সময়ের চাহিদা কোম্পানি সচিব
বাস্তব দক্ষতা ও পেশাগত শিক্ষার সমন্বয় ঘটিয়ে কর্মজীবনে সফল হওয়ার মতো একটি পেশা হলো চার্টার্ড সেক্রেটারিশিপ বা কোম্পানি সচিব। বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ করপোরেট খাতে এ পদের ব্যাপক চাহিদা রয়েছে। আর এ বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায় ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে। ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় চলতি ২০১২ সালের জানুয়ারি-জুন সেশনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছু প্রার্থীদের ১০ জানুয়ারির মধ্যে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ১১ জানুয়ারি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি শুক্রবার। সফলতার সঙ্গে এ প্রশিক্ষণ নিয়ে আপনিও কোম্পানি সচিব হিসেবে ক্যারিয়ার বা কর্মজীবন শুরু করতে পারেন।ভর্তির যোগ্যতা: আইসিএসবির সচিব এ কে এম দেলওয়ার হোসাইন জানান,এই প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীদের যেকোনো শাখা থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের পাস হতে হবে। সব পরীক্ষার ফলাফল মিলিয়ে ছয় পয়েন্ট থাকতে হবে। এ ছাড়া ইংরেজি মাধ্যমে ‘এ’ লেভেল উত্তীর্ণ প্রার্থীদেরও ভর্তির সুযোগ আছে। কোর্সগুলো লেভেল ১, ২, ৩ এবং গ্রুপ-১, ২-এ বিভক্ত। মোট পাঁচটি সেমিস্টারে ভাগ করে পড়ানো হয়। প্রতিটি সেমিস্টার ছয় মাসমেয়াদি।নির্বাচনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ১০০ নম্বরের লিখিত ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। লিখিত পরীক্ষায় ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে প্রশ্ন করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।যেসব বিষয়ে পড়ানো হয়: এ কোর্সে মোট ১৮টি বিষয় পড়ানো হয়। প্রথম তিনটি সেমিস্টারকে বলা হয় ইন্টারমিডিয়েট লেভেল এবং শেষ দুই সেমিস্টারকে বলা হয় ফাইনাল গ্রুপ। লেভেল-১-এ তিনটি বিষয় পড়ানো হয়—সংস্থা এবং মানবসম্পদ ব্যবস্থাপনা, সাধারণ ও বাণিজ্য আইন, ব্যবসায়িক অর্থনীতি ও পরিসংখ্যান। লেভেল-২-এ তিনটি বিষয় পড়ানো হয়—ব্যবসা যোগাযোগ ও প্রতিবেদন, করসংশ্লিষ্ট আইন, ফিন্যান্সিয়াল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। লেভেল-৩-এ চারটি বিষয় পড়ানো হয়—কোম্পানি আইন ও এর চর্চা-১, আর্থিক প্রতিষ্ঠানসংশ্লিষ্ট আইন-১, অর্থনৈতিক শিল্প ও শ্রম আইন, ব্যাংক-বিমা। গ্রুপ-১-এ চারটি বিষয় পড়ানো হয়—কোম্পানি আইন ও এর চর্চা-২, আয়কর আইন ও চর্চা, করপোরেট ফিন্যান্স ও বিনিয়োগ, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও তথ্যব্যবস্থা। গ্রুপ-২-এ চারটি বিষয় পড়ানো হয়—আর্থিক প্রতিষ্ঠানসংশ্লিষ্ট আইন-২, পেশাদার ব্যবস্থাপনা ও পুঁজিবাজার, সিকিউরিটি আইন ও ক্যাপিটাল মার্কেট এবং সেক্রেটারিয়াল ও ব্যবস্থাপনা অডিট। প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোর্স শেষে তিন মাসের ইন্টার্নশিপে অংশ নিতে হয়।কাজের সুুযোগ যেখানে: এ বিষয়ে আইসিএসবির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে একজন কোম্পানি সচিবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে কোম্পানি সুশাসন আজ একটি আলোচিত বিষয়। আর সুশাসন প্রতিষ্ঠায় কোম্পানি সচিবদের ভূমিকা অপরিহার্য। বিশ্বে চার্টার্ড সেক্রেটারি সম্মানজনক পেশা এবং এর প্রচুর চাহিদা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একজন চার্টার্ড সেক্রেটারি বিভিন্ন কোম্পানি, ব্যাংক, বিমা ও বাণিজ্য প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। তিনি হতে পারেন কোনো প্রতিষ্ঠানের সচিব, করপোরেট ব্যবস্থাপক, মহাব্যবস্থাপক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রকল্প ব্যবস্থাপক ও অডিট অফিসার বা নিরীক্ষা কর্মকর্তা প্রভৃতি। প্রশিক্ষণের খরচাপাতি: খোঁজ নিয়ে জানা যায়, প্রার্থীকে ৭৫০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। নির্বাচিত প্রার্থীকে ভর্তির সময় রেজিস্ট্রেশন, সেশন চার্জ, লাইব্রেরি ও কোচিং ফি মিলিয়ে মোট ১৩ হাজার ১০০ টাকা জমা দিতে হবে। পরবর্তী সময় ইন্টারমিডিয়েট লেভেলের ১০টি বিষয়ের জন্য মোট ৬৩ হাজার ৩৭৫ টাকা এবং ফাইনাল লেভেলে আটটি বিষয়ের জন্য মোট ৫৭ হাজার ১০০ টাকা দিতে হবে। বছরে জানুয়ারি ও জুলাই মাসে দুবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। দিবা ও সান্ধ্যকালীন পড়ার সুযোগ আছে। বিস্তারিত জানতে: যোগাযোগ করতে পারেন, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), ১০৭, কাকরাইল (দ্বিতীয় তলা), ঢাকা-১০০০। ফোন: ৯৩৪৯৫৭৮, ৯৩৩৬৯০১। ওয়েব: www.icsb.edu.bd , ই-মেইল: [email protected]