সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের জন্য মাত্র ৩৫ হাজার টাকা বরাদ্দ না পাওয়ায় ১০ লক্ষাধিক টাকার একটি বক্স কালভার্ট ভেঙে পড়েছে। ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে গ্রামের শত শত মানুষকে। কালভার্টটি হলো বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের। গ্রামবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে এই কালভার্টটি ভেঙে পড়েছে। সরজমিনে জানা যায়, প্রায় এক যুগ আগে গ্রামবাসীর সুবিধার্থে কালভার্টটি তৈরি করা হয়। কিন্তু ওই কালভার্টের নিচ দিয়ে পানি যেতে শুরু করে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এটি। সম্প্রতি তা ভেঙে পড়ে ও দেবে যায়। ফলে গ্রামের মানুষের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।ভাটরা গ্রামের ছবদের আলী জানান, ঢালাই করে তৈরি বক্সকালভার্টের নিচ দিয়ে বেশ কয়েক বছর ধরে বৃষ্টির পানি যাওয়ায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তিনিসহ গ্রামের অনেকে এটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধির শরণাপন্ন হন। কিন্তু এতে কোনো উপকার হয়নি। বরং শুধু সংস্কারের অভাবে এটি এখন ভেঙে পড়ে। এতে গ্রামের লোকজনকে দীর্ঘদিনের জন্য দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ওই গ্রামের সাবেক মেম্বার আবদুস সামাদ জানান, যেখানে সামান্য টাকা দিয়ে সংস্কার করা যেত, এখন সেখানেই লাখ লাখ টাকা ব্যয় করে নতুন করে জনস্বার্থে সেতু বা কালভার্ট তৈরি করতে হবে। তিনি দাবি করেন, উপজেলা প্রকৌশল বিভাগ দায়িত্ববান হয়ে দ্রুত সংস্কারের পদক্ষেপ নিলে লাখ লাখ টাকা ব্যয়ের প্রয়োজন হতো না। গ্রামের কাজিম উদ্দিন প্রাং জানান, জরুরি ভিত্তিতে নতুন করে কালভার্টস্থলে সেতু তৈরি করা প্রয়োজন। না হলে গ্রামে লোকজনের যাতায়াতে প্রতিবন্ধকতাসহ কৃষিপণ্য বাজারজাত করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।গ্রামের আমজাদ হোসেন ও মরজিনা খাতুন জানান, কালভার্টটি দ্রুত সংস্কার না করা হলে গ্রামের অসুস্থ লোকদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে সমস্যায় পড়তে হচ্ছে। এতে অসুস্থ লোকজন আরও অসুস্থ হয়ে পড়ছে। ভাটরা গ্রামের ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম বলেন, গ্রামবাসীর সমস্যার কথা জানার পর তিনি ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) দপ্তরে যোগাযোগ করে একটি প্রকল্প তৈরি করে উপজেলা প্রকৌশলী অফিসে জমা দেন। কিন্তু জমা দেওয়ার পর দীর্ঘদিন উপজেলা প্রকৌশলী অফিসে এসে তদবির করেও প্রকল্পটি আলোর মুখ দেখাতে পারেননি। ২০ মে এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে কালভার্টটি সড়ক থেকে হেলে পড়ে ও দেবে যায়। তিনি দাবি করেন, এখন কালভার্টটির জায়গায় নতুন করে স্থাপনা গড়ে তুলতে হবে।উপজেলার খানপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব আম্বীয়া জানান, কালভার্ট স্থলেই নতুন সেতু নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলী অফিসে যোগাযোগ করেছেন। কর্তৃপক্ষ দ্রুত নির্মাণের আশ্বাস দিয়েছেন।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. শামছুজ্জামান জানান, যে সময় বরাদ্দ চেয়ে প্রকল্পটি দেওয়া হয়েছিল সে সময় ফান্ডে কোনো টাকা ছিল না। যার কারণে বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তিনি ভেঙে যাওয়া স্থলেই নতুন গার্ডার সেতু তৈরির জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।