সরকার আসে-যায়, দুর্নীতি কমে না
স্পিকার আবদুল হামিদ বলেছেন, সব সরকারের আমলে দেশের প্রতিটি সেক্টরে ঘুষ-দুর্নীতি হয়েছে। সরকার আসে, সরকার যায়—দুর্নীতি কমে না। তিনি বলেন, দেশে এক বছরে যে পরিমাণ দুর্নীতি হয়, তা দিয়ে প্রতিবছর একটি করে পদ্মা সেতু নির্মাণ করা যেত।আজ বুধবার কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত্ ও মতবিনিময় সভায় স্পিকার এসব কথা বলেন।জাতীয় সংসদের স্পিকার আহ্বান জানিয়ে বলেন, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে আইনজীবীদের সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি আরও বলেন, সমাজে যারা সততার সঙ্গে চলে, তাদের আর্থিক অবস্থা ভালো হতে পারে না। সততার সঙ্গে ব্যবসা-বাণিজ্য কিংবা অন্য পেশা করে সচ্ছল থাকা যায়। শত কোটি বা হাজার কোটি টাকার মালিক হওয়া যায় না। স্পিকার দাবি করেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে ঘুষ-দুর্নীতি পরিহার করে চলেছি। তাই ক্ষমতা, অর্থ না থাকলেও সম্মানটুকু রয়েছে। সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই। তিনি ভালোই রেখেছেন।’ আবদুল হামিদ আরও বলেন, ‘হাওর থেকে আটবার সাংসদ নির্বাচিত হয়েছি। হাওরের মানুষ আমাকে অনেক দিয়েছে। কিন্তু হাওরের জন্য উল্লেখযোগ্য উন্নয়ন করতে পারিনি।’ তিনি বলেন, ‘হাওরের বিষয়ে বর্তমান সরকারের মনোযোগ রয়েছে। চার মাস পরে বর্ষা। তখন কাজ করা যাবে না। তাই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে হাওরের উন্নয়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’সমিতির সভাপতি আইনজীবী শাহ আজিজুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী শহীদুল ইসলাম।