সরকার আমিনবাজারের ঘটনা তদন্ত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘সরকার আমিনবাজারে ছয়জন ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনার তদন্ত করবে। দোষীদের শাস্তি দেওয়া হবে। সরকার চায় না মানুষ নিজের হাতে আইন তুলে নিক।’আজ মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে পুলিশ সংস্কার প্রকল্পের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, আমিনবাজারের ঘটনা দুঃখজনক। তবে এ ঘটনা দিয়ে সারা দেশের পরিস্থিতি বিশ্লেষণ করা ঠিক হবে না। আমিনবাজার একটি অপরাধপ্রবণ এলাকা। এ ধরনের এলাকার অপরাধ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে। ওই ঘটনায় দুটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে।এলাকার লোক বলছে নিহতেরা ছাত্র আর বরদেশী গ্রামবাসী বলছে তারা ডাকাত ছিল, এর মধ্যে কোন তথ্যটি সঠিক তা সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, তদন্তের পরই বলা যাবে। গত রোববার গভীর রাতে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারের বরদেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে মারা হয়। বেঁচে যাওয়া আহত এক তরুণের অবস্থাও গুরুতর। নিহতদের তিনজন মিরপুর বাঙলা কলেজের ছাত্র, একজন তেজগাঁও কলেজের, একজন ইংরেজি মাধ্যম স্কুল ম্যাপললিফের ও একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এঁরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান।আহত তরুণ আল-আমিন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গতকাল প্রথম আলোকে জানায়, শবে বরাতের নামাজ শেষে তারা আমিনবাজার ট্রাক টার্মিনালের পেছনের এলাকায় নেশা করতে গিয়েছিল। হঠাত্ শত শত লোক ‘ডাকাত ডাকাত’ বলে চিত্কার দিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে তাদের ধরে গণপিটুনি দিলে ছয়জন মারা যায়।বরদেশী গ্রামের বাসিন্দারা বলেন, গ্রামের লোকজন জানতে পারে যে তারা ডাকাতি করতে গ্রামে ঢোকে। ক্ষুব্ধ গ্রামবাসী ‘ক্যাবলার চরে’ গিয়ে তাদের পিটিয়ে মারে।