সরকার অগ্রাধিকার দিয়ে বিরোধী দলকে হয়রানি করছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন, সরকার অগ্রাধিকার দিয়ে বিরোধী দলকে হয়রানি ও নিপীড়ন করছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বিএনপির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়।নজরুল ইসলাম খান দাবি করেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্বপরিকল্পিত। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের (এফআইআর) সঙ্গে অভিযোগপত্রের কোনো মিল নেই। দাখিল করা অভিযোগপত্র অসংগতিপূর্ণ। এটা কোনো অভিযোগপত্র হতে হতে পারে না। এই অভিযোগপত্র সঠিক নয়।’নজরুল ইসলাম খান দাবি করেন, ‘সরকারের উদ্দেশ্য খুব পরিষ্কার হয়ে গেছে। তারা ইলিয়াস আলীকে উদ্ধার করতে পারেনি। সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি হয়নি। অথচ বিএনপির নেতাদের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র রকেট গতিতে দেওয়া হয়েছে। এতেই বোঝা যায়, বিরোধী দলকে সরকার হয়রানি ও নিপীড়ন করছে অগ্রাধিকার দিয়ে।’সংবাদ সম্মেলনে বিএনপির অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গত বৃহস্পতিবার আদালতে দেওয়া হয়েছে। অভিযোগপত্রে ৩৭ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাকি আটজন আসামির মধ্যে সাতজন কারাগারে ও একজন জামিনে মুক্ত আছেন।