হেমন্তের পড়ন্ত বিকেলে সূর্য বিদায় নিতে প্রস্তুত। প্রতিদিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অভ্যন্তর তারুণ্যের সমাবেশে স্পন্দিত। সবুজ চত্বরের এক পাশে মঞ্চ। বেলা শেষে ঘনিয়ে আসা আবছায়া কাটিয়ে কবি শামসুর রাহমানের মুখচ্ছবি যেন আলোকিত করে রেখেছিল পুরো চত্বর। মঞ্চ ঘিরে কবির অনুরাগীদের সমাবেশ। আলোচকেরা তাঁর কাব্যকৃতি এবং দেশের বিভিন্ন সংকটকালে তাঁর ভূমিকা মূল্যায়ন করে বলেছেন, ‘সময়ের প্রতিবিম্ব ছিল তাঁর কবিতা। জাতির সংকটে উত্তরণের প্রেরণা জুগিয়েছে তাঁর সেসব পঙিক্তমালা।’ কবির সেসব কবিতা আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান হয়ে উঠেছিল আকর্ষণীয়।সমকালীন আধুনিক কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৮২তম জন্মদিন উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ যৌথভাবে গতকাল রোববার অনুষ্ঠানটির আয়োজন করে। কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জন্মজয়ন্তী অনুষ্ঠানের আলোচনা পর্বে অংশ নেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, কবি সৈয়দ শামসুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি মোহাম্মদ সামাদ, হাসান আরিফ প্রমুখ।আলোচকেরা বলেন, শামসুর রাহমানের কবিতা ষাট ও সত্তুরের দশকের সংগ্রামমুখর সময়ে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছে। শুধু তাঁর কবিতাগুলোকে পাশাপাশি সাজিয়ে পাঠ করলেই সে সময়ে দেশ কেমন ছিল, তার চিত্র ফুটে উঠবে। তাঁরা আরও বলেন, শামসুর রাহমান খুবই নীরব প্রকৃতির ছিলেন। তাঁকে দেখলে মনে হতো না দ্রোহ ও ক্ষোভ শব্দের গাঁথুনি দিয়ে এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সম্ভব। দলীয় নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনা সভা শেষে শামসুর রাহমানের কবিতা পাঠ করা হয়।একক বইমেলা: কবির জন্মবার্ষিকী উপলক্ষে বইবন্ধু সংঘ কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে আয়োজন করেছে সপ্তাহব্যাপী বইমেলা। মেলায় রয়েছে কবি শামসুর রাহমানের কবিতা, প্রবন্ধ, উপন্যাস ও সম্পাদিত বই এবং কবিকে নিয়ে লেখা বিভিন্ন লেখকদের বই।রোববার সকালে মেলার উদ্বোধন করেন সাহিত্যিক সৈয়দ শামসুল হক। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য এবং যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, কবি মুহম্মদ নূরুল হুদা, অসীম সাহা প্রমুখ। অনুষ্ঠানে কবি শামসুর রাহমানকে নিবেদন করে স্বরচিত কবিতা পাঠ করেন দুলাল নাশিত, জাহানারা জানি, হানিফ খান, অনিন্দিতা প্রমুখ। বিকেলেও ছিল কবিতা পাঠের আসর।বিশ্ব শেক্সপিয়ার উৎসবে অংশ নিচ্ছে ঢাকা থিয়েটারলন্ডনের শত বছরের পুরোনো ঐতিহাসিক গ্লোব থিয়েটার আয়োজন করছে ‘বিশ্ব শেক্সপিয়ার উৎসব’। আগামী বছর এ উৎসবে অংশ নেওয়ার জন্য গ্লোব থিয়েটার বিশ্বের ৩৭টি ভাষার ৩৭টি নাট্যদল এবং ৩৭ জন নির্দেশককে আমন্ত্রণ জানিয়েছে। বাংলা ভাষার নাটক মঞ্চস্থ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকা থিয়েটার ও নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে। আগামী বছরের ২৩ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত উৎসব চলবে। মে মাসের ৭ ও ৮ তারিখ ঢাকা থিয়েটার শেক্সপিয়ারের দ্য টেমপেস্ট নাটকটি মঞ্চায়ন করবে।গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় ঢাকা থিয়েটারের পক্ষ থেকে।প্রসঙ্গত, এবারের অলিম্পিক প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে লন্ডনে। এ প্রতিযোগিতাকে নানাভাবে আকর্ষণীয় করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে ‘বিশ্ব শেক্সপিয়ার উৎসব’।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, শিমুল ইউসুফ, পীযূষ বন্দ্যোপাধ্যায় ও কামাল বায়েজীদ। এরই মধ্যে ঢাকা থিয়েটার থেকে দ্য টেমপেস্ট নাটকটি তৈরির ব্যাপারে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। নাসির উদ্দীন ইউসুফ জানান, এ নাটকে অভিনয়ের জন্য ঢাকা থিয়েটারের অভিনয়শিল্পীদের পাশাপাশি বিভিন্ন লোকশিল্পীকে আমন্ত্রণ জানানো হবে। বাংলা ভাষার ঐতিহ্যকে কেন্দ্র করে দ্য টেমপেস্ট নাটকটি পরিবেশন করা হবে। শেষ হলো উদীচীর জাতীয় সাংস্কৃতিক সম্মেলনসারা দেশ থেকে আসা শিল্পীদের নৃত্য, সংগীত, নাটক পরিবেশনা, আলোচনা আর পদক প্রদানের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। ‘মুক্তিযুদ্ধের চেতনা, সাম্প্রদায়িক রাষ্ট্র না’ স্লোগান নিয়ে আয়োজিত সম্মেলনের শেষ দিন গতকাল রোববার বিকেলের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণ-আন্দোলনে সাংস্কৃতিক গণজাগরণ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখায় বিশিষ্ট সংগীতশিল্পী বিপুল ভট্টাচার্য্যের হাতে ‘উদীচী পদক’ তুলে দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ।শচীন দেববর্মনকে নিয়ে প্রকাশনাউপমহাদেশের বিশিষ্ট সংগীতজ্ঞ শচীন দেববর্মনের জীবনীগ্রন্থ ইনকমপেয়ারেবল শচীন দেববর্মন-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো গত শনিবার সন্ধ্যায় ব্র্যাক সেন্টার ইনে। বইটি লিখেছেন এইচ কিউ চৌধুরী, প্রকাশ করেছে টইটম্বুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রহমান খান, সৈয়দ বদরুল আহসান ও কণ্ঠশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।আলোচনা শেষে শচীন দেববর্মনের গাওয়া ও সুরারোপিত গান পরিবেশন করেন শিল্পী নাসিমুল মাহবুব ও নাসিমা শাহীন।