সরকার আশ্বাস পূরণ করতে চায় ধাপে ধাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েট-সংকট কাটেনি। পাঁচ দিন ধরে শিক্ষামন্ত্রী বলছেন, বুয়েটের সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, সহ-উপাচার্যকে অপসারণসহ তিনটি মূল আশ্বাসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলেই তাঁরা ক্লাসে ফিরবেন।আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, একজন সহ-উপাচার্যকে অপসারণ, একটি মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনে রদবদল করতে কত দিন সময় লাগে। আন্তরিকতা থাকলে এসব কাজ সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন করা সম্ভব।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা ভেবেছিলাম, আলোচনা ও সমঝোতার ভিত্তিতেই শিক্ষক-শিক্ষার্থীরা দু-এক দিনের মধ্যে শ্রেণীকক্ষে ফিরে যাবেন। এর পাশাপাশি আশ্বাসগুলোর বাস্তবায়ন হবে ধাপে ধাপে। কিন্তু সব আশ্বাস বাস্তবায়নের পর তাঁরা ক্লাসে ফিরবেন এমন কথা ছিল না।’উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল থেকে বুয়েট শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তাঁরা শ্রেণীকক্ষে ফিরে গেলেও দাবি পূরণ না হওয়ায় জুলাই থেকে সমিতি আবার কর্মবিরতির ডাক দেয়। আন্দোলনের মুখে ৩ সেপ্টেম্বর রাতে শিক্ষকদের সঙ্গে বৈঠক করে সহ-উপাচার্য হাবিবুর রহমানকে প্রত্যাহার ও শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়াসহ কয়েকটি বিষয়ে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর পাঁচ দিন কেটে গেছে। কিন্তু মূল তিনটি আশ্বাসের একটিও গতকাল পর্যন্ত বাস্তবায়িত হয়নি।আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন সুদীপ্ত সাহা বললেন, ‘আমরা ক্লাসে ফিরতে চাই। শিক্ষামন্ত্রীর আশ্বাসের প্রতি অবিশ্বাস নেই। তবে যত দ্রুত আশ্বাসগুলোর বাস্তবায়ন হবে, ততই তা সবার জন্য মঙ্গলজনক।’শিক্ষক-শিক্ষার্থীরা এ মুহূর্তে বুয়েটের উপাচার্যকে বহাল রেখেই শ্রেণীকক্ষে ফেরার আশ্বাস দিয়েছেন। কিন্তু শিক্ষক-শিক্ষার্থীদের কাছে দেওয়া তিনটি আশ্বাসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে গিয়েও শিক্ষা মন্ত্রণালয় ঝামেলায় পড়েছে। কারণ, সরকার-সমর্থক ছাত্রসংগঠন ও শিক্ষকদের একাংশ বেঁকে বসেছে।গতকাল শিক্ষামন্ত্রী বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামানের নেতৃত্বে বুয়েটের ছাত্রলীগ নেতা-কর্মীরা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে অনৈতিক দাবি না মানার জন্য মন্ত্রীকে ছাত্রলীগের নেতারা অনুরোধ করেন বলে জানা গেছে।তবে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেছেন, ‘আমি ছাত্রলীগকে বলেছি, সবাই মিলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করো। কোনো শিক্ষার্থী যেন নিরাপত্তাহীনতায় না থাকে। আর উপাচার্যকে বলেছি, স্বাভাবিক শিক্ষার কার্যক্রম শুরু করুন।’নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র ও শিক্ষক জানিয়েছেন, শুরু থেকেই শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা তাঁদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। উপাচার্যকে পদে রেখে আন্দোলন স্থগিত করার বিষয়টি আন্দোলনকারীদের অনেকেই এখন পর্যন্ত মেনে নিচ্ছেন না। তার ওপর সহ-উপাচার্যকে অপসারণ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ অন্যান্য দাবি পূরণ না হলে আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।এদিকে শাহবাগ থানায় দায়ের হওয়া মামলা প্রত্যাহার প্রসঙ্গে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, চূড়ান্ত প্রতিবেদন তৈরি হয়েছে। আজ রোববার এটি আদালতে পেশ করা হবে।শিক্ষাসচিব জানান, বাদী আবেদন করার পর মামলা প্রত্যাহার আনুষ্ঠানিকতার বিষয়। আর গত বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে সহ-উপাচার্যকে প্রত্যাহারের ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে, সেখান থেকে এটি বঙ্গভবনে যাবে।তবে বুয়েট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন কর্মকর্তাদের পরিবর্তনের বিষয়ে এখনো উদ্যোগ নেওয়া হয়নি। এসব কর্মকর্তা ও শিক্ষক সরকারের আস্থাভাজন এবং উপাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সহ-উপাচার্যসহ সরকার-সমর্থক বলে পরিচিতদের এভাবে সরিয়ে দেওয়ার বিষয়টি অনেকেই মেনে নিতে পারছে না।বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, আশ্বাসগুলোর বাস্তবায়ন হলে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র-শিক্ষকেরা স্বল্প সময়ের নোটিশে ক্লাসে যোগ দেবেন।বুয়েট-সংকট প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বুয়েট-পরিস্থিতি এখন দুই পক্ষের মান-সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এখনো সরকারকে মূল ভূমিকা পালন করতে হবে। উপাচার্যকে বহাল রেখে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চেয়েছেন। সরকারের উচিত এই সুযোগ গ্রহণ করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।