সময়ের গ্রন্থ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমীর প্রাঙ্গণে একুশের বইমেলায় সময় প্রকাশনের স্টলে ঢোকাই দায়। পাঠকদের ভিড় এমনই লেগে থাকে এখানে। আর থাকবে না-ই বা কেন? দেশের ডাকসাইটে লেখক, সাহিত্যিক, শিল্পী যাঁরা আছেন, তাঁদের প্রায় সবারই বই বের হয়, হয়েছে, হচ্ছে সময় প্রকাশন থেকে। এমনকি ভিনদেশি, ভিন্ন ভাষাভাষী খ্যাতনামা লেখকদের বইও রয়েছে সময়ের ডালিতে।অনেকটা সময় কেটে গেছে, দেখতে দেখতে দু-দুটো যুগ পেরিয়ে গেল সময় প্রকাশনের। ২৪ বছরের খেরোখাতায় বইয়ের নামের তালিকাটা একেবারে কম নয়। সময় প্রকাশন তাদের দুই যুগ পূর্তি উপলক্ষে ১০ দিনের গ্রন্থ উৎসবের আয়োজন করেছে। ৩৫ থেকে ৬৫ শতাংশ ছাড়ে বই বিক্রি করছে তারা। গ্রন্থ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন ড. মুনতাসীর মামুন। তিনি বললেন, ‘সময়ের বেশ কিছু বই টিকে থাকবে বহুকাল পর্যন্ত।’ প্রখ্যাত সাহিত্যিক রশীদ হায়দার জানালেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণে সময় প্রকাশনের বইগুলো নিঃসন্দেহে বড় ভূমিকা রাখবে। ধানমন্ডির মিরপুর রোডের সোবহানবাগ মসজিদের পাশে অবস্থিত প্লাজা এআরের চারতলায় চলছে এ উৎসব। চলবে ২২ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত বই কেনা যাবে। এর মধ্যে অবশ্য মঙ্গলবার পূর্ণদিবস এবং বুধবার অর্ধদিবস বন্ধ থাকবে। তবে শুধু বিশাল ছাড়ে মজার মজার বই কেনা নয়, সময়ের এ গ্রন্থ উৎসবের পাশাপাশি থাকছে ‘লেখকদের সাথে কিছুক্ষণ’ সময় কাটানোর এক অনন্য আয়োজন। এ আয়োজনে গত পরশু দিন হাজির ছিলেন ইমদাদুল হক মিলন। গতকাল এসেছিলেন মুহম্মদ জাফর ইকবাল। আর আজ বিকেল সাড়ে পাঁচটায় পাঠকদের জন্য হাজির থাকবেন আনিসুল হক। কাজেই বিশাল ছাড়ে মজার মজার সব বই কিনতে আর প্রিয় লেখকের সান্নিধ্য পেতে হলে এখনই ছুটুন সময়ে।