সরকার আয় বেশি করলেও সেই অনুযায়ী ব্যয় করতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেটের অগ্রগতি প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে উপস্থাপন করতে শুরু করেছেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে আজ মঙ্গলবার রাত সোয়া আটটায় অর্থমন্ত্রী এই প্রতিবেদন সংসদে উপস্থাপন শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের সাংসদেরা সংসদে উপস্থিত ছিলেন। কিন্তু বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন না।অর্থমন্ত্রীর অগ্রগতি প্রতিবেদনে দেখা যায়, গত ছয় মাসে সরকার আয় বেশি করলেও সেই অনুযায়ী ব্যয় করতে পারেনি। এতে সরকারের হাতে ৯৪৬ কোটি টাকা উদ্বৃত্ত রয়েছে। গত ছয় মাসে সরকারের রাজস্ব আদায় ও ব্যয়ের উপাত্তে এই তথ্য প্রকাশ পেয়েছে।অর্থমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদে চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেটের প্রথম ছয় মাসের এই অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করছেন। উল্লেখ্য, গত অর্থবছরের একই সময়ে বাজেট ঘাটতি হয়েছিল ছয় হাজার ১২৯ কোটি টাকা।অর্থমন্ত্রী সংসদকে জানান, চলতি অর্থবছরের বাজেট-ব্যয় সার্বিকভাবে তিন হাজার ২৯৬ কোটি টাকা হ্রাস পেতে পারে।চলতি অর্থবছরের বাজেট অধিবেশনে গত জুলাই মাসে ‘সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন-২০০৯’ জাতীয় সংসদে পাস হয়। এই আইনের ১৫(২) ধারায় অর্থমন্ত্রীকে বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় ও ব্যয়ের গতিধারা ত্রৈমাসিকভিত্তিক পর্যালোচনা করে তা সংসদে প্রতিবেদন উপস্থাপনের বিধান রয়েছে। একই আইনের ১২(১) ধারায় অর্থমন্ত্রীকে মার্চ মাসে একাটি সংশোধিত বাজেটও উপস্থাপনের কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী আজ এই আইনের শর্তের মধ্যে জাতীয় সংসদে বাজেটের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। উল্লেখ্য, গত বছরের ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করেন।অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক অর্থাত্ জুলাই-সেপ্টেম্বর ও ষাণ্মাসিক অর্থাত্ জুলাই-ডিসেম্বরভিত্তিক বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয়ব্যয়ের গতিধারা এবং অর্থনৈতিক বিশ্লেষণ জাতীয় সংসদে তুলে ধরেন। অর্থমন্ত্রী সংসদকে বলেন, ‘আমরা প্রথমে ত্রৈমাসিক তথ্যের ওপর ভিত্তি করে যখন একটি প্রতিবেদন তৈরি করি, তখন কোনো সংসদ অধিবেশন ছিল না বলে তত্ক্ষণাত্ সেই প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করা সম্ভব হয়নি।’ তাই প্রথম প্রান্তিক এবং ষাণ্মাসিক প্রতিবেদন বর্তমান অধিবেশনে উপস্থাপন করা হলো।