সরকার আবার ওয়ান ইলেভেন চায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, বিরোধী দল নয়, সরকারই জনগণের ভোটের অধিকার হরণ করে আবার ওয়ান ইলেভেন সৃষ্টি করতে চায়। তিনি এর বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে বলেছেন।আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের উদ্বোধনকালে তরিকুল ইসলাম এ কথা বলেন।২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে সব রাজনৈতিক কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই দিনটিকে ১৮ দলীয় জোট ঘৃণা দিবস হিসেবে পালন করছে। এ উপলক্ষে আজ কালো পতাকা মিছিল বের করা হয়।মিছিলটি বিকেল চারটার দিকে নয়াপল্টন থেকে বের হয়ে মগবাজার চৌরাস্তা পর্যন্ত আসে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ১৮ দলের শীর্ষ নেতারা মিছিলে অংশ নেন।আরেকবার ওয়ান ইলেভেন বিএনপি চায় না উল্লেখ করে তরিকুল আরও বলেন, ‘সে জন্য দিনটিকে আমরা ঘৃণা দিবস হিসেবে কালো পতাকা মিছিল করছি। কিন্তু আওয়ামী লীগ করছে না।’বিএনপির এই নেতা বলেন, ‘ওয়ান ইলেভেনের পর ফখরুদ্দীন সাহেবের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা উপস্থিত ছিলেন। তিনি তাঁর আগমনকে স্বাগত জানান। এরপর শেখ হাসিনা দাবি করেছিলেন, লগি-বৈঠার আন্দোলনের মাধ্যমে যে ওয়ান ইলেভেন হয়েছিল, তা তাঁর আন্দোলনের ফসল।’আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের উদ্ধৃতি টেনে তরিকুল বলেন, ‘পরে আওয়ামী লীগের তত্কালীন সাধারণ সম্পাদক আবদুল জলিল লন্ডনে এক টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, “বর্তমান সরকার একটি আন্ডারস্ট্যান্ডিং সরকার”।’দেশি-বিদেশি অনেক কূটনীতিক ষড়যন্ত্র করে এ সরকারকে ক্ষমতায় এনেছে অভিযোগ করে তরিকুল বলেন, ‘তাই এ দিনটিকে আমরা ঘৃণা দিবস হিসেবে পালন করছি।’