ট্রেন চালাতে হয়। বগিও দেওয়া হয় জোড়াতালি দিয়ে। তাই কোনো কারণে একটি ট্রেনের সময়সূচিতে সমস্যা হলে অন্যগুলোতেও প্রভাব পড়ে।