সময়ের অভাবে মুলতবি প্রস্তাব নাকচ
সংসদের চলতি অধিবেশনের সবকটি মুলতবি প্রস্তাব নাকচ করে দিয়েছেন স্পিকার আবদুল হামিদ। সময়ের অভাবে মুলতবি গ্রহণ করা সম্ভব হয়নি বলে আজ বুধবার সংসদকে জানিয়েছেন স্পিকার।স্পিকার জানান, সংসদের চলতি অধিবেশনে একজন স্বতন্ত্র সাংসদসহ বিরোধী দলের ১৪৪টি মুলতবি প্রস্তাব জমা পড়েছে। এর মধ্যে বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন খোকন ১০টি, জাফরুল ইসলাম চৌধুরী ৪৪টি, জয়নাল আবদিন ফারুক নয়টি, রাশেদা বেগম নয়টি, রেহানা আক্তার ১৬টি, নাজিমউদ্দিন আহমেদ ১০টি, নিলুফার চৌধুরী ১২টি, শহীদউদ্দিন চৌধুরী ১১টি, আবুল খায়ের ভূঁইয়া ১০টি এবং এ বি এম আশরাফ উদ্দিননিজান দুটি প্রস্তাব জমা দেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমান আযাদ তিনটি এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম আটটি মুলতবি প্রস্তাব জমা দেন।মুলতবি প্রস্তাবগুলো নাকচ করে দিয়ে স্পিকার আবদুল হামিদ বলেন, কয়েকটি প্রস্তাব গ্রহণ করে আলোচনা করা যেত। তবে সংসদ অধিবেশন আর মাত্র এক দিন বাকি। তা ছাড়া এখন রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলছে। তাই এ অধিবেশনে মুলতবি প্রস্তাব গ্রহণ করা গেল না।