সরকার আইলা-দুর্গতদের পাশে ছিল, থাকবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার খুলনা ও সাতক্ষীরার আইলা-দুর্গতদের পাশে ছিল এবং থাকবে। এসব মানুষ যত দিন পর্যন্ত না স্বাভাবিক জীবনে ফিরে যাবে তত দিন পর্যন্ত সরকারের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী আজ শুক্রবার শ্যামনগর হরিচরণ পাইলট হাইস্কুল মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গৃহ নির্মাণ অনুদানের চেক হস্তান্তর কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন।প্রধানমন্ত্রী আইলা-দুর্গত এলাকার পানি উন্নয়ন বোর্ডের বাঁধ আরও উচুঁ করার নির্দেশ দেন, যাতে বাঁধ ভেঙে পানি ভেতরে ঢুকে না পড়ে। এ ছাড়া তিনি পরিকল্পিতভাবে চিংড়ি চাষের নির্দেশ দেন। তা না হলে যাদের অবহেলায় হাজার হাজার লোক ভোগান্তিতে পড়বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।প্রধানমন্ত্রী সুন্দরবন-নাভারন রেললাইন, সুন্দরবনে পর্যটনকেন্দ্র স্থাপন, শ্যামনগরের মহসীন কলেজকে সরকারীকরণ, শ্যামনগরকে পৌরসভা ঘোষণা এবং ভোমরা বন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করতে প্রয়োজনীয় উদ্যোগ ও পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি শ্যামনগরের মহসীন স্কুল মাঠে নামে।প্রসঙ্গত, এ অনুদানের আওতায় ক্ষতিগ্রস্ত এলাকার ৪৮ হাজার পরিবারের প্রতিটিকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।