সরকার আর জেলা পর্যায়ে ওষুধ কিনবে না: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক শাহ মনির হোসেন বলেছেন, সরকার আর জেলা পর্যায়ে ওষুধ কিনবে না। কেন্দ্রীয়ভাবে দরপত্র আহ্বান করে ওষুধ কেনা হবে। পরে চাহিদানুযায়ী তা হাসপাতালগুলোয় সরবরাহ করা হবে। তিনি আজ সোমবার সকালে গোপালগঞ্জ সফরকালে স্থানীয় সিভিল সার্জন আফিসে চিকিত্সক, সুধীজন, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।শাহ মনির হোসেন বলেন, একটি ওষুধের খুচরা দাম ১৪ টাকা। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে ওই ওষুধটি কেনার দরপত্র আহ্বান করলে একটি প্রতিষ্ঠান দরপত্রে ওষুধটির দাম লিখেছেন মাত্র চার টাকা। কীভাবে এই দামে ওষুধ সরবরাহ সম্ভব। ব্যক্তিগতভাবে খোঁজ নিলে ওই প্রতিষ্ঠানটি জানায়, উত্পাদনের চেয়ে জেলা পর্যায়ে বণ্টন-ব্যয় অনেক বেশি। তাই ওষুধের দাম বেড়ে যায়। কিন্তু কেন্দ্রীয়ভাবে সরকারকে ওষুধ সরবরাহে তাদের কোনো বণ্টন-ব্যয় নেই। জেলা পর্যায়ে ওই পরিমাণ ওষুধ কিনতে হলে সরকারের প্রয়োজন হতো অন্তত ৮০ কোটি টাকা।অনুষ্ঠানে অন্যদের মধ্যে গোপালগঞ্জের সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।