সরকার অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য সারা বছর ধরে রেশনিং কার্যক্রম চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শ্রমিকদের জন্য আরও বেশি বেশি কল্যাণমূলক পদক্ষেপ নিতে পোশাকশিল্পের মালিকদের প্রতিও আহ্বান জানান।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সোমবার সন্ধ্যায় ২২তম বাটেক্সপোর (বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এই অনুষ্ঠানের আয়োজন করে। গত শনিবার বাটেক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানে পোশাকমালিকেরা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, এই শিল্পের উন্নয়নের জন্য দলমত-নির্বিশেষে কাজ করতে হবে। এই শিল্পের ক্ষতি হয়, এমন কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান তাঁরা। তাঁরা বলেন, হরতালের কারণে অনেক সময় উত্পাদন ক্ষতিগ্রস্ত হয়।সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘শ্রমিকদের জন্য চালু হওয়া রেশনিং কার্যক্রম বর্তমানে বন্ধ আছে। এটি অনতিবিলম্বে চালু করতে হবে। চড়া বাজারমূল্যের এই সময়ে শ্রমিকদের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য আনতে রেশনিং ব্যবস্থা চালুর পাশাপাশি ডাল, আটা, তেল, লবণের মতো দরকারি নিত্যপণ্যগুলো এর অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।’ তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পোশাকশিল্পের মালিকদের অভিনন্দন জানান।খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার নিজেদের শিল্পবান্ধব বলে দাবি করে। কিন্তু বাস্তবে সরকারের কর্মকাণ্ডে তা প্রতিফলিত হচ্ছে না। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পোশাকশিল্পে একধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস চলে। গ্যাস ও বিদ্যুত্সংকটে এমনিতেই এ শিল্প সংকটের মধ্যে রয়েছে। এরপর বিশৃঙ্খলা সৃষ্টি হলে এ খাতকে আর ধরে রাখা যাবে না। এ খাতে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিরাজ করে, তার দায়িত্ব সরকারকে নিতে হবে। তিনি পোশাকশিল্প রক্ষায় গার্মেন্টস পল্লি বাস্তবায়ন, চট্টগ্রাম বন্দরের চার্জ কমানো, বিভিন্ন ব্যাংকিং চার্জ ও সুদের হার হ্রাস, গ্যাস ও বিদ্যুত্সমস্যার সমাধান, রপ্তানি উন্নয়ন তহবিল বৃদ্ধি, ডিজেলে ভর্তুকি প্রদান, শিল্পপ্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে ইটিপি স্থাপন, স্বল্প সুদে শ্রমিকদের জন্য ডরমেটরি স্থাপন, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার পাওয়ার জন্য জোর লবিং চালাতে সরকারের প্রতি আহ্বান জানান।খালেদা জিয়া বলেন, ‘এখন ক্রান্তিকাল চলছে। পোশাকশিল্পও এ সংকটের বাইরে নয়। অনেক শিল্পের মালিকানা আজ চলে যাচ্ছে ভিনদেশিদের হাতে। এ এক অশনি সংকেত। অদক্ষ, অযোগ্য, দুর্নীতিবাজ, জাতীয় স্বার্থবিরোধী ও ভিনদেশের স্বার্থ রক্ষায় সদা ব্যস্ত বর্তমান সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অর্থনৈতিক সার্বভৌমত্ব আজ বিপন্ন হতে চলেছে। স্বাধীনতা শুধু স্লোগান নয়, অর্থনৈতিক মুক্তিরও হাতিয়ার। স্বাধীনতা সেই অর্থেই অর্থবহ হোক।’অনুষ্ঠানের সভাপতি বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বিরোধী দল পোশাকশিল্পের প্রতিষ্ঠানকে হরতালের আওতামুক্ত রেখেছে। এটা ভালো দিক। বিরোধী দলের প্রতি আহ্বান এই শিল্পের অগ্রযাত্রা ব্যাহত হয়, এমন কোনো কঠোর কর্মসূচি দেবেন না।’ তিনি সংসদে শিল্পমালিকদের জন্য কথা বলতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ওসমান ফারুক, বিজিএমইএর নাসিরউদ্দিন চৌধুরী প্রমুখ।