সরকার অঙ্গীকার করলেও বিচার-বহির্ভূত হত্যা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকার বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার করলেও তা এখনো চলছেই। গত বছর র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ৫৪টিরও বেশি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার স্বাধীন তদন্ত বা বিচার কোনোটিই করেনি সরকার। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১২ সালের মানবাধিকার-বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে এ তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল বুধবার এই প্রতিবেদন তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সহিংসতার শিকার নারীদের সহায়তা দেওয়ার নতুন নীতি বাস্তবায়নেও সরকার ব্যর্থ বলে দাবি করা হয় প্রতিবেদনে। প্রতিবেদনে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, সিরিয়া, চীন, উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। বাংলাদেশে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ২০১১ সালে কমপক্ষে ৫৪ ব্যক্তিকে হত্যা করেছে। ২০০৪ সালে র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে শুরু করে হিসাব করলে এ ধরনের হত্যার সংখ্যা দাঁড়ায় সাত শতাধিক। এ ছাড়া এ সময়ে র‌্যাব অনেককেই আহত ও নির্যাতন করেছে। অনেক ক্ষেত্রেই ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংস্থাটিকে বলেছে, র‌্যাব গ্রেপ্তার করার পর তাঁদের স্বজন মারা গেছে। র‌্যাবের দাবি অনুযায়ী এনকাউন্টারে মারা যায়নি।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের কর্তৃপক্ষ এসব ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত করতে ব্যর্থ হয়েছে। এ ধরনের বিচার-বহির্ভূত কর্মকাণ্ডের উদাহরণ হিসেবে র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমনের ঘটনা উল্লেখ করেছে অ্যামনেস্টি।আদিবাসীদের জীবিকা ও ভূমি অধিকার রক্ষায় সরকার ব্যর্থ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে অ্যামনেস্টি। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের ফলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা কমলেও তা পুরোপুরি দূর হয়নি। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জীবন ও ভূমির অধিকার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। গত বছর ৪৯ ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং কমপক্ষে পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এ ছাড়া গত বছর পুলিশ হেফাজতে নির্যাতনের শিকার হয়ে কমপক্ষে তিন ব্যক্তি মারা গেছে। এ ঘটনার পর সরকার দোষীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেয়। তবে গত বছরের শেষ নাগাদ কাউকে বিচারে দাঁড় করানো হয়নি। পুলিশ, র‌্যাব বা অন্যান্য নিরাপত্তা বাহিনী হাজার হাজার ব্যক্তিকে তাদের হেফাজতে নির্যাতন করছে বলে অভিযোগ থাকলেও সরকার তাদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেনি।বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গত বছর বিশ্বের বিভিন্ন দেশে অধিকার আদায়ে মানুষ প্রতিবাদী হয়েছে। এ সময়ে বিশ্ব নেতাদের ব্যর্থতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিপর্যস্ত হয়েছে। এই পরিষদ কোনো পদক্ষেপ নিতে পারেনি, পারেনি লক্ষ্য নির্ধারণ করতে।প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটির মহাসচিব সলিল শেঠি বলেন, ‘গত এক বছর বিশ্ব নেতারা ব্যর্থ হয়েছেন। রাজনীতিবিদেরা সাধারণ মানুষের প্রতিবাদের জবাব দিয়েছেন নির্মমতা ও নিষ্ঠুরতা দিয়ে। সরকারে অবশ্যই বৈধ নেতৃত্ব থাকবে। ক্ষমতাহীন ব্যক্তিদের রক্ষা ও ক্ষমতাধরদের প্রতিরোধ করে অবিচারকে প্রত্যাখ্যান করতে হবে। ব্যবসার আগে মানুষকে স্থান দেওয়া ও মুনাফার আগে অধিকার নিশ্চিত করার এটাই সময়।’অ্যামনেস্টির ৫০তম বিশ্ব মানবাধিকার প্রতিবেদনে শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, উত্তর কোরিয়া, সিরিয়া, দক্ষিণ সুদান, রাশিয়া, সৌদি আরব প্রভৃতি দেশের মানবাধিকার পরিস্থিতি উঠে এসেছে। এতে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সরকারের নেতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে।